আমি বাস্তবিকই বুঝতে পারছি না। আমি আগারকরকে প্রশ্ন করতে চাই, যদি শ্রেয়স এতই ভাল ক্রিকেটার হয় তবে, রিজার্ভেও কেন নেই?

নায়ার, শ্রেয়স ও আগারকর
শেষ আপডেট: 19 August 2025 18:50
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের (Asia Cup) জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে অজিত আগারকরের নেতৃত্বধীন (Ajit Agarkar) নির্বাচক কমিটি। সেই দলে সুযোগ হয়নি শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। আর এরপরই অনেক প্রাক্তন ক্রিকেটার প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন, আর কতটা পথ হাঁটলে সুযোগ মিলবে শ্রেয়সের।
গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে চ্যাম্পিয়ন করার পিছনে বড় ভূমিকা ছিল শ্রেয়সের। শেষ ওডিআই বিশ্বকাপে টিম ইন্ডিয়ার রানার্স হওয়ার পিছনেও মুম্বইয়ের এই ব্যাটারের ভূমিকা ছিল অনস্বীকার্য। ২০২৪ সালে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল শ্রেয়সের অধিনায়কত্বে। এরপর ২০২৫ আইপিএলেও পাঞ্জাব কিংস ফাইনালে ওঠে শ্রেয়সের অধিনায়কত্বে। শুধু অধিনায়ক হিসাবেই নন, ব্যাটার শ্রেয়সের গত দুই মরশুমের আইপিএল পরিসংখ্যানও নজরকাড়া।
২০২৫ আইপিএলে রান সংগ্রহের তালিকায় ষষ্ঠ স্থানে ছিলেন শ্রেয়স। গত মরশুমে স্বপ্নের ফর্মে ছিলেন পাঞ্জাব অধিনায়ক। আইপিএল কেরিয়ারে তিনি এক মরশুমে সর্বোচ্চ রানের দেখা পেয়েছেন ২০২৪ সালেই। ১৭ ম্যাচে ৫০.৩৩ গড়ে করেছেন ৬০৪ রান। স্ট্রাইকরেট ছিল ১৭৫.০৭। টি-টোয়েন্টি ক্রিকেটে যা যথেষ্ট ঈর্ষণীয়। তবুও সুযোগ মিলছে না জাতীয় দলে।
এর আগে ইংল্যান্ড সফরেও তাঁর জায়গা হয়নি। এমনকি নির্বাচকরা তাঁকে ইন্ডিয়া ‘এ’ দলের জন্যও ভাবেননি। এবার আশা করা গিয়েছিল, এশিয়া কাপের দলে শ্রেয়স হয়তো সুযোগ পাবেন। কিন্তু এবারও ব্রাত্য থেকে গেলেন এই মিডল-অর্ডার ব্যাটার।
টিম ইন্ডিয়ার প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar) শ্রেয়স এশিয়া কাপের দলে সুযোগ না পাওয়ায় সরাসরি প্রশ্ন করেছেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকরকে। অভিষেকের দাবি রিজার্ভ স্কোয়াডেও তো রাখা যেতে পারত শ্রেয়সকে।
৩০ বছর বয়সি শ্রেয়স আয়ার ২০২৩ সালের ডিসেম্বর থেকেই টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি স্কোয়াডে ব্রাত্য। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেবারই জাতীয় দলের জার্সিতে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে অর্ধ-শতক হাঁকিয়েছিলেন তিনি। তারপর থেকে অজানা কারণে আর দলে সুযোগ পাননি। নির্বাচক প্রধান আগারকর মঙ্গলবার বলেছেন, আয়ার কোনও ভুল করেনি। তবে টি-টোয়েন্টি সেট-আপে ফিরতে তাঁকে আরও অপেক্ষা করতে হবে।
নির্বাচক প্রধানের এই মন্তব্যের পর অভিষেক নায়ার বলেছেন, আয়ার যদি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়েই থাকেন, তবে তাঁকে কেন রিজার্ভ স্কোয়াডে রাখা হল না। ইংল্যান্ড সফরের ঠিক আগে টিম ইন্ডিয়া শিবির থেকে ছেঁটে ফেলা হয় সহকারী কোচ নায়ারকে। তিনি আবার ফিরে গিয়েছেন তাঁর পুরনো ঠিকানা কেকেআর শিবিরে। তিনি সরাসরি আগারকরের দিকে আঙুল তুলে স্টার স্পোর্টসকে বলেছেন, “আমি বাস্তবিকই বুঝতে পারছি না। আমি আগারকরকে প্রশ্ন করতে চাই, যদি শ্রেয়স এতই ভাল ক্রিকেটার হয় তবে, রিজার্ভেও কেন নেই? মাঝে মধ্যে আমার মনে হয়, নির্বাচনী সভাগুলি খুবই আকর্ষণীয়। নির্বাচনী সভায় যে আলোচনাগুলি হয় সেগুলিও খুব আকর্ষণীয়।”