আইপিএল ২০২৬ মরশুমের আগে কোচিং শিবির শক্তিশালী করছে চেন্নাই সুপার কিংস।

সিএসকে
শেষ আপডেট: 5 March 2026 09:39
দ্য ওয়াল ব্যুরো: পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Chennai Super King) আইপিএল ২০২৬ (IPL 2026) মরশুমের আগে তাদের কোচিং শিবির আরও শক্তিশালী করতে চলেছে। প্রাক্তন ইংল্যান্ড উইকেটরক্ষক-ব্যাটার জেমস ফস্টারকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগের প্রস্তুতি নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের তত্ত্বাবধানে ব্যাকরুম স্টাফে এই সংযোজনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।
৪৫ বছর বয়সী ফস্টার ২০০১ থেকে ২০০৯ সালের মধ্যে ইংল্যান্ডের হয়ে সাতটি টেস্ট, ১১টি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলেছেন। উইকেটরক্ষক হিসেবে তাঁর দক্ষতা দীর্ঘদিন ধরেই প্রশংসিত। কোচ হিসেবেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি সুনাম অর্জন করেছেন। বিষয়টি নিশ্চিত করে সিএসকের কাসি বিশ্বনাথন জানিয়েছেন, “আমরা একজন ফিল্ডিং কোচ খুঁজছিলাম। আশা করছি তিনি আমাদের সঙ্গে যোগ দেবেন।”
বিভিন্ন টি-টোয়েন্টি লিগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ফস্টারের। কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করার পাশাপাশি আইএলটি২০-তে ডেজার্ট ভাইপার্স, দ্য হান্ড্রেডে নর্দার্ন সুপারচার্জার্স এবং পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
চেন্নাই শিবিরে ফস্টার যোগ দিলে তিনি অভিজ্ঞ সাপোর্ট স্টাফের অংশ হবেন। বর্তমানে ব্যাটিং কোচ মাইক হাসি, বোলিং কোচ এরিক সিমন্স, সহকারী বোলিং কোচ শ্রীধরন শ্রীরাম এবং ফিল্ডিং কোচ রাজীব কুমার দায়িত্বে রয়েছেন। দলের ম্যানেজার হিসেবে আছেন রাসেল রাধাকৃষ্ণন।
আইপিএল ২০২৫ মরশুমে হতাশাজনক ফলের পরই এই বদলের সিদ্ধান্ত। সে বার ১৪ ম্যাচে মাত্র চারটি জয়ে পয়েন্ট তালিকার তলানিতে শেষ করেছিল সিএসকে। ইতিমধ্যেই চেন্নাইয়ের উচ্চক্ষমতা সম্পন্ন কেন্দ্রে প্রাক-মরশুম শিবির শুরু হয়েছে, যেখানে বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার অনুশীলন করছেন। আন্তর্জাতিক দায়িত্বে থাকা ক্রিকেটাররা পরে যোগ দেবেন।
শিবিরে উপস্থিত আছেন অভিজ্ঞ উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনিও। আইপিএল ২০২৬-এ ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই দল গঠন প্রক্রিয়া জোরদার করেছে সিএসকে। এর আগে সঞ্জু স্যামসনকে নিয়ে উচ্চপ্রচারিত ট্রেড চুক্তিও সেরে ফেলেছে ফ্র্যাঞ্চাইজি। পাশাপাশি তরুণ ক্রিকেটার প্রশান্ত বীর ও কার্তিক শর্মাকে দলে নেওয়া হয়েছে। তবে অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ছেড়ে দিয়েছে দল। রুতুরাজ গায়কোয়াড়ই নেতৃত্বে থাকছেন, লক্ষ্য রেকর্ড ষষ্ঠ শিরোপা জেতা।