এই ঘোষণার পরেই শুরু হয়েছে প্রশ্ন: তবে কি বুমরাহকে নিয়ে কোনওভাবেই স্বস্তিতে নেই কোচ গম্ভীর? সেই কারণেই মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ এবং অর্শদীপ সিংয়ের মতো বিকল্প থাকতে রানার শরণাপন্ন হতে হল?

হর্ষিত রানা
শেষ আপডেট: 16 June 2025 16:13
দ্য ওয়াল ব্যুরো: প্রধান দলে ছিলেন না। ইংল্যান্ড গিয়েছেন এ দলের সদস্য হিসেবে। নেমেছেন একটি মাত্র প্রস্তুতি ম্যাচে। খুব একটা নজরও কাড়েননি। নিয়েছেন মাত্র এক উইকেট। তবু সেই হর্ষিত রানাকেই সিরিজ শুরুর আগে ইংল্যান্ডে থেকে যেতে বলল টিম ম্যানেজমেন্ট।
আর এই ঘোষণার পরেই শুরু হয়েছে প্রশ্ন: তবে কি বুমরাহকে নিয়ে কোনওভাবেই স্বস্তিতে নেই কোচ গম্ভীর? সেই কারণেই মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ এবং অর্শদীপ সিংয়ের মতো বিকল্প থাকতে রানার শরণাপন্ন হতে হল?
অথচ প্রস্তুতি ম্যাচে কোনওভাবেই নজর কাড়েননি এই ডানহাতি সিমার। তার চাইতে অনেক বেশি ছন্দে ছিলেন অর্শদীপ। আইপিএলে ভাল বল করেছেন, পাঞ্জাব কিংসের স্তম্ভ হয়ে উঠেছেন। তাঁর হয়ে সওয়াল করেছেন রিকি পন্টিংও। সাফ জানিয়েছেন, ইংল্যান্ডের পিচের যা চরিত্র, তাতে এই তরুণ বাঁহাতি পেসারের সফল হওয়ার প্রবল সম্ভাবনা।
উল্লেখ্য, ইংল্যান্ডে শুভমান গিলেরা সাকুল্যে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন। তার মধ্যে দুটি ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে। একটি আন্তঃদল ওয়ার্ম আপ লড়াই। রুদ্ধদুয়ার ওই ম্যাচ শুরুর আগে আচমকা খবর আসে গৌতম গম্ভীরের মা গুরুতর অসুস্থ। হার্ট অ্যাটাক হয়েছে। ভর্তি রয়েছেন দিল্লির বেসরকারি হাসপাতালে।
আচমকা এই খবর পেয়ে বাড়ি ফিরে আসেন টিম ইন্ডিয়ার হেডকোচ। দলের ট্রেনিংয়ের দায়িত্ব দিয়ে যান মর্নি মর্কেলদের হাতে। শোনা যাচ্ছে, আগামিকাল ফের ইংল্যান্ডে পৌঁছে শিবিরে যোগ দিচ্ছেন গম্ভীর। মা আইসিইউ থেকে ছাড়া না পেলেও কোচ দলের দায়িত্ব ভুলে থাকতে নারাজ।