হর্ষিত রানার চোট ভারতের বিশ্বকাপ পরিকল্পনায় বড় অনিশ্চয়তা তৈরি করল—এখন নজর বিকল্প বোলার নির্বাচনের দিকে।

হর্ষিত রানা
শেষ আপডেট: 6 February 2026 15:01
দ্য ওয়াল ব্যুরো: শুরুই হল না অভিযান। তার আগেই আইসিসি টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতীয় পেসার হর্ষিত রানা (Harshit Rana)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে পাওয়া হাঁটুর চোটই তাঁর টুর্নামেন্টে নামার আশা শেষ করে দিল—এমনটাই সূত্রের খবর।
কীভাবে চোট পেলেন?
দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ভারতের ওয়ার্ম-আপ ম্যাচে বল করতে নেমে অস্বস্তিতে পড়েন হর্ষিত। রান-আপে দু’বার থেমে যেতে দেখা যায় তাঁকে। শেষ পর্যন্ত মাত্র এক ওভার বল করেই মাঠ ছাড়তে হয়। ময়দান ছেড়ে বেরচ্ছেন যখন, ডান হাঁটু এক হাত দিয়ে চেপে ধরা, অন্তিম ওভারে হর্ষিত খরচ করেন ১৬ রান। পরে চলে মেডিক্যাল পরীক্ষা। দেখা যায় ডান হাঁটুতে ফুলে গিয়েছে (effusion), নড়াচড়ায় সমস্যা এবং জয়েন্ট লাইনে ব্যথা ক্রমশ তীব্র হচ্ছে।
স্ক্যান রিপোর্ট কী বলছে?
স্ক্যান রিপোর্ট নিশ্চিত করেছে ল্যাটারাল মেনিসকাস টিয়ার (lateral meniscus tear)। ৬ ফেব্রুয়ারি চিকিৎসক ডা. দীনশ পারদিওয়ালার (Dr. Dinshaw Pardiwala) সঙ্গে পরামর্শের পর অস্ত্রোপচারের নির্দেশ এসেছে। সেই কারণে আসন্ন টি-২০ বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গেলেন হর্ষিত। যদিও এই বিষয়ে এখনও বোর্ডের (Board of Control for Cricket in India) তরফে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশিত হয়নি।
ভারতের চোট-উদ্বেগ বাড়ছে
হর্ষিতের চোটে ভারতের (India) বোলিং আক্রমণে বড় ধাক্কা। এর আগে ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) সাইড স্ট্রেনের কারণে নিউজিল্যান্ড সিরিজ মিস করেন, যদিও তিনি এখনও বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন এবং ফেরার আশা টিমটিম করে জ্বলছে। তিলক বর্মাও (Tilak Varma) চোট কাটিয়ে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলেছেন। তবু ধোঁয়াশা কাটেনি৷
টিম ইন্ডিয়া বিশ্বকাপ অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) যুক্তরাষ্ট্রের (USA) বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে হর্ষিত রানার চোট ভারতের বিশ্বকাপ পরিকল্পনায় বড় অনিশ্চয়তা তৈরি করল—এখন নজর বিকল্প বোলার নির্বাচনের দিকে।