মেডিক্যাল ও স্পোর্টস সায়েন্স টিমের তত্ত্বাবধানে ধাপে ধাপে ‘রিটার্ন–টু–প্লে’ প্রোটোকল শেষ করেন সুন্দর। প্রায় এক সপ্তাহ ধরে কোনও অস্বস্তি ছাড়াই ব্যাটিং ও বোলিং করেছেন—সবুজ সঙ্কেত মিলতেই তাঁকে বিশ্বকাপ স্কোয়াডে ফেরানো হচ্ছে।

ওয়াশিংটন সুন্দর
শেষ আপডেট: 8 February 2026 12:31
দ্য ওয়াল ব্যুরো: উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রের (USA) বিরুদ্ধে অস্বস্তি মুছে শেষ পর্যন্ত জয়—তারপরেই স্বস্তির খবর ভারতীয় শিবিরে। চোট কাটিয়ে জাতীয় দলে ফিরছেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। আইসিসি টি–২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) দ্বিতীয় ম্যাচের আগেই টিম ইন্ডিয়ার স্কোয়াডে যোগ দিচ্ছেন এই অলরাউন্ডার। নামিবিয়ার (Namibia) বিরুদ্ধে ম্যাচের আগে দিল্লিতে দেখা যাবে তাঁকে।
যুক্তরাষ্ট্র ম্যাচের পর স্বস্তির বার্তা
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতের শুরুটা ছিল রীতিমতো ভয়াবহ। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন দল এক সময় ১৩ ওভারে ৭৭/৬—ভয়ঙ্কর চাপে পড়ে যায়। শেষ পর্যন্ত অধিনায়কের অপরাজিত ৮৪ রানের ইনিংসে ভর করে ১৬১ রান। জবাবে আমেরিকাকে ১৩২/৮-এ আটকে রাখেন সিরাজ-অক্ষররা।
এই ম্যাচে অনুপস্থিত ছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), পুরোপুরি ফিট না হয়েও খেলতে হয়েছিল অভিষেক শর্মাকে (Abhishek Sharma)। সেই প্রেক্ষিতেই ওয়াশিংটন সুন্দরের কামব্যাক ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে স্বস্তির খবর। ম্যাচের পর অধিনায়ক সূর্যকুমার স্পষ্ট বলে দেন, ‘ওয়াশিংটন পুরোপুরি ফিট। নামিবিয়ার ম্যাচের আগে দিল্লিতে দলের সঙ্গে যোগ দেবে।’
কী হয়েছিল সুন্দরের?
নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ওয়ানডে সিরিজ চলাকালীন সাইড স্ট্রেন এবং পাঁজরের পেশিতে চোট পান ওয়াশিংটন সুন্দর। সেই কারণে বিশ্বকাপের আগে পাঁচ ম্যাচের টি–২০ সিরিজ থেকেই ছিটকে যান। এরপর বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে (BCCI Centre of Excellence) শুরু হয় দীর্ঘ রিহ্যাব প্রক্রিয়া। মেডিক্যাল ও স্পোর্টস সায়েন্স টিমের তত্ত্বাবধানে ধাপে ধাপে ‘রিটার্ন–টু–প্লে’ প্রোটোকল শেষ করেন সুন্দর। প্রায় এক সপ্তাহ ধরে কোনও অস্বস্তি ছাড়াই ব্যাটিং ও বোলিং করেছেন—সবুজ সঙ্কেত মিলতেই তাঁকে বিশ্বকাপ স্কোয়াডে ফেরানো হচ্ছে।
কাকে জায়গা ছাড়তে হতে পারে?
ওয়াশিংটন সুন্দরের প্রত্যাবর্তন যে দলে পরিবর্তন আনবে, তা নিশ্চিত। আগেই হাঁটুর চোটে ছিটকে গিয়েছেন হর্ষিত রানা (Harshit Rana)। বুমরাহও প্রথম ম্যাচে জ্বরের কারণে খেলতে পারেননি। এই পরিস্থিতিতে সুন্দরের ফেরা সবচেয়ে বেশি চাপে ফেলতে পারে রিঙ্কু সিংকে (Rinku Singh)। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১৪ বলে মাত্র ৬ রান। টাইমিং–সমস্যায় ভুগেছেন তিনি। হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) গত এক বছরে বারবারই এমন ক্রিকেটারের দিকে ঝুঁকেছেন, যিনি ব্যাট–বল দু’দিকেই নিয়মিত প্রভাব ফেলতে দড়। সেই দিক থেকে সুন্দর টিম কম্বিনেশনে বাড়তি ভারসাম্য এনে দেবেন, বিশেষ করে স্পিন বিভাগে।
ভারতের পরের লড়াই ১২ ফেব্রুয়ারি, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) নামিবিয়ার বিরুদ্ধে। তার আগে যুক্তরাষ্ট্র ম্যাচের ধাক্কা কাটিয়ে, ওয়াশিংটন সুন্দরের প্রত্যাবর্তনে অনেকটাই আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া।