2.webp)
ভারতীয় ক্রিকেট দল
শেষ আপডেট: 3 November 2024 14:25
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছিল। এই সিরিজে টিম ইন্ডিয়া ০-৩ ব্যবধানে হেরে গিয়েছে। এই হারের কারণে ভারতীয় ক্রিকেট সমর্থকরা যারপরনাই হতাশ হয়ে পড়েছেন। তাঁদের মনে এই আশঙ্কা দানা বাঁধছে, টিম ইন্ডিয়া আদৌ ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে কি না? অনেকে তো আবার একথাও বলছেন যে এই হোয়াইটওয়াশের পর টিম ইন্ডিয়ার সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার যাবতীয় দরজা বন্ধ হয়ে গেল।
যদিও ছবিটা একেবারেই তেমন নয়। বরং এই হারের কারণে কিছুটা হলেও সুবিধা পেল টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের প্রবেশ কার্যত নিশ্চিত বলা যেতেই পারে। আসুন জেনে নেওয়া যাক, কোন সমীকরণে টিম ইন্ডিয়া এই অসাধ্যসাধন করতে পারবে?
প্রসঙ্গত, রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগেই প্রথম দুটো ম্যাচ হেরে গিয়েছিল। আর রবিবার (৩ নভেম্বর) তৃতীয় টেস্ট ম্যাচও তারা হেরে গেল। তৃতীয় টেস্ট ম্যাচে নিউজিল্যান্ড ২৫ রানে জয়লাভ করেছে। লাগাতার তিনটে ম্যাচ হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে টিম ইন্ডিয়া দ্বিতীয় স্থানে নেমে এসেছে। কিন্তু, এত কিছুর পরও টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে।
প্রসঙ্গত, ২০২৫ বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের পয়েন্টস টেবিলের দিকে যদি চোখ রাখা যায়, তাহলে অস্ট্রেলিয়া বর্তমানে এক নম্বরে দাঁড়িয়ে রয়েছে। বর্তমানে অস্ট্রেলিয়ার জয়ের শতকরা হার ৬২.৫০ শতাংশ। অন্যদিকে, টিম ইন্ডিয়ার জয়ের শতকরা হার ৫৮.৫৩ শতাংশ। এই পরিস্থিতিতে রোহিত শর্মাদের পরবর্তী টেস্ট সিরিজটা অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই খেলতে হবে। যদি টিম ইন্ডিয়া এই সিরিজটা ৪-১ ব্যবধানে জিততে পারে, তাহলে নিশ্চিন্তে এই পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসতে পারবে।
এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল যদি পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে যায়, তাহলেও টিম ইন্ডিয়া অনেকটাই লাভবান হবে। যদিও এই দৌড়ে বর্তমানে শ্রীলঙ্কাও নাম লিখিয়ে ফেলেছে। এই তালিকায় তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে শ্রীলঙ্কা। যদি লঙ্কা ব্রিগেড পরের দুটো ম্য়াচ জিতে যায়, তাহলে তারাও ফাইনালের সিট কার্যত কনফার্ম করে ফেলবে। তবে বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে টিম ইন্ডিয়ার জন্য একটাই কথা বলা যেতে পারে, হাল ছেড়ো না বন্ধু...।