আমি জানি না কেন শ্রীসন্থের স্ত্রী রেগে যাচ্ছেন। আমাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল এবং আমি সত্যিটাই বলেছি।

ললিত মোদী ও সস্ত্রীক শ্রীসন্থ
শেষ আপডেট: 31 August 2025 13:35
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি আইপিএলের (IPL) প্রাক্তন কমিশনার ললিত মোদী (Lalit Modi) এমন একটি অপ্রকাশিত ভিডিও সামনে এনেছেন, যার পর বিতর্ক বেড়েই চলেছে। ২০০৮ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব সুপার কিংস (বর্তমানে পাঞ্জাব কিংস) ম্যাচ শেষে হরভজন সিং শ্রীসন্থকে চড় (Slapgate) মেরেছিলেন। কিন্তু চড় মাড়ার কোনও ফুটেজ এতদিন প্রকাশ্যে আসেনি। একটি ভিডিওতে সেই সময় দেখা গিয়েছিল, হাপুস নয়নে কাঁদছেন শ্রীসন্থ। সম্প্রতি চড় মারার সেই অপ্রকাশিত ভিডিও সামনে এনেছেন ললিত মোদী।
এই ভিডিওটি মোদী শেয়ার করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কের পডকাস্টে। ভিডিও প্রকাশের পর শ্রীসন্থের স্ত্রী (Sreesanth’s Wife) ভুবনেশ্বরী ললিত মোদীর উপর রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন। পাশাপাশি তিনি মাইকেল ক্লার্কেরও তীব্র সমালোচনা করেন।
ভুবনেশ্বরী বলেছেন, ললিত এবং ক্লার্ক একটি বেদনাদায়ক ঘটনা ১৮ বছর পরে প্রকাশ্যে এনেছেন, যে ঘটনা থেকে উভয় খেলোয়াড়ই এখন সুস্থ হয়ে উঠেছেন। ভুবনেশ্বরী বলেন, "ললিত মোদী এবং মাইকেল ক্লার্কদের লজ্জা! তোমরা তো মানুষও নও, কারণ তোমরা কেবল তোমাদের সস্তা জনপ্রিয়তা এবং মতামতের জন্য ২০০৮ সালের একটি ঘটনা টেনে আনছ। শ্রীসন্থ এবং হরভজন উভয়েই অনেক আগে এই ঘটনা থেকে সরে এসেছেন। তাঁরা এখন স্কুলগামী শিশুদের বাবা, তবুও তোমরা তাঁদের পুরনো ক্ষতের দিকে টেনে আনার চেষ্টা করছ। অত্যন্ত জঘন্য, নিষ্ঠুর এবং অমানবিক আচরণ।"
শ্রীসন্থের পত্নীর এই জবাবের পাল্টা দিয়েছেন ললিত মোদীও। তিনি জানিয়েছেন, স্ল্যাপগেট ভিডিও নিয়ে ভুবনেশ্বরীর প্রতিক্রিয়া দেখে তিনি অবাক হয়েছেন। আইপিএলের এই প্রাক্তন কমিশনার আইএএনএসকে বলেছেন, “আমি জানি না কেন শ্রীসন্থের স্ত্রী রেগে যাচ্ছেন। আমাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল এবং আমি সত্যিটাই বলেছি। আমি সত্যি কথা বলার জন্য পরিচিত। শ্রীসন্থের প্রতি অবিচার হয়েছিল। এই সম্পর্কে আমাকে আগে কেউ কিছু জিজ্ঞেস করেনি। ক্লার্ক প্রসঙ্গ তোলায়, আমি সত্যিটা বলি।”