টুর্নামেন্টের শুরুটা অবশ্য ইংল্যান্ডের খুব একটা ভাল হয়নি। গ্রুপ পর্বে নেপাল, স্কটল্যান্ড ও ইতালির মতো অ্যাসোসিয়েট দলের বিরুদ্ধে জিতলেও তা সহজ ছিল না।

ভারত বনাম ইংল্যান্ড
শেষ আপডেট: 5 March 2026 17:02
দ্য ওয়াল ব্যুরো: টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালে (T20 Wrold Cup 2026 Semi Final) মুখোমুখি হতে চলেছে ভারত-ইংল্যান্ড (Ind vs Eng World Cup Semifinal)। ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে, আর তার মাঝেই চলছে নানা ভবিষ্যদ্বাণী এবং আলোচনা। বিশেষ করে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের মন্তব্য নতুন বিতর্ক উস্কে দিচ্ছে। প্রাক্তন পাক ক্রিকেটার রশিদ লতিফ ( Rashid Latif, former Pakistan cricketer) মনে করছেন, এই ম্যাচে ইংল্যান্ড এগিয়ে থাকবে। সামান্য ভাল পারফরম্যান্স করলেই তারা ফাইনালে উঠে যেতে পারে।
প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার নিজের এই ভবিষ্যদ্বাণীর ব্যখ্যা দিয়ে বলেন, "ইংল্যান্ডের (England) ব্যাটিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী এবং কয়েকজন ব্যাটার টুর্নামেন্টে ভাল খেলেছেও। তাই সেমিফাইনালে যদি ইংল্যান্ডের একজন খেলোয়াড়ও বড় ইনিংস খেলতে পারেন, তবে ভারতের জন্য ম্যাচ জেতা কঠিন হয়ে যেতে পারে।" লতিফের কথায়, কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই ইংল্যান্ড এতদূর এসেছে এবং সেটাই তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।
টুর্নামেন্টের শুরুটা অবশ্য ইংল্যান্ডের খুব একটা ভাল হয়নি। গ্রুপ পর্বে নেপাল, স্কটল্যান্ড ও ইতালির মতো অ্যাসোসিয়েট দলের বিরুদ্ধে জিতলেও তা সহজ ছিল না। পাশাপাশি দু'বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় ব্যবধানে হারের মুখেও পড়তে হয়। তবে সুপার এইট পর্বে নিজেদের খেলায় বদল আনে হ্যারি ব্রুকের দল। তারা শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত থেকেই সেমিফাইনালে পৌঁছে যায়।
বিশেষ করে নিউজিল্যান্ডের (ENG vs NZ) বিরুদ্ধে ম্যাচটি ছিল রোমাঞ্চকর। শেষ ১৮ বলে ৪৩ রান দরকার ছিল ইংল্যান্ডের, কিন্তু চাপের মধ্যেও তারা ম্যাচ জিতে নেয়। অধিনায়ক হ্যারি ব্রুক (Harry Brook) বলেন, টানা কঠিন ম্যাচ জিতে ওঠাই ভাল দলের লক্ষণ। তাঁর মতে, দল হিসেবে ইংল্যান্ড এখন বিশ্বাস করতে শিখেছে যে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করলে ম্যাচ জেতা সম্ভব।
ভারতের বিপক্ষে খেলতে ইংল্যান্ডের (England against India) ক্রিকেটাররা দারুণ উৎসাহী। ব্রুক মনে করছেন, ভারতের বিপক্ষে ম্যাচ মানেই বড় মঞ্চ এবং প্রচণ্ড চাপের লড়াই। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা হবে, ফলে দর্শকদের অধিকাংশই থাকবেন ভারতের সমর্থনে। তবুও তিনি আশা করছেন, তাঁর দল এদিনের ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারবে।
অন্যদিকে, ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জস বাটলারের ফর্ম এখনও চিন্তার কারণ। এই টুর্নামেন্টে তিনি খুব বেশি রান করতে পারেননি। তবে দলের বাকি ক্রিকেটারদের আত্মবিশ্বাস এবং শেষ মুহূর্তে ম্যাচ জেতার মানসিকতা ইংল্যান্ডকে বাড়তি ভরসা দিচ্ছে।