চেজের শুরুটা আশাব্যঞ্জক ছিল। তিন ওভার শেষে পাকিস্তান ৪১/১—খেলার গতি তখন তাদের পক্ষে। কিন্তু এরপরই নাটকীয় বিরতি। মেঘ ঘনাল, বৃষ্টি এল ঝেঁপে!
.jpeg.webp)
ফের জিতল ভারত
শেষ আপডেট: 7 November 2025 16:31
দ্য ওয়াল ব্যুরো: আকাশ কালো, মাঠ ভিজে যাচ্ছে—তবু উত্তেজনায় টগবগ করে ফুটছে মং কক স্টেডিয়াম (Mong Kok Stadium)। কারণ ময়দানে চলছে ভারত–পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ। শেষ ফল? এককথায়: নাটকীয়, বৃষ্টিভেজা আর খানিকটা ব্যঙ্গাত্মক! স্বয়ং বরুণদেবও রুখতে পারলেন না ভারতের জয়! হংকং সিক্সেসে (Hong Kong Sixes) প্রথম ম্যাচেই পাকিস্তানকে ডিএলএস নিয়মে হারাল দীনেশ কার্তিকের (Dinesh Karthik) দল, ব্যবধান মাত্র দু’রান।
শুক্রবার টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় পাক বাহিনী। কিন্তু শুরুতেই তাদের পরিকল্পনায় জল ঢেলে দেন ভারতের ওপেনার রবিন উথাপ্পা (Robin Uthappa) আর ভরৎ চিপলি (Bharat Chipli)। যেন পুরনো সময় ফিরিয়ে আনলেন দুই অভিজ্ঞ ব্যাটার। উথাপ্পা ১১ বলে ২৮—দুটি চার, তিনটি বিশাল ছয়। চিপলিও কম যান না, ১৩ বলে হাঁকালেন ২৪ রান। তাঁদের ব্যাটে ঝড় উঠতেই ভারতের স্কোর দ্রুত পঞ্চাশ পেরোয়।
শেষ দিকে নেমে অধিনায়ক দীনেশ কার্তিক নিজের স্বভাবসিদ্ধ ভূমিকায়—ফিনিশার! ৬ বলে অপরাজিত ১৭ রানে দলকে নিয়ে গেলেন ৮৬–তে, নির্ধারিত ছয় ওভারে। পাকিস্তানের বোলাররা তখন প্রহর গুনছিলেন বৃষ্টির, অন্তত সেটাই যেন রক্ষাকর্তা হয়ে ওঠে!
চেজের শুরুটা আশাব্যঞ্জক ছিল। তিন ওভার শেষে পাকিস্তান ৪১/১—খেলার গতি তখন তাদের পক্ষে। কিন্তু এরপরই নাটকীয় বিরতি। মেঘ ঘনাল, বৃষ্টি এল ঝেঁপে! খেলা থামল, মাঠ ঢেকে গেল কাভারে। অবস্থা এমন, যে আর ম্যাচ শুরুই করা গেল না। শেষমেশ হিসেব গড়াল ডিএলএসে—আর সেখানেই পাকিস্তানের দুঃস্বপ্ন। মাত্র দুই রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারত। স্টুয়ার্ট বিনি (Stuart Binny) দ্বিতীয় ওভারে নিয়ন্ত্রিত স্পেলে তুলে নেন গুরুত্বপূর্ণ উইকেট, দেন মাত্র সাত রান। সেই স্পেলই শেষ পর্যন্ত ম্যাচের গতিপথ ঘুরিয়ে দেয়। যে কারণে পুল ‘সি’–তে শুরুতেই এগিয়ে গেল ভারত। পাকিস্তানকে এখন ফিরতে হলে পরের ম্যাচে জিততেই হবে।
অন্যদিকে হংকং সিক্সেসের বাকি ম্যাচগুলিও জমজমাট। অস্ট্রেলিয়া (Australia) তিন ওভারেই ৮৮ রান তাড়া করে সংযুক্ত আরব আমিরশাহিকে (UAE) উড়িয়ে দিয়েছে ১০ উইকেটে। আফগানিস্তান (Afghanistan) ৪৯ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে (South Africa)। বাংলাদেশের (Bangladesh) হাতে পরাস্ত শ্রীলঙ্কা (Sri Lanka), ১৪ রানে। দিনের শেষ ম্যাচ—অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড—বৃষ্টির কারণে বাতিল।
দিনের মূল কথা কিন্তু একটাই—‘ভারত জিতল, পাকিস্তান হারল’… আর বাকিটা সামলাল আকাশ!