গুরু–শিষ্য সম্পর্কটা এখন আরও দৃঢ়। গম্ভীরের কথায়, ‘ও জানে, আমি পাশে আছি। সমালোচনা হোক বা প্রশংসা—সবসময় সঙ্গে থাকব।

গম্ভীর ও শুভমান
শেষ আপডেট: 16 October 2025 10:47
দ্য ওয়াল ব্যুরো: তিনি এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের নতুন মুখ। শুভমান গিল (Shubman Gill)। মাত্র ২৪ বছর বয়সে টেস্ট দলের অধিনায়ক, ওয়ানডেতেও টিমের দায়িত্বে। তাঁর এই স্বল্প সময়ের যাত্রাপথ কতটা ইতিবাচক? কতখানি আশাব্যঞ্জক? এর মূল্যায়নে এখনও বেশ সংযত ভারতীয় কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন—এখনও সবচেয়ে কঠিন দিনগুলো আসেনি। আসবে। তখনই বোঝা যাবে, টিমের তরুণ অধিনায়ক আসলে কতটা তৈরি!
বিসিসিআইয়ের (BCCI) সম্প্রচার সহযোগী জিও–হটস্টারে গম্ভীর বলেন, ‘সবে শুরু হয়েছে। কয়েকটা টেস্টে অধিনায়কত্ব করেছে ও। এখনও পর্যন্ত সবচেয়ে বড় গুণ হিসেবে যে জিনিসটা দেখেছি, সেটা হচ্ছে, চাপ সামলানোর ক্ষমতা। কিন্তু প্রতিটি অধিনায়কই একদিন না একদিন সবচেয়ে খারাপ সময়ের মুখোমুখি হয়। সেই সময়ই নেতৃত্বের সত্যিকারের পরীক্ষা। আমি দেখতে চাই, ও তখন কেমন প্রতিক্রিয়া দেখায়!’
তবে নিপাট সমালোচনার মধ্যেও প্রশংসা ছিল ভরপুর। গম্ভীরের কথায়, ‘শুভমান কাজে স্বচ্ছ, পরিশ্রমী, সোজাসাপটা। দলের জন্য যা দরকার, করতে প্রস্তুত। কোচ হিসেবে আমার ভূমিকা হচ্ছে, ওর কাঁধ থেকে চাপটা সরিয়ে নেওয়া। সমালোচনা, প্রত্যাশা—সবটা আমি নেব, যদি ও সৎভাবে দলের জন্য কাজ করে যায়। নেতৃত্বের আসল ভিত্তি সততা। আর এই জায়গায় শুভমান একেবারে নিখুঁত!’
রোহিত শর্মার (Rohit Sharma) অবসরের পর শুভমানের হাতে টেস্ট দলের দায়িত্ব আসে। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই (India vs England Test Series) ২–২ ড্র—যা অনেকের চোখে অগ্নিপরীক্ষায় সফল হওয়ার তুল্য। তারপর দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে সাত উইকেটের জয়ে (India vs West Indies Test) শুভমানের প্রথম সিরিজ জয়—যেটা গম্ভীরের চোখে ‘একটা নতুন যুগের সূচনা’!
ইংল্যান্ড সিরিজের প্রসঙ্গ টেনে টিম ইন্ডিয়ার হেডকোচ বলেন, ‘প্রথম দিন ওকে বলেছিলাম—আমরা তোমাকে গভীর সমুদ্রে ফেলে দিচ্ছি। হয় ডুবে যাবে, নয় সাঁতার কেটে বিশ্বমানের অধিনায়ক হয়ে উঠবে! আমার কাছে ওর ৭৫০ রান নয়, বরং চাপের মধ্যে ওর ঠান্ডা মাথায় আচরণটাই সবচেয়ে মূল্যবান। কখনও হতাশা দেখিনি ওর মুখে। মাঠে হাসিমুখে নেতৃত্ব দিয়েছে, এই মানসিকতা বিরল!’
গুরু–শিষ্য সম্পর্কটা এখন আরও দৃঢ়। গম্ভীরের কথায়, ‘ও জানে, আমি পাশে আছি। সমালোচনা হোক বা প্রশংসা—সবসময় সঙ্গে থাকব। শুভমানের মধ্যে একধরনের স্বচ্ছতা আছে, যে কারণে দলের ছেলেরা ওকে শ্রদ্ধা করে। এই শ্রদ্ধাই ওর ভবিষ্যতের শক্তি!’
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর সামনে অস্ট্রেলিয়া সফর (India Tour of Australia 2025)। প্রথমবার ওয়ানডে অধিনায়ক হিসেবে শুভমান নামছেন কঠিন লড়াইয়ে। গম্ভীরের মতে, ‘এটাই ওর পরবর্তী চ্যালেঞ্জ। বড় দল, বড় মঞ্চ, আর অনেক বড় প্রত্যাশা। শুভমানকে এখনই পূর্ণ নম্বর দিতে রাজি নই, কারণ সবচেয়ে কঠিন দিনগুলো এখনও আসেনি। তবে যতটা দেখেছি—ও সেই দিনের জন্য তৈরি!’ যার অর্থ, কোচের চোখে শুভমান এখনও চলমান প্রক্রিয়া—‘ওয়ার্ক ইন প্রগ্রেস’। কিন্তু একথাও স্পষ্ট, ভারতের নতুন অধিনায়ককে ঘিরে কোচের বিশ্বাস অটুট। যা শোনা গিয়েছে নিরপেক্ষ বিশ্লেষণে।