সমালোচনায় কান না দিয়ে ফারহান বরং দলের কৌশল নিয়ে ভাবছেন। প্রথমে উইকেট না ফেলে রান তোলা—এটাই এখন তাঁর কাছে প্রধান লক্ষ্য।

সাহিবজাদা ফারহান
শেষ আপডেট: 22 September 2025 15:47
দ্য ওয়াল ব্যুরো: ছক্কায় পৌঁছলেন অর্ধশতকে। ব্যাটটা তুলে ধরলেন, ঠিক যেন একে-৪৭ (AK-47)! গুলি ছোড়ার ভঙ্গিতে তাক করলেন সামনে। মুহূর্তেই হইচই গ্যালারিতে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়ল ভিডিও। তারপর বইল সমালোচনার ঝড়।
পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan) এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোরের লড়াইয়ে ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে হাফসেঞ্চুরি হাঁকালেও তাঁর ইনিংসের চেয়ে বেশি করে আলোচনায় সেই ‘বন্দুক-সেলিব্রেশন’!
এত বিতর্ক, এত সমালোচনা যাঁকে নিয়ে, সেই ফারহান কিন্তু এতটুকু অনুতপ্ত নন। বরং, সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে অকপট স্বীকারোক্তি—আবার সুযোগ এলে এমন সেলিব্রেশন করবেন। বলে দিলেন, ‘কে কী বলল, তাতে আমার কিছু আসে যায় না!’
গতকাল দল হারলেও ৪৫ বলে ৫৮ রান করেন ফারহান। পাকিস্তানকে শুরুতে ভরসা জোগান। শেষমেশ আউট হন শিবম দুবের (Shivam Dube) বলে। পাকিস্তান তোলে ১৭১। ম্যাচটা অবশ্য সহজেই ছিনিয়ে নেয় ভারত। কিন্তু হার–জিতের বাইরে আলোচনার কেন্দ্রবিন্দু সেই ফারহান।
সোমবার শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে পাকিস্তানের দ্বিতীয় সুপার ফোর ম্যাচের আগে তাঁকে সেই সেলিব্রেশন নিয়ে প্রশ্ন করা হয়। বিন্দুমাত্র ভড়কে না গিয়ে নির্দ্বিধায় উত্তর দেন, ‘আমি সাধারণত পঞ্চাশের পর কিছু করি না। কিন্তু হঠাৎ মাথায় এল, করে ফেললাম। মানুষ কীভাবে নেবে সেটা ভাবিনি। আবারও করতে পারি। ক্রিকেট খেলতে গেলে আগ্রাসী হতে হবে। সেটা ভারতের বিরুদ্ধে হোক বা অন্য যে কারও বিরুদ্ধে!’
অর্থাৎ, ফারহানের স্পষ্ট জবাব, এটা নিছক একদিনের আবেগ নয়। তাঁর ক্রিকেট-দর্শনই আক্রমণাত্মক। উদযাপনও সে রকম। ভারত–পাক প্রতিদ্বন্দ্বিতার সংবেদনশীল প্রেক্ষাপটে বন্দুক চালানোর ভঙ্গি যে মানুষের মনে অন্যরকম প্রতিক্রিয়া জাগাবে, তাকে তিনি বিন্দুমাত্র আমল দিতে রাজি নন।
অন্যদিকে মাঠের লড়াইয়ে চলতি এশিয়া কাপে পাকিস্তান দল বারবার পাওয়ারপ্লে (Powerplay)-তে ভুগছে। শুরুর ছ’ওভারে একের পর এক উইকেট পড়ছে। ফারহানও তা স্বীকার করছেন। তাঁর কথায়, ‘গত কয়েকটা ম্যাচে আমরা শুরুতেই উইকেট হারাচ্ছি। এটা বড় সমস্যা। ভারতের বিরুদ্ধে অন্তত প্রথম দশ ওভারে ৯০-এর বেশি তুলেছিলাম। মাঝের ওভারে ভেঙে পড়েছি। তবে এবার সেটা ঠিক করব!’
অতএব বোঝাই যাচ্ছে, সমালোচনায় কান না দিয়ে ফারহান বরং দলের কৌশল নিয়ে ভাবছেন। প্রথমে উইকেট না ফেলে রান তোলা—এটাই এখন তাঁর কাছে প্রধান লক্ষ্য। তবে ভারত–পাক ম্যাচের মতো উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলেও আর সব ছাপিয়ে গেল বিতর্কিত সেলিব্রেশন।
জম্মু–কাশ্মীরের পহেলগামে (Pahalgam) কয়েক মাস আগে ঘটে যাওয়া জঙ্গি হামলার প্রেক্ষিতে এই বন্দুক চালানোর ভঙ্গিকে রাজনীতিবিদ থেকে সাধারণ সমর্থক—অনেকেই দেগে দিয়েছেন অসময়োচিত আর উসকানিমূলক বলে। সাহিবজাদা ফারহান সেসব তোয়াক্কা করছেন না। তাঁর বিশ্বাস, ক্রিকেট মাঠে নিজের মতো করে খেলার অধিকার আছে। ব্যাটিং যদি আগ্রাসী হয়, উদযাপনও তেমন হতে পারে। সমালোচকরা যা-ই বলুন না কেন, ফারহান কিন্তু বুক ঠুকে জানিয়ে দিলেন—‘বেশ করেছি, আবার করব!’