আজ মিচেল-ফিলিপসের ইনিংস শুধু রানের নিরিখে নয়, মানসিক দিক থেকেও ভারতকে ভেঙে দিয়েছে। সিরিজের ফাইনালে তাই চালকের আসনে নিউজিল্যান্ড।
.jpeg.webp)
গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 18 January 2026 17:49
দ্য ওয়াল ব্যুরো: সিরিজ নির্ধারণী ম্যাচ। শুরুটা ভারতের (India) অনুকূল বলেই মনে হচ্ছিল। কিন্তু মাঝের ওভারে ছবিটা পুরো পাল্টে দিলেন নিউজিল্যান্ডের (New Zealand) দুই ব্যাটার—ড্যারিল মিচেল (Daryl Mitchell) ও গ্লেন ফিলিপস (Glenn Phillips)। ইন্দোরে (Indore) তৃতীয় ওয়ানডেতে জোড়া সেঞ্চুরিতে ভর করে শুভমান বাহিনীকে কার্যত ম্যাচের বাইরে ঠেলে দিল কিউইরা।
মিচেলের দাপট
নিউজিল্যান্ডের ইনিংসের ভিতটা আবারও গড়ে দিলেন মিচেল (Daryl Mitchell)। ঝড় থামছেই না। সিরিজে পরপর দ্বিতীয় সেঞ্চুরি, ভারতের বিরুদ্ধে চতুর্থ—সংখ্যাগুলোই বলে দিচ্ছে, এই ফরম্যাটে তিনি কতটা নির্ভরযোগ্য। শুরুটা অবশ্য ইতিবাচক ছিল না। ডেভন কনওয়ে (Devon Conway) ও হেনরি নিকোলস (Henry Nicholls) দ্রুত ফিরে যাওয়ায় নিউজিল্যান্ডের স্কোরবোর্ড বলছিল ৫/২।
ঠিক তখনই দায়িত্ব হাতে তুলে নেন মিচেল। ব্যাটিংয়ে কোনও তাড়াহুড়ো নয়। স্ট্রাইক রোটেশন, খারাপ বল বাছাই করে প্রহার—সব মিলিয়ে টেক্সটবুক ইনিংস। কুলদীপ যাদবের (Kuldeep Yadav) শেষ বলে বাউন্ডারি মেরে হাফ-সেঞ্চুরি, ধীরে ধীরে গতি বাড়ানো। শতরান এল ১০৭ বলে। এই ইনিংস তাঁকে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বিরাট কোহলির (Virat Kohli) একেবারে ঘাড়ের কাছে টেনে নিয়ে গেল।
ফিলিপসের ধৈর্যের পাঠ, তারপর গিয়ার বদল
ইনিংসের মোড় ঘোরালেন গ্লেন ফিলিপস (Glenn Phillips)। পাঁচ নম্বরে নেমে শুরুটা ছিল মন্থর। প্রথম ৩৫ বলে মাত্র ২১ রান। কিন্তু সেটাই আদত পরিকল্পনার অংশ। উইকেট বাঁচিয়ে রেখে বড় ইনিংসের অপেক্ষা। মাঝখানে ছোট বিরতির পর সুইচ অন করলেন ফিলিপস। শুরু হল আক্রমণ। পেস হোক বা স্পিন—কোনও কিছুতেই ছাড় নেই। ৮৩ বলে শতরান। অথচ কিছুক্ষণ আগেও তাঁকে মনে হচ্ছিল স্রেফ সাপোর্টিং ব্যাটার! মিচেলের সঙ্গে ২১৯ রানের জুটি নিয়ন্ত্রণ পুরোপুরি নিউজিল্যান্ডের হাতে তুলে দেয়।
ভারতের ব্যর্থতা, মাঝের ওভারে ছন্দপতন
ভারতের (India) বোলিংয়ে শুরুতে আগ্রাসন থাকলেও মিডল ওভারে কোনও পরিকল্পনার ছাপ দেখতে পাওয়া গেল না। আকছার ফুলটস ছাড়লেন হর্ষিত রানা (Harshit Rana) আর নির্মোহভাবে শাস্তি দিলেন ফিলিপস। সব মিলিয়ে চাপ তৈরি হলেও উইকেট এল না। অর্শদীপ আশা জাগালেও ধীরে ধীরে ম্যাচ থেকে হারিয়ে গেলেন। যার সুবাদে ৩৩৭ রান তুলে ৩৩৮ রানের পাহাড়প্রমাণ টার্গেট দাঁড় করাল কিউয়িরা।
আজ মিচেল-ফিলিপসের ইনিংস শুধু রানের নিরিখে নয়, মানসিক দিক থেকেও ভারতকে ভেঙে দিয়েছে। সিরিজের ফাইনালে তাই চালকের আসনে নিউজিল্যান্ড। অন্যদিকে ভারতের সামনে প্রশ্ন—এই মিডল ওভারের ধাঁধার সমাধান কবে হবে?