গত মরসুমে ব্যাটিং বিভাগে কিছুটা হোঁচট খেয়েছিল গুজরাত। হেডেনের মতো অভিজ্ঞ কোচ সেই দুর্বলতা ঘুচিয়ে দিতে পারবেন কি না, সেটাই এখন দেখার।

ম্যাথু হেডেন
শেষ আপডেট: 10 March 2026 14:11
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল সিজন (IPL 2026) শুরুর আগে বড়সড় চমক দিল গুজরাত টাইটান্স। অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ওপেনার ম্যাথু হেডেনকে (Matthew Hayden) দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করেছে এই ফ্র্যাঞ্চাইজি। বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার তাঁর যুগের অন্যতম আক্রমণাত্মক ব্যাটার হিসেবে পরিচিত। কোচিং কেরিয়ারেও সাফল্য রয়েছে। এবার ময়দান আইপিএল। সামলাবেন গুজরাতের ব্যাটিং বিভাগের দায়িত্ব।
দর্শন ‘আক্রমণাত্মক’
নিয়োগের পর হেডেন বললেন, ‘ভাল ব্যাটিং চাপ তৈরি করে। কিন্তু দুর্দান্ত ব্যাটিং ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। গুজরাত টাইটান্সে এই মান-ই আমরা তৈরি করতে চাই!’ কথাগুলো ছোট, কিন্তু মর্মটা জোরালো।
আন্তর্জাতিক ক্রিকেটে ২৭৩ ম্যাচে ১৫ হাজারেরও বেশি রান করেছেন হেডেন। একাধিক আইসিসি ট্রফি জিতেছেন। পাওয়ারপ্লেতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের যে ধারা আধুনিক সাদা বলের ক্রিকেটে দেখা যায়, সেই বিবর্তনে হেডেনের ভূমিকা অনস্বীকার্য। আইপিএলেও পরিচিত মুখ। খেলেছেন ৩২টি ম্যাচ।
তরুণ প্রতিভা গড়াই আসল লক্ষ্য
গুজরাত টাইটান্সের ক্রিকেট পরিচালক বিক্রম সোলাঙ্কি এই নিয়োগ নিয়ে আশাবাদী। বলেন, ‘হেডেনের দৌলতে আমাদের যাত্রার একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে এল। সর্বোচ্চ স্তরে তাঁর অভিজ্ঞতা ও তরুণ প্রতিভাদের গড়ে তোলার ক্ষমতা ব্যাটিং পরিচিতি তৈরিতে বড় ভূমিকা রাখবে!’ গত মরসুমে ব্যাটিং বিভাগে কিছুটা হোঁচট খেয়েছিল গুজরাত। হেডেনের মতো অভিজ্ঞ কোচ সেই দুর্বলতা ঘুচিয়ে দিতে পারবেন কি না, সেটাই এখন দেখার।