Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

বন্ধুর পেট্রোল পাম্প উদ্বোধন থেকে বিশ্বকাপ জয়! ১২ বছরের পুরনো অতীতকে ফিরে দেখলেন সূর্য

এক যুগের ব্যবধানে গল্পটা এখন অন্যরকম। সাধারণ, আনকোড়া যুবকের জীবনের ফ্রেমে ঢুকে পড়েছে বিশ্বকাপজয়ী অধিনায়কের গরিমা।

বন্ধুর পেট্রোল পাম্প উদ্বোধন থেকে বিশ্বকাপ জয়! ১২ বছরের পুরনো অতীতকে ফিরে দেখলেন সূর্য

সূর্যকুমার যাদব

রূপক মিশ্র

শেষ আপডেট: 9 March 2026 10:50

দ্য ওয়াল ব্যুরো: দুটো ছবিকে পাশাপাশি রেখে দেখতে হবে। অনেকক্ষণ৷ দেখে যেতে হবে ততক্ষণ, যতক্ষণ না ঠোঁটের কোণে ফুটে ওঠে আলতো হাসি৷ বারো বছরের শরীরী ভোলবদল, পোশাকি রূপান্তর যতটা না বিস্মিত করবে, তার চেয়েও তীব্রভাবে আবিষ্ট করবে স্বপ্নপূরণের নিত্যতা! মনের অতল থেকে জেগে উঠবে বোধ: ‘তাহলে এ-ও সম্ভব... সব-ই সম্ভব!'

গতরাতে বিশ্বজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের কাছে দুটো অপশন ছিল। এক, সাফল্যের রোশনাইয়ে বুঁদ হয়ে থাকা। ঝাঁ-চকচকে মোবাইলে চকমকে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছেপে দেওয়া। দুই, ফিরে যাওয়া শিকেড়ে। মূলে। অস্তিত্বের গভীরে। যেখান থেকে উঠে এসেছেন তিনি, ধাপে ধাপে, সেই প্যাঁচানো ইমারতের মাঝের সিঁড়িতে। আজ থেকে ঠিক বারো বছর আগে৷ যখন জাতীয় দল ছিল না। প্রেস মিট ছিল না। মিডিয়া ছিল না৷ স্পটলাইট ছিল না৷ ছিল বলতে কাছের স্বজন, সরল-সহজ-অনাড়ম্বর জীবন আর নির্ভার কিছু সুখী মুহূর্ত৷ তেমনই একটি দিনে, খুব কাছের এক বন্ধুর পেট্রোল পাম্প উদ্বোধনে গেছিলেন সূর্য। তাঁর এই নতুন সাফল্যে যে খুশি তিনি, জানিয়েছিলেন পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে তোলা ছবিতে৷ আপলোডও করেছিলেন। নতুন কিন্তু সাদামাটা পোশাকে দাঁড়ানো সূর্যের সঙ্গে এখনকার ভারত অধিনায়কের গেট আপের মিল খুঁজতে বসলে তাজ্জব ঠেকতেই পারে৷ কিন্তু কাল বিশ্বকাপ জিতে টিম ইন্ডিয়ার দলনেতা নিজের অতীতকে ভুলে যাননি৷ থ্রো-ব্যাক মুহূর্তকে ফের একবার শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে!

টি–২০ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে (New Zealand cricket team) ৯৬ রানে হারিয়ে ইতিহাস গড়েছে ভারত (India cricket team)। সেই সঙ্গে একাধিক রেকর্ডও। যেমন, প্রথম দল হিসেবে টানা দু’বার টি–২০ বিশ্বকাপ জয়ের নজির। একই সঙ্গে তিনবার এই ট্রফি জেতা প্রথম টিম। উপরন্তু গতরাতে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের ইতিহাসও তৈরি হয়েছে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium)।

এই সাফল্যের পরেই সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি শেয়ার করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ছবিটি প্রায় বারো বছর আগের। তখনও আন্তর্জাতিক ক্রিকেটের আলোয় আসেননি তিনি। ক্যাপশনে লেখা—বন্ধুর পেট্রোল পাম্প উদ্বোধনে এসেছেন, বন্ধুর সাফল্যে খুশি। বিশ্বকাপ হাতে তোলার রাতে সেই ছবির সঙ্গে জুড়ে দেন খেতাব জয়ের মুহূর্তও। দুই ছবির মাঝখানে বারো বছরের ব্যবধান। কিন্তু বার্তা সহজ, সুন্দর—সময় বদলায়, রাস্তা বদলায়, কিন্তু শিকড় ভোলা যায় না।

যে কারণে ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের পথচলার কথা তুলে ধরেন সূর্যকুমার। পাশাপাশি মেনে নেন, সমালোচনা খেলাধুলার অংশ। ভাল খেললে প্রশংসা হবে, না খেললে প্রশ্ন উঠবে—এই বাস্তবতা মেনে নিয়েই এগনো উচিত।

সূর্যকুমারের মতে, ২০২৪ সালের টি–২০ বিশ্বকাপ ফাইনালের একটি মুহূর্ত তাঁর জীবন বদলে দিয়েছিল। তখন দক্ষিণ আফ্রিকার (South Africa cricket team) ব্যাটার ডেভিড মিলারকে (David Miller) আউট করার জন্য সীমানার কাছে অবিশ্বাস্য একটি ক্যাচ নিয়েছিলেন তিনি। লং-অফ থেকে দৌড়ে গিয়ে বল ধরেন, গতি সামলাতে গিয়ে সীমানার বাইরে যাওয়ার আগে বল আকাশে ছুড়ে দেন, আবার ভেতরে ঢুকে ক্যাচটি সম্পূর্ণ করেন। যা টানটান, রুদ্ধশ্বাস ফাইনালের মোড় ঘুরিয়ে দেয়। টিম ইন্ডিয়ার অধিনায়কের কথায়, সেই ক্যাচের পরই সবকিছু বদলাতে শুরু করে। পরে যখন ভারতীয় দলের নেতৃত্ব তাঁর হাতে আসে, তখন তিনি জানতেন, দু’বছরের মধ্যে দেশে বিশ্বকাপ। আর সেই মঞ্চে দলের হয়ে ট্রফি জিততে হবে—একটাই লক্ষ্য।

রবিবার সেই টার্গেট পূরণ হয়েছে। আর সেই সাফল্যের মুহূর্তে ফিরে এসেছে এক সাদামাটা দিনের ছবি—বন্ধুর পেট্রোল পাম্প উদ্বোধনের দিন। এক যুগের ব্যবধানে গল্পটা এখন অন্যরকম। সাধারণ, আনকোড়া যুবকের জীবনের ফ্রেমে ঢুকে পড়েছে বিশ্বকাপজয়ী অধিনায়কের গরিমা।


```