অনেক ভেবেচিন্তেই এ বছর পরীক্ষা দিলেন না বৈভব। তাঁর বাবার বক্তব্য, আগামী বছর বসবেন। আপাতত টার্গেট একটাই—ক্রিকেট।

বৈভব সূর্যবংশী
শেষ আপডেট: 20 February 2026 13:10
দ্য ওয়াল ব্যুরো: বোর্ড পরীক্ষা চলছে। সিদ্ধান্ত এদিক-ওদিক হলে সমস্তিপুরের বিস্ময়-প্রতিভা বৈভব সূর্যবংশীর একমনে ঘাড় গুঁজে খসখস করে উত্তর লিখতেই পারতেন। কিন্তু পরিবারের সঙ্গে আলোচনায় বসে এবার পরীক্ষা না দেওয়াত সিদ্ধান্ত নেন তিনি৷ চলে যান রাজস্থান রয়্যালসের ক্যাম্পে, আইপিএলের প্রস্তুতি নিতে৷ সেই প্রস্তুতি কেমন চলছে, তার ছোট্ট নজির পেশ করল রাজস্থানের ফ্র্যাঞ্চাইজি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তারা একটি ভিডিও ক্লিপ ছেড়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, নেটে ব্যাট করছেন বৈভব। আর এক টান মেরে স্কোয়ার লেগের দিকে পুল শট খেলতেই বল গিয়ে আছড়ে পড়ল দূরে। যার ধাক্কায় ফেটে গেল জলের পাইপ!
just sooryavanshi things 😅 pic.twitter.com/HtP8p5KjlQ
— Rajasthan Royals (@rajasthanroyals) February 19, 2026
ভিডিওটি মুহূর্তে ভাইরাল। কারণ, এই বয়সে এমন টাইমিং আর শক্তি সচরাচর দেখা যায় না। ১৪ বছরের এই বাঁ-হাতি ইতিমধ্যে আইপিএল (IPL 2026) মঞ্চে নিজের ছাপ রেখেছেন। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে খেলতে নেমে গড়েছেন আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটারের নজির। গুজরাট টাইটানসের (Gujarat Titans) বিরুদ্ধে ম্যাচে টি-২০ ফরম্যাটে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ানের রেকর্ডও বৈভবের ঝুলিতে।
শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নয়, বয়সভিত্তিক স্তরেও বিহারি কিশোরের দাপট স্পষ্ট। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (U19 World Cup 2026) ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০ বলে ১৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। মারেন ১৫টি চার, ১৫টি ছয়। টুর্নামেন্টের ইতিহাসে এক ইনিংসে সর্বাধিক ছয়ের রেকর্ড এখন তাঁর দখলে (৩০)। সাত ম্যাচে ৪৩৯ রান, গড় ৬২.৭১, স্ট্রাইক রেট ১৬৯.৪৯। পরিসংখ্যানই বলে দিচ্ছে, প্রতিভা কতটা পরিণত। ভারতের অনূর্ধ্ব-১৯ একদিনের ক্রিকেটেও সর্বাধিক রান সংগ্রাহক বৈভব। ২৫ ইনিংসে ১৪১২ রান। গড় ৫৬.৪৮। চারটি শতরান, সাতটি অর্ধশতরান।
গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ টিমের বিরুদ্ধে যুব টেস্টে ৫৮ বলে শতরান করে আন্তর্জাতিক ময়দানে প্রথম আলোচনায় আসা। তারপর আইপিএল মেগা নিলামে ১.১ কোটি টাকায় রাজস্থানের চুক্তি। বয়স তখন মাত্র ১৪। চাপ সামলে পারফরম্যান্স—এটাই তাঁর সবচেয়ে বড় শক্তি।
অনেক ভেবেচিন্তেই এ বছর পরীক্ষা দিলেন না বৈভব। তাঁর বাবার বক্তব্য, আগামী বছর বসবেন। আপাতত টার্গেট একটাই—ক্রিকেট। আর সেই লক্ষ্যপূরণে কতটা মনোনিবেশ করেছেন, নেটে ভাঙা পাইপের ভিডিও-ই তার প্রমাণ। বলের গতি, ব্যাটের শব্দ আর আত্মবিশ্বাস—সবকিছু মিলিয়ে ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায় লেখার ইঙ্গিত দিচ্ছেন বৈভব সূর্যবংশী।