টিম ইন্ডিয়ার প্রধান পেসার এদিন বল করেননি। শুধু হালকা ওয়ার্ম-আপ সারলেন, কিছুটা সময় কাটালেন জিমে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে মহম্মদ সিরাজকেও নেট সেশন থেকে সরিয়ে রাখা হয়।

টিম ইন্ডিয়া
শেষ আপডেট: 18 July 2025 11:31
দ্য ওয়াল ব্যুরো: তিন দিন আগের লর্ডসের স্বপ্নভঙ্গ (Lord’s Test Defeat)… ক্ষতে এখনও সময়ের প্রলেপ পড়েনি। তবু ম্যাঞ্চেস্টারে (Manchester Test) ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের প্রস্তুতিতে নেমে পড়েছে টিম ইন্ডিয়া (Team India)। লন্ডন থেকে বেকেনহ্যাম (Beckenham)। বাসে করে মেরেকেটে দু’ঘণ্টা। সেখানে কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে (Kent County Cricket Ground) গতকাল ট্রেনিং সেশনে প্রথাগত ফর্মুলায় নয়, ছকভাঙা মেজাজেই গা ঘামালেন করুণ নায়ার, ঋষভ পন্থরা।
সিরিজে পিছিয়ে দল। বুমরাহর ফিটনেস নিয়ে দুশ্চিন্তার মধ্যে জুড়েছে ঋষভের চোট। বাঁ-হাতের আঙুলে যন্ত্রণা। লর্ডসের পঞ্চম দিনে ঠিকমতো ব্যাটও করতে পারছিলেন না। এর আগে ধ্রুব জুরেল নামেন পরিবর্ত উইকেটকিপার হিসেবে। ম্যাঞ্চেস্টারে কি খেলতে নামবেন ঋষভ? বুমরাহকে নামানোর ঝুঁকি নেবেন গম্ভীর? করুণ নায়ারেরই বা কী হবে? তাঁকে নিয়ে পরীক্ষা চলবে? নাকি সাই সুদর্শন ফের একবার নিজেকে প্রমাণের সুযোগ পাবেন? অতিরিক্ত স্পিনার হিসেবে কুলদীপ চান্স পেতে পারেন?
এমন অজস্র সম্ভাবনা, ধোঁয়াশা আর প্রশ্ন জট পাকালেও ভারতীয় দল কিন্তু বেশ ফুরফুরে মেজাজে। ড্রেসিং রুমে চলল ইংলিশ পপ (English Pop)। কেউ বাজালেন হনুমান চালিশা (Hanuman Chalisa)। পাঞ্জাবি ভাংড়াও (Punjabi Bhangra) বাদ গেল না। খুনসুটিতে মাতলেন ঋষভ-বুমরাহ। বলিউড কমেডি ছবির সংলাপ আউড়ে এ ওকে খোঁচা মারলেন।
টিম ইন্ডিয়ার প্রধান পেসার এদিন বল করেননি। শুধু হালকা ওয়ার্ম-আপ সারলেন, কিছুটা সময় কাটালেন জিমে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে মহম্মদ সিরাজকেও নেট সেশন থেকে সরিয়ে রাখা হয়। পন্থের আঙুলে চোট রয়েছে, তবে ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন বলে খবর। কেএল রাহুল বাদে ভারতীয় দলের সবাই উপস্থিত।
তবে দিনটা পুরোপুরি নির্বিঘ্ন ছিল না। সিরিজে এখনও ম্যাচ না খেলা বাঁ-হাতি পেসার আর্শদীপ সিং সাই সুদর্শনের ব্যাট থেকে আসা একটি বল থামাতে গিয়ে চোট পান। সিতাংশু কোটক যখন তাঁকে ব্যাটিংয়ে ডাকলেন, অধিনায়ক শুভমান গিল বলেই দেন, ‘ও হয়তো ব্যাট করতে পারবে না, হাতে চোট পেয়েছে!’ আর্শদীপকে পরে দেখা যায়, ব্যান্ডেজ পরে ঘুরে বেড়াচ্ছেন। সহকারী কোচ রায়ান টেন দুশখাতের কথায়, ‘দেখতে হবে, চোটটা কতটা গভীর। ডাক্তার দেখানো হয়েছে। সেলাই লাগবে কিনা সেটা জানা গেলে তবেই বুঝব, ওকে আগামী কয়েক দিনের পরিকল্পনায় রাখা যাবে কিনা!’
যদিও এর ছাপ নেট সেশনে পড়তে দিলেন না বোলিং কোচ মর্নি মর্কেল। অর্শদীপের জায়গায় নিজেই নেমে পড়লেন। বয়সের ছাপ স্পষ্ট। আগের মতো গতি নেই। তবু ২০ গজ দূর থেকে হাত ঘুরিয়ে ব্যাটারদের ভালোই অনুশীলন করালেন। যা দেখে দুশখাতে ফুট কাটলেন, ‘জোফ্রা আর্চারের মতো স্পিড নেই ঠিকই। তবে ওর যা উচ্চতা, তাতে ২০ গজ দূর থেকে বল খেলাটা ব্যাটারদের জন্য ভালই চ্যালেঞ্জিং!’ মজার ছলেও অনুশীলন শেষে মর্কেল বলতে ভুললেন না, ‘আজ ব্যাটারদের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে ফেললাম কিন্তু!’