বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে স্লো ওভাররেটের জন্য ভারতীয় মহিলা দলকে তাদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

ভারতের মহিলা দল
শেষ আপডেট: 15 October 2025 20:23
দ্য ওয়াল ব্যুরো: ঘরের মাঠে বিশ্বকাপ (Women’s ODI World Cup), অথচ ভারতীয় মহিলা দলের অবস্থা রীতিমতো দিশেহারা। কখনও বোলিং ব্রিগেড কাজ করছে না, কখনও আবার ব্যাটাররা ব্যর্থ। এর ফলে চলতি বিশ্বকাপের সেমিফাইনাল দূরস্ত হয়ে উঠেছে হরমনপ্রীত ব্রিগেডের কাছে। এর মধ্যে আবার স্লো ওভার রেটের (Slow over rate) জন্য ব্লু টাইগ্রেসেসের উপর নেমে এসেছে আইসিসির শাস্তির খাড়া (ICC punished)।
চলতি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারালেও ভারতের টপ-অর্ডার ব্যাটিং ছিল চূড়ান্ত ব্যর্থ। এরপর ব্যাটিং ব্যর্থতায় হরমনপ্রীতদের হেরে যেতে হয় দক্ষিণ আফ্রিকার কাছে। এখানেই হতাশার শেষ নয়, পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও অব্যাহত থাকে ব্যাটিং ব্যর্থতা। তবে সেবার ব্যর্থ হয়েছিল মিডল ও লোয়ার অর্ডার। ফলে অস্ট্রেলিয়ার কাছেও হেরে খাদের কিনারায় চলে যায় ভারত।
সামনের রবিবার ভারত নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে। এই ম্যাচে হার মানেই বিদায় নিশ্চিত। তার আগেই ধাক্কা খেল টিম ইন্ডিয়া শিবির। বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে স্লো ওভাররেটের জন্য ভারতীয় মহিলা দলকে তাদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
আইসিসি জানিয়েছে, এমিরেটস আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল অব ম্যাচ রেফারিদের অন্যতম মিশেল পেরেরা এই জরিমানা করেছেন। কারণ ভারত নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার কম বল করেছিল। ফলস্বরূপ, তাদের খেলোয়াড়দের নিজেদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসি জানিয়েছে, ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কউর জরিমানার সিদ্ধান্ত মেনে নিয়েছেন ও অপরাধ স্বীকার করেছেন। তাই আনুষ্ঠানিক শুনানির কোনও প্রয়োজন নেই।