সবাই নিজের দায়িত্ব বুঝে নিচ্ছে। শুধু মাঠে নয়, সাজঘরের পরিবেশ ভালো রাখতেও হাতে হাত দিয়ে এগিয়ে আসছে। পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের হাই–ভোল্টেজ ম্যাচের আগে স্যামসনদের ফর্ম আর ড্রেসিংরুমের এই নয়া সংস্কৃতিই টিম ইন্ডিয়ার বড় শক্তি হয়ে উঠতে পারে।

সঞ্জু স্যামসন
শেষ আপডেট: 21 September 2025 17:17
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup 2025) ওমানকে হারানোর পর ভারতীয় শিবির ফুরফুরে। শুধু জয়ের আনন্দ নয়, দলের ভেতরে তৈরি হওয়া নতুন পরিবেশও উঠে এসেছে চর্চায়, চলছে আলোচনা। সেই গল্পই এবার খুলে বললেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। জানালেন, অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) আর হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) হাত ধরে কীভাবে সাজঘরে এসেছে বদল।
বিসিসিআই (BCCI)–র শেয়ার করা এক ভিডিওতে সঞ্জুর স্পষ্ট মন্তব্য, ‘স্বীকৃতি দিতে হবে সূর্য আর গৌতি ভাইকে। ওরা যে পরিবেশ তৈরি করেছে, সেটা খুবই ফুরফুরে। সবার মর্যাদা সমান। সবাইকে একই গুরুত্ব দেওয়া হচ্ছে!’ এই সমতার বাতাবরণই কি খেলোয়াড়দের ভেতরের সেরাটা বার করে আনে? সঞ্জুর ব্যাখ্যা, ‘এমন পরিবেশেই স্বাধীনভাবে খেলা সম্ভব। তাতে দায়িত্ববোধও বাড়ে!’
ওমান ম্যাচে ওয়ান ডাউন পজিশনে ব্যাট করতে নেমে হাফ–সেঞ্চুরি করেছেন কেরলের এই ব্যাটার। ম্যাচ শেষে বললেন, ‘মাঠে সময় কাটানোর সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। দেশের হয়ে, এশিয়া কাপে খেলাটা অন্য অভিজ্ঞতা!’ এর পাশাপাশি ওমানের বোলিং নিয়েও মুখ খোলেন তিনি। সঞ্জুর বক্তব্য, ‘ওরা পাওয়ারপ্লে-তে দারুণ বল করেছে। পরিবেশ আমাদের চেয়ে ভালো চিনত। তাই প্রথমে সময় নিতে হয়েছে। প্রতিপক্ষ আর পরিস্থিতিকে সম্মান জানাতেই হয়!’
অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে ছোট্ট পার্টনারশিপ দলের কাজে দিয়েছে। তা ব্যক্তিগতভাবেও উপভোগ করেছেন সঞ্জু। বলেছেন, ‘অভির সঙ্গে ব্যাট করে মজা পেয়েছি। ও সবকিছু খুব সাধারণ রাখে। আমরা দু’জনেই খেলাটা উপভোগ করছি!’
দলের উইকেটকিপার-ব্যাটারের চোখে এখনকার টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় পরিবর্তন—সবাই নিজের দায়িত্ব বুঝে নিচ্ছে। শুধু মাঠে নয়, সাজঘরের পরিবেশ ভালো রাখতেও হাতে হাত দিয়ে এগিয়ে আসছে। পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের হাই–ভোল্টেজ ম্যাচের আগে স্যামসনদের ফর্ম আর ড্রেসিংরুমের এই নয়া সংস্কৃতিই টিম ইন্ডিয়ার বড় শক্তি হয়ে উঠতে পারে।