ম্যাচ রেফারিকে সরিয়ে দিয়ে পাকিস্তান কিন্তু নিজের পায়েই কুড়ুল মেরেছে। যেকোনও ম্যাচ রেফারি পাকিস্তানি দলের উপর এই ক্ষোভ প্রকাশ করতে পারেন।

অ্যান্ডি পাইক্রফট
শেষ আপডেট: 17 September 2025 15:37
দ্য ওয়াল ব্যুরো: আজ সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ‘মাস্ট উইন’ ম্যাচে নামবে পাকিস্তান। এই ম্যাচে হার মানেই এশিয়া কাপ (Asia Cup) থেকে বিদায় মোটামুটি নিশ্চিত। তবে এই ম্যাচের আগে আইসিসির একটি সিদ্ধান্ত পাক শিবিরে বাড়তি অক্সিজেন জোগাতে পারে।
পাকিস্তান-আমিরশাহি ম্যাচে অ্যান্ডি পাইক্রফটের (Andy Pycroft) ম্যাচ রেফারির দায়িত্ব পালন করার কথা ছিল। ভারত-পাকিস্তান ম্যাচেও পাইক্রফট ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছিলেন। করমর্দনের বিতর্কের পর, পাকিস্তান এশিয়া কাপ থেকে তাঁকে অপসারণের দাবি জানায়। তাঁকে টুর্নামেন্ট থেকে অপসারণ করা হয়নি, তবে প্রতিবেদন অনুসারে তিনি পাকিস্তান-সংযুক্ত আরব আমিরশাহির ম্যাচে দায়িত্ব পালন করবেন না। পাশাপাশি জানা গিয়েছে, পাকিস্তানের কোনও ম্যাচেই তাঁকে অফিসিয়ালের দায়িত্বে রাখা হবে না (Removed from all Pakistan matches)।
পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাশাহি ম্যাচে রেফারি হিসাবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন (Richie Richardson)। পিসিবি সূত্র পিটিআইকে জানিয়েছে, একটি সমঝোতা হয়েছে। যার অধীনে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তানের সঙ্গে জড়িত ম্যাচে দায়িত্ব পালন করবেন না। তবে এটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
রবিবার ভারতের বিপক্ষে হাই-প্রোফাইল ম্যাচের পর পিসিবি এবং আইসিসির মধ্যে উত্তেজনাপূর্ণ অচলাবস্থার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানালে বিতর্ক চরমে ওঠে। পাকিস্তান এই ঘটনার জন্য কাঠগড়ায় তোলে সেদিনের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে। এরপরই তারা আইসিসিকে চিঠি পাঠিয়ে পাইক্রফটকে অপসারণের দাবি জানায়। পাকিস্তানের চিঠি পাঠানোর খবর স্বীকার করে নিয়ে প্রথমে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছিল, পাকিস্তানের আবেদন মানা হবে না।
আইসিসি আবেদন প্রত্যাখ্যান করায় আমিরশাহি ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনও বয়কট করে পাকিস্তান। এরপরই এল আইসিসির পাইক্রফটকে পাকিস্তান ম্যাচে না রাখার সিদ্ধান্ত।
তবে অ্যান্ডি পাইক্রফট পাকিস্তানের ম্যাচে না থাকলেও কিন্তু সমস্যা কম হবে না। কারণ রিচি রিচার্ডসন নিজেই একজন বড় নাম। পাইক্রফটের থেকে অনেক বড় মাপের ক্রিকেটার ছিলেন তিনি। পাইক্রফটের মতো রিচার্ডসনকে চাপ দেওয়া যাবে না। তাছাড়া, ম্যাচ রেফারিকে সরিয়ে দিয়ে পাকিস্তান কিন্তু নিজের পায়েই কুড়ুল মেরেছে। যেকোনও ম্যাচ রেফারি পাকিস্তানি দলের উপর এই ক্ষোভ প্রকাশ করতে পারেন। পাকিস্তান যদি প্রতিবাদ অব্যাহত রাখে, তাহলে তাদের ভাবমূর্তি আরও খারাপ হবে।