.jpg)
জল থই-থই গাব্বার মাঠে
শেষ আপডেট: 14 December 2024 07:48
দ্য ওয়াল ব্যুরো : গাব্বা টেস্টের শুরুটা একেবারেই আশানুরূপ করতে পারল না ভারতীয় ক্রিকেট দল। আকাশে মেঘ এবং উইকেটে ঘাস দেখে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু, দিনের প্রথম সেশনে তাঁর এই পরিকল্পনা একেবারেই কাজে এল না। প্রথম দিনের লাঞ্চ ব্রেক পর্যন্ত অস্ট্রেলিয়া বিনা উইকেটে ২৮ রান করেছে। উইকেটে রয়েছেন উসমান খোওয়াজা (১৯) এবং নাথান ম্যাকসুইনি (৪)।
তবে এখানে আরও একটা বিষয় উল্লেখ করা দরকার যে প্রথম সেশনের সিংহভাগই বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছে। প্রথমে পাঁচ ওভার শেষ হতে না হতেই একপশলা বৃষ্টি হয়ে যায়। তখন অবশ্য খুব বেশিক্ষণ খেলা বন্ধ রাখতে হয়নি। আধঘণ্টার মধ্যেই ফের খেলা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু, ১৪ ওভারের শুরুতেই ফের ঝেঁপে বৃষ্টি নামে। এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। শেষপর্যন্ত ভারতীয় সময় অনুসারে সকাল ৭টা ৫০ মিনিটে প্রথমদিনের লাঞ্চ ব্রেক ঘোষণা করা হয়েছে।
অ্যাকুওয়েদার থেকে ব্রিসবেনের লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়া গিয়েছে। সেখানে বলা হচ্ছে, ম্যাচের প্রথমদিনই সবথেকে বেশি বৃষ্টি হবে। শনিবার (১৪ ডিসেম্বর) আনুমানিক ৮৮ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র বৃষ্টিই নয়, সঙ্গে বজ্রবিদ্যুতের আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতিতে আদৌ কত ওভার খেলার সম্ভাবনা রয়েছে, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
তবে পরবর্তী চারদিন বৃষ্টি কিছুটা হলেও কমবে বলে জানা গিয়েছে। তবে দ্বিতীয়দিন সকালেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেকারণে প্রথম সেশনের খেলা কিছুটা হলেও বিঘ্নিত হতে পারে। ম্যাচের তৃতীয় এবং পঞ্চমদিন বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বললেই চলে। তবে চতুর্থদিন বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে ভারতীয় ক্রিকেট দলকে বাকি তিনটে ম্যাচেই জয়লাভ করতে হবে। তবে যে দল ব্রিসবেন টেস্টে জয়লাভ করবে, সিরিজের বাকি দুটো ম্যাচে তারা অবশ্যই অ্যাডভান্টেজ পাবে। পাঁচ ম্যাচের এই সিরিজ আপাতত ১-১ ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে। তৃতীয় টেস্টে টিম ইন্ডিয়া কেমন পারফরম্যান্স করে, সেদিকেই আপাতত সকলের নজর।