গত দুই-তিন বছরে নায়ার যেভাবে পারফর্ম করেছে তা অসাধারণ। ও অনেক সমস্যার মুখোমুখি হওয়ার পরও ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে সফল হয়েছে। আমি আশা করি আমরা দু'জনেই দীর্ঘ সময় ধরে ভারতীয় দলের হয়ে খেলব।

লোকেশ রাহুল ও করুণ নায়ার
শেষ আপডেট: 19 June 2025 17:42
দ্য ওয়াল ব্যুরো: একই রাজ্যের ক্রিকেটার দু’জনেই। বয়সভিত্তিক ক্রিকেটও খেলেছেন একই সঙ্গে। দুইজনের মধ্যে সম্পর্কের গভীরতাও যথেষ্ট। এবার এই দুই ক্রিকেটার প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে একসঙ্গে টেস্ট খেলতে চলেছেন।
কর্ণাটকের লোকশে রাহুল (Lokesh Rahul) ও করুণ নায়ার (Karun Nayar) দুইজনেই ভারতের হয়ে টেস্ট খেলে ফেলেছেন। রাহুলের টেস্ট খেলার অভিজ্ঞতা অবশ্য অনেকটাই বেশি নায়ারের থেকে। তবে এই দুই বন্ধু একসঙ্গে কখনও টেস্টে নামেননি। এবার সেই আক্ষেপের পর্ব শেষ হতে চলেছে।
ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ (India-England Test Series) শুক্রবার থেকে শুরু হতে চলেছে। লিডসের হেডিংলেতে কাল থেকে শুরু হবে প্রথম টেস্ট। এই টেস্টে ওপেনার হিসাবে রাহুলের জায়াগা নিশ্চিত। আর করুণ নায়ারকে সম্ভবত দেখা যাবে ব্যাটিং অর্ডারের ষষ্ঠ স্থানে।
প্রথম টেস্টের আগে রাহুল জানিয়েছেন, তিনি করুণ নায়ারের সঙ্গে দীর্ঘদিন ধরে টিম ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করতে চান। কেএল জানিয়েছেন, নায়ারের ভারতীয় টেস্ট দলে ফিরে আসার বিষয়ে তিনি খুবই উত্তেজিত।
নায়ার এবং রাহুল, দু’জনেই ৩৩ বছর বয়সি। ছোটবেলা থেকেই একসঙ্গে বয়সভিত্তিক ক্রিকেট খেলছেন। দু’জনেই ঘনিষ্ঠ বন্ধু। গত কয়েক বছর ধরে রাহুল ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা সত্ত্বেও নায়ারকে আট বছর ধরে দলের বাইরে রাখা হয়েছিল।
রাহুল তাঁর আইপিএল দল দিল্লি ক্যাপিটালসের মিডিয়া টিমকে বলেন, "আমরা ১১ বছর বয়সে একসঙ্গে ক্রিকেট খেলা শুরু করেছিলাম এবং তারপর থেকে আমরা এই যাত্রায় আছি। আমাদের দু’জনের জীবনেই উত্থান-পতন ছিল। করুণ সুযোগ পেয়েছিল। ওর টেস্টে ত্রিশতক রানের ইনিংসও রয়েছে। তার পরেও অনেক কারণে তাকে কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছিল।"
ঘরোয়া ক্রিকেটে নায়ারের দুর্দান্ত পারফরম্যান্সের কথা উল্লেখ করে রাহুল বলেন, "গত দুই-তিন বছরে নায়ার যেভাবে পারফর্ম করেছে তা অসাধারণ। ও অনেক সমস্যার মুখোমুখি হওয়ার পরও ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে সফল হয়েছে। আমি আশা করি আমরা দু'জনেই দীর্ঘ সময় ধরে ভারতীয় দলের হয়ে খেলব।"
সেই সঙ্গে রাহুল জানিয়েছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারত বিরাট কোহলি এবং রোহিত শর্মার অভাব অনুভব করবে। গত মাসেই দু'জনেই টেস্ট থেকে অবসর নিয়েছেন। রাহুল বলেন, "গত এক দশক ধরে বিরাট এবং রোহিত ভারতীয় ক্রিকেটের স্তম্ভ। তাঁদের অনুপস্থিতি একটি বিশাল ক্ষতি। আমার পুরো কেরিয়ারে আমি কখনও এমন কোনও ভারতীয় দলে খেলিনি যেখানে বিরাট বা রোহিত ছিলেন না।"