সম্প্রতি রাজ শামানির পডকাস্ট ‘ফিগারিং আউটে’ এই অভিজ্ঞতার কথা শেয়ার করেন চাহাল। প্রথমে কোহলি আর রোহিত শর্মার অধিনায়কত্বের পার্থক্য তুলে ধরেন।

বিরাট ও চাহাল
শেষ আপডেট: 1 August 2025 18:01
দ্য ওয়াল ব্যুরো: উনিশের বিশ্বকাপের সেমিফাইনালের (WC SemiFinal) স্মৃতি আজও তাড়া করে বেড়ায় যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal)।
নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হার। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ডে-র পর ম্যাঞ্চেস্টারের রিজার্ভ ডে। যেখানে টিম ইন্ডিয়ার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায়। আর সেই হারের পর কেঁদে ফেলেছিলেন বিরাট কোহলি (Virat Kohli Crying)। ড্রেসিংরুমে নয়, বাথরুমে! চাহালের দাবি, শুধু কোহলি নন, দলের কোনও ক্রিকেটারই চোখের জল আটকাতে পারেননি।
সম্প্রতি রাজ শামানির পডকাস্ট ‘ফিগারিং আউটে’ এই অভিজ্ঞতার কথা শেয়ার করেন চাহাল। প্রথমে কোহলি আর রোহিত শর্মার অধিনায়কত্বের পার্থক্য তুলে ধরেন। দু’জনকেই কাছ থেকে দেখেছেন যিনি, তাঁর ভাষায়, ‘রোহিত ভাই মাঠে খুবই ঠান্ডা মাথায় নেতৃত্ব দেন। দারুণ অধিনায়ক। অন্যদিকে বিরাট ভাইয়ের এনার্জি অসাধারণ। প্রতিদিন একই রকম। সবসময় শুধু বাড়তে থাকে, কখনও কমে না!’
সেখানেই হঠাৎ উঠে আসে প্রশ্ন: ময়দানে যিনি অকুতোভয়, সেই ‘কিং কোহলি’-কে কি কখনও কাঁদতে দেখেছেন? এতটুকু রাখঢাক না করে চাহালের উত্তর, ‘২০১৯ বিশ্বকাপে ওকে বাথরুমে কাঁদতে দেখি। আমি ছিলাম শেষ ব্যাটার। যখন ওর সামনে দিয়ে যাচ্ছিলাম, খেয়াল করি, চোখে জল! শুধু বিরাট নয়, সেদিন দলের প্রায় সবাই কেঁদে চলেছিল!’
প্রসঙ্গত, ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারতের ব্যাটিং ভেঙে পড়ে। ট্রেন্ট বোল্টের বলে কোহলি মাত্র ১ রানে এলবিডব্লিউ হন। এটাই এখনও পর্যন্ত তাঁর শেষ বিশ্বকাপ সেমিফাইনাল!
চাহাল নিজেও সে ম্যাচে বিশেষ কিছু করতে পারেননি। ১০ ওভারে ৬৩ রান দিয়ে কেবল কেন উইলিয়ামসনকে আউট করেন। নিজের পারফরম্যান্স নিয়েও আফসোস রয়েছে তাঁর। চাহালের কথায়, ‘ওটা মহেন্দ্র সিং ধোনির শেষ ম্যাচ ছিল। আমি আরও ভাল করতে পারতাম। আজও এ কথা ভাবি। হয়তো ১০-১৫ রান কম দিতে পারতাম। বড় ম্যাচে সবসময় নিজের ক্ষমতার ১০-১৫ শতাংশ বেশি দিতে হয়। চেষ্টা করেছিলাম, কিন্তু হয়তো আরও ঠান্ডা মাথায় খেললে ভালভাবে পারফর্ম করতাম!’
পডকাস্টের আয়োজক শামানি মনে করিয়ে দেন, এবারের আইপিএলে ফাইনালের পরও ক্যামেরার সামনে কীভাবে কেঁদে ফেলেছিলেন কোহলি! নিউজিল্যান্ডের বিরুদ্ধে হতাশায়, আইপিএল জিতে আনন্দে ভেসে যান আরসিবি তারকা।
চাহাল ইদানীং মাঠের চাইতেও মাঠের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে জোর চর্চায়। জাতীয় দলে অনিয়মিত। টিম ইন্ডিয়া যখন অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি খেলতে ব্যস্ত, তখন তিনি ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে গা ঘামাচ্ছেন।