দু’দলের মনোভাব একেবারে আলাদা। দক্ষিণ আফ্রিকা চাইবে সিরিজ সমতা ফেরাতে, আর ভারতের টার্গেট রোহিত–বিরাটের ছন্দে ভর করে সিরিজ জিতে নেওয়া!
.jpeg.webp)
রোহিত শর্মা
শেষ আপডেট: 3 December 2025 13:06
দ্য ওয়াল ব্যুরো: রায়পুরে দ্বিতীয় ওয়ানডের আগে আলোচনার কেন্দ্রে রোহিত শর্মা (Rohit Sharma)। বুধবারই ভারতীয় দলের অভিজ্ঞ ওপেনার ঢুকে যাবেন ‘এলিট ক্লাবে’? আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের মাইলস্টোন থেকে তিনি মাত্র ৪১ রান দূরে। ফর্মও দুর্দান্ত। রাঁচিতে ফিরে এসেই হাফ-সেঞ্চুরি, তার উপর ওয়ানডে-তে সর্বাধিক ছক্কার রেকর্ড ভাঙা—সব মিলিয়ে আজই ইতিহাস লেখা খুব সম্ভব।
আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ১৩ জন ব্যাটার ২০ হাজার রানের ক্লাবে রয়েছেন। রোহিত হবেন ১৪তম। তিন ফরম্যাট মিলে দীর্ঘ কেরিয়ারে বারবার নিজেকে নতুন করে প্রতিষ্ঠা করেছেন। বয়স বাড়লেও রিদম, টাইমিং আর ছক্কার ক্ষমতা কমেনি—রাঁচির ম্যাচ-ই তার প্রমাণ।
আজকের খেলায় নজর থাকবে ঋষভ পন্থের (Rishabh Pant) দিকেও। রাঁচিতে তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি। কিপিং করেছে কেএল রাহুল (KL Rahul)। ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) পাঁচ নম্বরে তুলে আনার এক্সপেরিমেন্ট ব্যর্থ হওয়ায় আজ পরিবর্তন হতে পারে। মিডল অর্ডার এখনও পুরোপুরি পোক্ত নয়—রোহিত-বিরাট (Virat Kohli) ছাড়া কারও তেমন রান নেই। সেই জায়গাটা পূরণ করতে পন্থ কার্যকরী হতে পারেন। শেষবার তিনি ওয়ানডে খেলেছেন ২০২৪-এর অগস্টে শ্রীলঙ্কায়। ৩১ ওয়ানডেতে রান ৮৭১, গড়ে ৩৩.৫০—একটা সেঞ্চুরি, পাঁচটি ফিফটি। অভিজ্ঞতা এবং ম্যাচ-ফিনিশিং ক্ষমতা দুটোই রয়েছে ঋষভের।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা (South Africa) আজ কিছু বদল আনতে চলেছে। প্রথম ম্যাচে টেম্বা বাভুমা (Temba Bavuma) আর কেশব মহারাজ (Keshav Maharaj)–দু’জনকেই বিশ্রাম দেওয়া হয়েছিল। আজ তাঁরা ফিরবেন বলেই ধারণা। অভিজ্ঞতার দিক থেকে প্রোটিয়াদের শক্তিশালী দেখাচ্ছে।
রায়পুরের পিচ নিয়ে আপাতত খুব বেশি ডেটা নেই। আন্তর্জাতিক ম্যাচ কম হয়েছে। ২০২৩-এ এখানে নিউজিল্যান্ড ১০৮-এ গুটিয়ে গিয়েছিল। তবে সেটা সকালবেলার ভয়ানক সুইংয়ের কারণে। এবার শীতের সময়, ডে-নাইট ম্যাচ, ফলে ব্যাটিং-বান্ধব পিচ হওয়ার সম্ভাবনা।
ভারতের ক্ষেত্রে আজও চেনা কোর গ্রুপই মাঠে নামবে বলেই মনে হচ্ছে। হর্ষিত রানা ও কুলদীপ যাদবের বোলিংয়ে আত্মবিশ্বাস বাড়লেও আজকের আবহাওয়া, শিশির, পিচ—সব মিলিয়ে বোলারদের পরীক্ষা বড়ই কঠিন হওয়া স্বাভাবিক। সারকথা—রায়পুরে আবহাওয়া অনুকূল, পিচ ব্যাটিং-সহায়ক হওয়ার সম্ভাবনা প্রবল। যদিও দু’দলের মনোভাব একেবারে আলাদা। দক্ষিণ আফ্রিকা চাইবে সিরিজ সমতা ফেরাতে, আর ভারতের টার্গেট রোহিত–বিরাটের ছন্দে ভর করে সিরিজ জিতে নেওয়া!