আজ, বুধবার, প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি হলেও আসল নজর রবিবারের হাইভোল্টেজ ভারত–পাকিস্তান ম্যাচে। বুমরাহকে নামানো না–নামানো নিয়ে যতই কথা কাটাকাটি চলুক, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের বাইশ গজে তিনিই টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণের কেন্দ্রবিন্দু—সেটা নিয়ে কোনও সংশয় নেই।

জসপ্রীত বুমরাহ
শেষ আপডেট: 10 September 2025 15:14
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের (Asia Cup 2025) প্রথম ম্যাচেই খেলতে নামবেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)? এই চিন্তা মাথায় আসতেই চটে গেলেন প্রাক্তন অলরাউন্ডার অজয় জাদেজা (Ajay Jadeja)। তাঁর কথায়, ‘বুমরাহকে তো সাধারণত সুতির কাপড়ে মুড়ে যত্নে রাখা হয়। এখন সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধেও খেলাতে হবে? যুক্তি কোথায়? যদি রক্ষা করতে চাও, তবে এমন ম্যাচেই বিশ্রাম দেওয়া উচিত!’ রসিকতা আর গাম্ভীর্য মিশিয়ে আরও যোগ করেন, ‘কাল যদি বুমরাহ খেলেন, আমি কিন্তু ধর্নায় বসছি!’
প্রায় ১৪ মাস বাদে আন্তর্জাতিক টি-২০তে ফিরছেন বুমরাহ। গত বছর বার্বাডোজে (Barbados) বিশ্বকাপ ফাইনালের পর তাঁকে আর ছোট ফরম্যাটে দেখা যায়নি। বর্ডার–গাভাসকর ট্রফির পর অতিরিক্ত খাটুনির চাপে স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ে। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও মাঠে নামতে পারেননি। ইংল্যান্ড সফরে ‘অ্যান্ডারসন–তেন্ডুলকর ট্রফি’-র সময়ও কড়াকড়ি। পুরো সিরিজে মাত্র তিনটি টেস্ট খেলেছেন। তাই দুবাইয়ে বুধবারের ম্যাচটা তাঁর কাছে কামব্যাকের মঞ্চ। আর এখানেই জমে উঠেছে বিতর্ক।
প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানও (Irfan Pathan) জাদেজার বক্তব্যে সায় দিয়েছেন। তবে তাঁর মত খানিকটা আলাদা। বলেছেন, ‘বুমরাহকে রক্ষা করতে হবে, সেটা ঠিক। কিন্তু যদি কোনও সিরিজে নামে, তবে পুরোটা খেলতে হবে। খেলতে এসে বিশ্রামের নাম করে এক–দু’টো ম্যাচ বাদ দেওয়ার মানে নেই। তুমি এসেছ মাঠে নামতে, সুস্থ হতে নয়!’
পাঠান আরও যুক্তি, একবার গতি পেলে সেটা ধরে রাখা জরুরি। নইলে ছন্দ নষ্ট হয়ে যায়। তাঁর মতে, বোলিং আক্রমণ সাজানো যেতে পারে বুমরাহ, আর্শদীপ সিং (Arshdeep Singh), বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) আর অক্ষর পটেলকে (Axar Patel) নিয়ে। তারপর ৭–৮ নম্বরে অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) আর শিবম দুবে (Shivam Dube)। পাঠানের সাফ কথা, ‘আমাদের আট নম্বর পর্যন্ত ব্যাটিং গভীরতা চাই। সেক্ষেত্রে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) হয়তো জায়গা জুটবে না!’
আজ, বুধবার, প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি হলেও আসল নজর রবিবারের হাইভোল্টেজ ভারত–পাকিস্তান ম্যাচে। বুমরাহকে নামানো না–নামানো নিয়ে যতই কথা কাটাকাটি চলুক, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের বাইশ গজে তিনিই টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণের কেন্দ্রবিন্দু—সেটা নিয়ে কোনও সংশয় নেই।