রিপোর্ট অনুসারে, এই তদন্তটি অনলাইন বেটিং প্ল্যাটফর্ম 1xBet-এর সঙ্গে সম্পর্কিত। এই অ্যাপের বিজ্ঞাপনী প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন শিখর।

শিখর ধাওয়ান
শেষ আপডেট: 4 September 2025 12:17
দ্য ওয়াল ব্যুরো: এবার অবৈধ বেটিং অ্যাপ (Illegal betting app) মামলায় জড়িয়ে পড়লেন ভারতের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। জানা গিয়েছে, এই বাঁহাতি ব্যাটারকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব (ED summoned) করেছে। বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে সম্পর্কিত একটি মামলায় ধাওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
রিপোর্ট অনুসারে, এই তদন্তটি অনলাইন বেটিং প্ল্যাটফর্ম 1xBet-এর সঙ্গে সম্পর্কিত। এই অ্যাপের বিজ্ঞাপনী প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন শিখর। সোশ্যাল মিডিয়ায় তিনি এই অ্যাপের প্রচার করেছেন। ইডি শিখর ধাওয়ানকে এই বিষয়ে তাঁর ভূমিকা স্পষ্ট করার জন্য তদন্তে যোগ দিতে বলেছে। সম্প্রতি, টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না এবং হরভজন সিংকেও ইডি জিজ্ঞাসাবাদ করেছিল।
গত বছর থেকেই অনলাইন অবৈধ বেটিং অ্যাপ নিয়ে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে ইডি। ইতিমধ্যেই বলিউড এবং দক্ষিণী চলচ্চিত্র জগতের বেশ কিছু অভিনেতা-অভিনেত্রী এবং কয়েকজন ক্রিকেটারকে তদন্তের আওতায় আনা হয়েছে। এই তালিকায় রয়েছেন, বিজয় দেবেরকোন্ডা, রানা দাগ্গুবাতি, প্রকাশ রাজ, হরভজন সিং, উর্বশী রাউতেলা এবং সুরেশ রায়নার মতো তারকারা। এবার শিখর ধাওয়ানের নামও এতে যুক্ত হল।
সম্প্রতি, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না এবং হরভজন সিং ইডির সামনে তাঁদের বক্তব্য রেকর্ড করেছেন। ইডির অভিযোগ, অগস্টে গ্রেফতার হওয়া কর্নাটকের কংগ্রেস বিধায়ক কেসি বীরেন্দ্র পরিচালিত অনলাইন বেটিং সাইটগুলি খুব অল্প সময়ের মধ্যেই ২,০০০ কোটি টাকারও বেশি আয় করেছে।
ইডি সেই সঙ্গে দাবি করেছে, অবৈধ অনলাইন জুয়ার মাধ্যমে লোকেদের প্রতারণার মামলার প্রধান অভিযুক্ত বীরেন্দ্র এবং দুবাইয়ে তাঁর সহযোগীরা বিভিন্ন গেটওয়ে এবং ফিনটেক পরিষেবা প্রদানকারীদের ব্যবহার করে তহবিল সংগ্রহ এবং তাঁদের অবৈধ কার্যকলাপকে প্রকৃত ই-কমার্স ব্যবসার ছদ্মবেশে বেশ কয়েকটি গেমিং ওয়েবসাইট পরিচালনা করছিলেন।
ইডি অগস্ট মাসে সিকিম থেকে কর্নাটকের চিত্রদুর্গের বিধায়ক কেসি বীরেন্দ্রকে গ্রেফতার করে, যেখানে তিনি একটি ক্যাসিনো ভাড়া নিতে গিয়েছিলেন। তিনি বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারও সম্প্রতি একটি নতুন আইনের মাধ্যমে অনলাইন গেমিং নিষিদ্ধ করেছে। যার ফলে ড্রিম ইলেভেনও এখন আর টিম ইন্ডিয়ার জার্সি স্পনসর নয়।