একটাই প্রশ্ন ঘুরেফিরে আসছে—মোদীর ‘অপারেশন সিঁদুর’ বার্তা ঘিরে নকভির এই পালটা বিবৃতি কি শুধুই ক্ষোভ প্রকাশ, নাকি ভারত–পাক ক্রিকেট দ্বন্দ্বকে আরও উসকে দেওয়ার রাজনৈতিক খেলা?

নকভি ও মোদী
শেষ আপডেট: 29 September 2025 16:01
দ্য ওয়াল ব্যুরো: ট্রফি নিয়ে হোটেলে চম্পট দেওয়ার কয়েক ঘণ্টা পরেই মুখ খুললেন মহসিন নকভি (Mohsin Naqvi)। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান এবার সরাসরি জবাব দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi)।
ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবম এশিয়া কাপ জিতেছে ভারত। ম্যাচ শেষে এক্স-হ্যান্ডেলে মোদী লেখেন, ‘খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল একই—ভারত জয়ী! আমাদের ক্রিকেটারদের অভিনন্দন।’
সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে নেওয়া সেই বার্তাই যেন খেপিয়ে দিয়েছে নকভিকে। তাঁর পালটা বক্তব্য, ‘যদি যুদ্ধই গৌরবের মাপকাঠি হয়, তবে ইতিহাসে তোমাদের মর্মান্তিক পরাজয়ই নথিবদ্ধ। কোনও ক্রিকেট ম্যাচ তা পাল্টাতে পারবে না। খেলায় যুদ্ধ টেনে আনা আসলে হীনমন্যতার প্রকাশ, আর তাতে কলঙ্কিত হয় ক্রিকেটের আত্মা।’
প্রসঙ্গত, এশিয়া কাপের ট্রফি দেওয়ার কথা ছিল নকভির। কিন্তু ঝামেলা পাকায় ভারতীয় দলের অনড় ও পূর্বঘোষিত অবস্থান—পাক মন্ত্রীর হাত থেকে শিরোপা নেওয়া হবে না। অচলাবস্থায় বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেট বোর্ডের ভাইস চেয়ারম্যান খালিদ আল জরুনির নাম উঠলেও নকভি সেটাও আটকে দেন। শেষে বিব্রতকর পরিস্থিতির মধ্যে তিনি কাপ নিয়ে স্টেডিয়াম ছাড়েন।
যদিও এই আচরণে বিন্দুমাত্র প্রভাব পড়েনি সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) সেলিব্রেশনে। ট্রফি ছাড়া পোডিয়ামে দাঁড়িয়ে কাল্পনিক কাপ হাতে উদযাপন করেছেন, সতীর্থরা সোশ্যাল মিডিয়ায় তামাশা করে ছড়িয়ে দিয়েছেন সেই মুহূর্ত।
এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে নকভি এখন চূড়ান্ত কোণঠাসা। আন্তর্জাতিক মহল থেকে উঠছে অভিযোগ—খেলাকে কূটনীতির কাদায় টেনে নামিয়েছেন তিনি। অথচ, ম্যাচের আগে থেকেই সবার জানা ছিল ভারত শিরোপা নেবে না তাঁর হাত থেকে। তবু জেদ ধরে মঞ্চে দাঁড়িয়েছিলেন। যা সমস্যাকে জটিলতর করে তোলে। মোটের উপর, হিরো সাজতে গিয়ে নকভি এখন খাস ভিলেন বনে গিয়েছেন!
ফলে একটাই প্রশ্ন ঘুরেফিরে আসছে—মোদীর ‘অপারেশন সিঁদুর’ বার্তা ঘিরে নকভির এই পালটা বিবৃতি কি শুধুই ক্ষোভ প্রকাশ, নাকি ভারত–পাক ক্রিকেট দ্বন্দ্বকে আরও উসকে দেওয়ার রাজনৈতিক খেলা?