কিন্তু খেলাকে সম্মান করা আমার এবং তার দায়িত্ব। সে নিজেই এটা শুরু করেছিল। যদি কেউ আমাকে উত্তেজিত করে বা উস্কানি দেয়, আমি চুপ করে বসে থাকাদের মধ্যে নই।

নীতীশ রানা
শেষ আপডেট: 31 August 2025 19:10
দ্য ওয়াল ব্যুরো: দিগ্বেশ রাঠি (Digvesh Rathi) মানেই বিতর্ক। শেষ আইপিএলে খারাপ আচরণের জন্য বেশ কয়েকবার শাস্তির কবলে পড়েছেন, কিন্তু তাঁর মধ্যে কোনও পরিবর্তন এখনও ধরা পড়েনি। শনিবারও তিনি বিতর্কে জড়িয়ে পড়েছিলেন নীতীশ রানার (Nitish Rana) সঙ্গে। যার জন্য তাঁর জরিমানা ও শাস্তি, উভয়ই হয়েছে।
দিল্লি প্রিমিয়ার লিগ (DPL) ২০২৫-এর উত্তেজনা এখন তুঙ্গে। এলিমিনেটর ম্যাচে ওয়েস্ট দিল্লি লায়ন্সের অধিনায়ক নীতিশ রানা এবং সাউথ দিল্লি সুপারস্টারসের স্পিনার দিগ্বেশ রাঠির মধ্যে উত্তপ্ত তর্ক-বিতর্ক এবং ঝগড়ায় উত্তেজনা আরও বেড়ে গিয়েছে। শনিবার ম্যাচ চলাকালীন বিষয়টি এতটাই জটিল হয়ে ওঠে যে, আম্পায়ার এবং খেলোয়াড়দের হস্তক্ষেপ করতে হয়। রানা ও দিগ্বেশ উভয়কেই জরিমানাও করা হয়।
এই ঘটনার পর রানা তাঁর সন্তানের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যা নিমেষে ভাইরাল হয়েছে। পোস্টে তিনি দিগ্বেশ রাঠিকে চুপ থাকার জন্য ইঙ্গিত করেছেন। পোস্টটিতে এই মিডল-অর্ডার ব্যাটারকে দেখা যাচ্ছে সন্তানকে কোলে ধরে রেখেছেন আর শিশুটির আঙুল রয়েছে তাঁর ঠোঁটে। দেখে মনে হচ্ছে, 'চুপ থাকার' ইঙ্গিত করতে চেয়েছেন নীতীশ।
ভাইরাল এই পোস্টটি দেখে সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া আসছে। অনেক আইপিএল তারকাও মন্তব্য করে মজার প্রতিক্রিয়াও জানিয়েছেন। ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্ট, যিনি কেকেআরে রানার সতীর্থ ছিলেন, হাসির ইমোজি-সহ লিখেছেন, "রানা জি"। বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সদস্য ইংল্যান্ডের ওপেনার সল্ট। তিনি লিখেছেন, "এজন্যই আমি তোমাকে সবসময় বাদশা বলে ডাকি।" রানার বর্তমান আইপিএল দল রাজস্থান রয়্যালসও মন্তব্য করেছে। রাজস্থান লিখেছে, 'বিশেষ'। পাশাপাশি ফাস্ট বোলার হর্ষিত রানা লিখেছেন, “আমি এটাই চেয়েছিলাম।”
শনিবারের ঘটনা নিয়ে ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে দিগ্বেশ রাঠির উপর ক্ষোভ প্রকাশ করেন নীতিশ রানা। তিনি বলেন, "এটা ঠিক বা ভুলের বিষয় নয়। রাঠি তার দলের জন্য ম্যাচ জিততে চেয়েছিল আর আমি আমার দলের জন্য জিততে চেয়েছিলাম। কিন্তু খেলাকে সম্মান করা আমার এবং তার দায়িত্ব। সে নিজেই এটা শুরু করেছিল। যদি কেউ আমাকে উত্তেজিত করে বা উস্কানি দেয়, আমি চুপ করে বসে থাকাদের মধ্যে নই। আমি সবসময় এই স্টাইলে ক্রিকেট খেলেছি। যদি কেউ মনে করে, সে আমাকে উত্তেজিত করে আউট করবে, তাহলে আমি ছক্কা মেরে জবাব দিতেও জানি। যা ঘটেছে তা তারই একটি উদাহরণ।"