বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনের এই ছবি শুধু মুহূর্তের স্মারক নয়, বরং এক দর্শনের স্মারক—যেখানে হরমনপ্রীতের মতো মেয়েরা কেবল কাপ জেতেন না, ভাঙেন সীমারেখাও।

হরমনপ্রীত কৌর
শেষ আপডেট: 3 November 2025 17:00
দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাতটা ছিল ইতিহাসের, সোমবার সকালটা প্রতীকী।
বিশ্বকাপ জয়ের (Women’s World Cup 2025) পরদিন সকালে নিজের ইনস্টাগ্রামে এক ছবি পোস্ট করলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। বিছানায় বিশ্বকাপ ট্রফি (World Cup Trophy) পাশে নিয়ে শুয়ে আছেন। দেখতে সাদামাটা। কিন্তু নজর কাড়ল তাঁর টি–শার্টে লেখা বার্তা—‘ক্রিকেট সবার খেলা’ (‘Cricket is everyone’s game’)। উপরে লাইন দিয়ে কাটা ‘আ জেন্টলম্যানস গেম’ শব্দবন্ধ!
একটা সাধারণ ছবি। দেখতে যতটা সহজ, বার্তা ঠিক ততটাই শক্তিশালী! কেবল কাপ জয়ের আনন্দ নয়, হরমন যেন এক লহমায় তুলে আনলেন দেশের মেয়েদের দীর্ঘ লড়াইয়ের গল্প—যেখানে কোনও একটা বিশেষ লিঙ্গের একচেটিয়া খেলা নয়, ক্রিকেট সবার… এই বার্তাই জোরালোভাবে প্রতিধ্বনিত হল।
নবি মুম্বইয়ের (Navi Mumbai) ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে (South Africa Women’s Team) হারিয়ে কাপ জয়ের পর থেকে গোটা দেশ যখন উৎসবে মেতেছে, তখন এই ছবি অন্য মাত্রার প্রতীক। সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় ফ্রেমটা। লক্ষ লক্ষ মানুষ শেয়ার করেছেন, কেউ লিখেছেন ‘নতুন যুগের সূচনা’, কেউ বলেছেন ‘এটাই ভারতের আসল বার্তা’।
পাঞ্জাবের (Punjab) সরু গলি থেকে উঠে আসা একজন মেয়ের পক্ষে কাছে এই পথটা সহজ ছিল না। ছোটবেলায় ছেলেদের সঙ্গে খেলতে গেলে শুনতে হয়েছে—‘ক্রিকেট মেয়েদের খেলা নয়!’ সেখান থেকেই শুরু হরমনের লড়াই। আর আজ, বিশ্বকাপ হাতে শুয়ে সেই তিনিই গোটা দেশকে মনে করিয়ে দিলেন প্রাথমিক ব্যাকরণ, খেলার সহজ পাঠ। যা বলে—খেলার কোনো লিঙ্গ নেই। বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনের এই ছবি শুধু মুহূর্তের স্মারক নয়, বরং এক দর্শনের স্মারক—যেখানে হরমনপ্রীতের মতো মেয়েরা কেবল কাপ জেতেন না, ভাঙেন সীমারেখাও।