লর্ডসে খেলা তৃতীয় টেস্ট ম্যাচে গিল এই টি-শার্টটি পরেছিলেন, যা প্রায় ৫.৪১ লক্ষ টাকায় কেনা হয়েছে।

শুভমান গিল
শেষ আপডেট: 9 August 2025 13:53
দ্য ওয়াল ব্যুরো: ভারতের লাল বলের ক্রিকেটের অধিনায়ক হওয়ার পর প্রথম পরীক্ষায় লেটার মার্কস নিয়ে পাশ করেছেন শুভমান গিল। তাঁর ব্যাটিং এবং অধিনায়কত্ব সর্বত্র প্রশংসিত হচ্ছে। শুভমানই হয়েছেন ইংল্যান্ড-ভারত সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক। ডন ব্র্যাডম্যান, সুনীল গাভাসকরের মতো বেশ কিছু কিংবদন্তিদেরও রেকর্ড ভেঙে দিয়েছেন এই পাঞ্জাব পুত্তর।
ইংল্যান্ড-ভারত পাঁচ টেস্টের সিরিজ ২-২ সমতায় শেষ হলেও, বিশেষজ্ঞদের মতে, সিরিজের পর্যালোচনা করলে টিম ইন্ডিয়াই এগিয়ে ছিল। এই সিরিজের পরে নিলামে তোলা হয় ভারতের লাল বলের অধিনায়কের টি-শার্ট। অবশ্য শুধু গিলেরই নয়, ভারত এবং ইংল্যান্ডের আরও কিছু ক্রিকেটারদের ব্যবহৃত জিনিস নিলামে তোলা হয়েছিল। তবে গিলের টি-শার্টটি-ই সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে।
লর্ডসে খেলা তৃতীয় টেস্ট ম্যাচে গিল এই টি-শার্টটি পরেছিলেন, যা প্রায় ৫.৪১ লক্ষ টাকায় কেনা হয়েছে। এই নিলামটি পরিচালনা করেছিল রেড ফর রুথ নামে একটি দাতব্য প্রতিষ্ঠান (Red Ruth Charity)। নিলামে খেলোয়াড়দের টি-শার্ট ছাড়াও ক্যাপ, ব্যাট এবং টিকিটও তোলা হয়েছিল।
নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছে ভারতের ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ এবং অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার টি-শার্ট। দু’জনেরই জার্সি বিক্রি হয়েছে ৪.৮৪ লক্ষ টাকায়। কেএল রাহুলের টি-শার্ট ৪.৭০ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। ইংল্যান্ড দলের সবচেয়ে দামি জার্সি ছিল জো রুটের, যা ৪.৪৭ লক্ষ টাকায় বিক্রি হয়েছিল। অধিনায়ক বেন স্টোকসের জার্সিটির দর উঠেছিল চার লক্ষ টাকা।
ক্যাপগুলির মধ্যে রুটের স্বাক্ষরিত ক্যাপটি ছিল সবচেয়ে ব্যয়বহুল। এই ক্যাপের জন্য চূড়ান্ত দর ছিল ৩.৫২ লক্ষ টাকা। ঋষভ পন্থের ক্যাপের জন্য দর উঠেছিল ১.৭৬ লক্ষ টাকা।
রেড অ্যান্ড রুথ ফাউন্ডেশন কী?
প্রতি বছর, লর্ডসে খেলা টেস্ট ম্যাচের একটি দিন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রসের রেড অ্যান্ড রুথ চ্যারিটি ফাউন্ডেশনকে উৎসর্গ করা হয়। এই দিনে ক্রিকেটার, সম্প্রচারক এবং দর্শকরাও লাল রঙের পোশাক পরেন। দিনটি উৎসর্গ করা হয় স্ট্রসের স্ত্রীর প্রতি, যিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে খেলা ম্যাচের আগে, এই ফাউন্ডেশন বলেছিল, তারা গত ছয় বছরে ৩৫০০ পরিবারকে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করেছে।