২০ জুন থেকে লিডসের হেডিংলিতে শুরু হবে প্রথম টেস্ট। এদিন ইসিবি প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করল। অধিনায়ক হিসাবে বেন স্টোকসই থাকছেন। তিন বছর পর টেস্ট দলে জায়গা পেয়েছেন জেমি ওভারটন। দলে ফিরেছেন ক্রিস ওকসও।

ইংল্যান্ড টেস্ট স্কোয়াড
শেষ আপডেট: 5 June 2025 16:15
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৫ শেষ। এখন ভারতের ক্রিকেটপ্রেমী জনতার চোখ ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের (India-England Test Series) দিকে। পাঁচ টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ড (England Tour) যাবে শুভমান গিলের ভারত। সেই সিরিজের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। এবার ইংল্যান্ডও তাদের প্রথম টেস্টের স্কোয়াড (England Test Squad) ঘোষণা করল।
২০ জুন থেকে লিডসের হেডিংলিতে শুরু হবে প্রথম টেস্ট (First Test in Hedingly)। এদিন ইসিবি (ECB) প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করল। অধিনায়ক হিসাবে বেন স্টোকসই থাকছেন। তিন বছর পর টেস্ট দলে জায়গা পেয়েছেন জেমি ওভারটন। দলে ফিরেছেন ক্রিস ওকসও।
ওভারটনের টেস্ট অভিষেক হয়েছিল ২০২২ সালের জুনে, হেডিংলিতেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই টেস্টে এই ইংলিশ অলরাউন্ডার দু’টি উইকেট নিয়েছিলেন এবং কেরিয়ার সেরা ৯৭ রান করেছিলেন। তিন বছর পর ইংল্যান্ডের টেস্ট দলে প্রত্যাবর্তন হল তাঁর।
ফাস্ট বোলার ক্রিস ওকসও দলে জায়গা পেয়েছেন। ইংল্যান্ডের জার্সিতে ওকস শেষবার লাল বলের ক্রিকেট খেলেছিলেন ২০২৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে। দলে জায়গা পেয়েছেন বাঁহাতি ব্যাটার জ্যাকব বেথেল।
তবে ইংল্যান্ড আসন্ন সিরিজে পাবে না তাদের তিন সেরা ফাস্ট বোলারকে। মার্ক উড এবং অলি স্টোন দু’জনেই হাঁটুতে চোট পাওয়ার পর রিহ্যাবে আছেন। পাশাপাশি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় আঙুলের চোট পেয়েছিলেন জোফরা আর্চার। তাঁকেও রাখা হয়নি প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে। দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে আর্চারের ফিট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। দ্বিতীয় টেস্ট ম্যাচটি ২ জুলাই বুধবার বার্মিংহামের এজবাস্টনে শুরু হবে।
প্রথম টেস্টের জন্য ইংল্যান্ড দল:
বেন স্টোকস (অধিনায়ক), শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, জেমি ওভারটন, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টং, ক্রিস ওকস।