১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। যা দেখেশুনে শ্রীকান্তের বার্তা পরিষ্কার—অতীত-স্মরণ কিংবা স্মৃতিরোমন্থন নয়, মাঠের পারফরম্যান্স বাস্তবে বিচার করলে ভারত-পাকিস্তান লড়াই এখন আর কট্টর প্রতিদ্বন্দ্বিতা নয়।

শ্রীকান্ত
শেষ আপডেট: 16 February 2026 11:01
দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান মানেই ‘মহারণ’, ‘চিরপ্রতিদ্বন্দ্বিতা’, ‘হাইভোল্টেজ লড়াই’—এই সব বিশেষণকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিলেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Kris Srikkanth)। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) কলম্বোয় ৬১ রানে পাকিস্তানকে হারানোর পর প্রাক্তন ওপেনারের সাফ বক্তব্য, ‘ভারতের সি টিম নামালেও পাকিস্তানকে হারিয়ে দেবে।’
আর প্রেমাদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) একতরফা ম্যাচের পর নিজের ইউটিউব চ্যানেলে এমন মন্তব্য করেন শ্রীকান্ত। তাঁর মতে, এই মুহূর্তে দুই দলের মধ্যে ‘গ্রেটেস্ট রাইভালরি’ বলে কিছু হতে পারে না—মাঠের ক্রিকেটে সেই সমতা আর নেই।
‘এই পাকিস্তান দল সবচেয়ে দুর্বল’
শ্রীকান্ত সরাসরি পাকিস্তানের ব্যাটিং নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর কথায়, ‘আমি পাকিস্তানের অনেক শক্তিশালী ব্যাটিং লাইন-আপ দেখেছি—সঈদ আনোয়ার, ইনজামাম-উল-হক, রমিজ রাজা। কিন্তু এই দল? টি-২০ খেলতেই নামা উচিত নয়, যদি বাবর আজম (Babar Azam) তোমাদের প্রধান ভরসা হয়।’ সেই সঙ্গে আরও বলেন, ‘এটা পাকিস্তানের অন্যতম দুর্বল ব্যাটিং লাইন-আপ। চাপ সামলানোর মতো মানসিকতা নেই।’
টিম ইন্ডিয়ার বিরুদ্ধে পাকিস্তানের টি-২০ বিশ্বকাপ রেকর্ড এখন ৮-১। এই পরিসংখ্যানই কি প্রমাণ করে দিচ্ছে ‘হাড্ডাহাড্ডি’ তত্ত্বের অসারতা?
শাহিনের ‘হাইপ’ শেষ?
এদিন পাকিস্তানের পেস আক্রমণ নিয়েও কড়া সমালোচনা করেন শ্রীকান্ত। বিশেষ করে শাহিন শাহ আফ্রিদিকে (Shaheen Shah Afridi) ঘিরে তৈরি হওয়া ‘হাইপ’-কে কে ভুয়ো বলে দেগে দেন। তাঁর কথায়, ‘ওই যে শাহিন আফ্রিদিকে নিয়ে যত ভয় দেখানো হত—সব শেষ। একসময় ওয়াকার ইউনিস, ইমরান খান, ওয়াসিম আক্রমদের দেশ ছিল এটা। এখন একটা ভালো ফাস্ট বোলার খুঁজে পেতে হিমশিম খাচ্ছে!’
টসের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন
ম্যাচের টস নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন নির্বাচক। তাঁর মতে, এই পিচে আগে বল করার সিদ্ধান্তই ছিল ম্যাচের মোড় ঘোরানো ভুল। কটাক্ষের সুরে বলে দেন, ‘এই উইকেটে টস জিতে ফিল্ডিং নেওয়া হাস্যকর সিদ্ধান্ত। কে ঠিক করল? মাইক হেসন (Mike Hesson) না সলমন আলি আঘা (Salman Ali Agha)? বোঝাই যাচ্ছে না!’
গতকাল ভারত আগে ব্যাট করে ১৭৫ তোলে। ঈশান কিষাণের (Ishan Kishan) ৭৭ রানের ইনিংস ম্যাচ শুরুতেই শেষ করে দেয়। জবাবে ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। যা দেখেশুনে শ্রীকান্তের বার্তা পরিষ্কার—অতীত-স্মরণ কিংবা স্মৃতিরোমন্থন নয়, মাঠের পারফরম্যান্স বাস্তবে বিচার করলে ভারত-পাকিস্তান লড়াই এখন আর কট্টর প্রতিদ্বন্দ্বিতা নয়। অন্তত টি-২০ ফরম্যাটে বিস্তর ব্যবধান কার্যত স্পষ্ট।