আমার মনে হয় ভারতের কখনওই খেলা উচিত নয়। ভারতের কথা বলতে গেলে, তারা যখনই পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে, সবসময় জিতেছে। কিন্তু এই ম্যাচটি (পাকিস্তানের সঙ্গে) খেলা উচিত নয়, মোটেও নয়। আমি নিশ্চিতভাবে বলতে পারি, খেলা হবে না।

কেদার যাদব
শেষ আপডেট: 18 August 2025 16:33
দ্য ওয়াল ব্যুরো: ৯ সেপ্টেম্বর থেকে আমিরশাহিতে শুরু হবে এশিয়া কাপ (Aisa Cup)। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে সব কিছু ঠিকঠাক চললে তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)।
১০ সেপ্টেম্বর ভারত তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নামবে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। এরপর ১৪ সেপ্টেম্বর ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। তবে সব ঠিক থাকলে নকআউট পর্ব ও ফাইনালেও মুখোমুখি হতে পারে এই দুই প্রতিবেশী দেশ। বিসিসিআই এই টুর্নামেন্টের আয়োজক দেশ হলেও ভারত-পাকিস্তান বর্তমান সম্পর্কের প্রেক্ষিতে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে আমিরশাহিতে। যদিও এই টুর্নামেন্ট নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন, ভারত কি আদৌ পাকিস্তানের বিরুদ্ধে খেলবে?
আসলে পহেলগাম ঘটনার পর থেকে সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে দুই পড়শি দেশের। পাক মদতপুষ্ট জঙ্গি হানায় মারা গিয়েছিলেন ২৫ জন পর্যটক ও এক জন স্থানীয় বাসিন্দা। এই ঘটনার পর থেকেই গোটা দেশ জুড়ে দাবি উঠেছে, সর্বক্ষেত্রে বয়কট করা হোক পাকিস্তানকে। যার মধ্যে রয়েছে ক্রীড়াক্ষেত্রও।
এই বিষয় নিয়ে এর আগেই নিজেদের আপত্তির কথা জানিয়েছিলেন, হরভজন সিং, ইরফান পাঠানের মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা। এবার সেই সুরেই সুর মেলালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডার কেদার যাদব। তিনি বলেছেন, "আমার মনে হয় ভারতের কখনওই খেলা উচিত নয়। ভারতের কথা বলতে গেলে, তারা যখনই পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে, সবসময় জিতেছে। কিন্তু এই ম্যাচটি (পাকিস্তানের সঙ্গে) খেলা উচিত নয়, মোটেও নয়। আমি নিশ্চিতভাবে বলতে পারি, খেলা হবে না।"
গত মাসে, যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স দল বিশ্ব চ্যাম্পিয়নশিপ লিগে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি বয়কট করেছিল। গ্রুপ পর্বের পর, ভারত সেমিফাইনালেও পাকিস্তানের সঙ্গে না খেলার সিদ্ধান্ত নিয়েছিল।