প্রথম দুই টেস্টে ৫৫ গড়ে রান করা যশস্বী শেষ তিনটি টেস্টের পাঁচ ইনিংসেই ব্যর্থ। এই সময় তাঁর গড় ছিল মাত্র ১৪.৬।

যশস্বী জয়সওয়াল
শেষ আপডেট: 1 August 2025 13:00
দ্য ওয়াল ব্যুরো: লন্ডনের ওভালে চলছে ইংল্যান্ড ও ভারতের মধ্যে চলতি সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট (England vs India Fifth Test, Oval)। এই টেস্টে ভারতের পরাজয় বা হার মানেই সিরিজ পকেটে পুড়ে নেবে ইংল্যান্ড। আজ টেস্টের দ্বিতীয় দিন। প্রথম দিনের অনেকটা সময়ই বৃষ্টির কারণে পণ্ড হয়েছে। প্রথম দিন স্টাম্পের সময় টিম ইন্ডিয়ার রান ছিল ছয় উইকেট হারিয়ে ২০৪।
সিরিজের আগের টেস্টগুলিতে ভারতের টপ অর্ডার ব্যাটাররা ধারাবাহিক ভাবে পারফর্ম করে এলেও পঞ্চমটিতে ব্যর্থ তাঁরা। এই টেস্টে এখন পর্যন্ত ভারতের একমাত্র খেলোয়াড় হিসাবে হাফ সেঞ্চুরি করেছেন করুণ নায়ার। তিনি ৫২ রানে অপরাজিত আছেন, আর ওয়াশিংটন সুন্দর রয়েছেন ১৯ রানে অপরাজিত। দু’জনের জুটিত এখন পর্যন্ত উঠেছে ৫১ রান।
প্রথম দুই টেস্টে দুরন্ত পারফরম্যান্স করার পর থেকেই ভারতের ওপেনার যশস্বী জয়সওয়ালের (Jashasvi Jaiswal) ব্যাটে চলছে রানের খরা। ওভাল টেস্টের প্রথম দিন ভারতীয় দলের ব্যাটিং ছিল খুবই খারাপ। টানা তৃতীয় টেস্টে ব্যর্থ হয়েছেন যশস্বী। মাত্র দুই রান করে প্যাভিলিয়নে ফিরে যান মুম্বইয়ের এই ওপেনার।
প্রথম দুই টেস্টে ৫৫ গড়ে (Average) রান করা যশস্বী শেষ তিনটি টেস্টের পাঁচ ইনিংসেই ব্যর্থ। এই সময় তাঁর গড় ছিল মাত্র ১৪.৬। এজবাস্টনে ভারতের জয়ে ওপেনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তবে দ্বিতীয় টেস্টের পর থেকেই যশস্বীর তাড়াতাড়ি আউট হওয়ার কারণে টিম ইন্ডিয়ার শুরুটা মোটেও ভাল হচ্ছে না।
লিডস এবং এজবাস্টনে প্রথম দু’টি টেস্টের চারটি ইনিংসে যশস্বী ৫৫ গড়ে করেছিলেন ২২০ রান। এর মধ্যে ছিল একটি সেঞ্চুরি এবং একটি অর্ধ-শতক। চলতি সিরিজের প্রথম চার ইনিংসে তাঁর রান ছিল যথাক্রমে ১০১, ৪, ৮৭ এবং ২৮। প্রথম দুই টেস্টেই ভারতের হয়ে শুরুটা ভাল করেছিলেন দুই ওপেনার যশস্বী এবং কেএল রাহুল। প্রথম টেস্টে লিডসের দুই ইনিংসে তাঁদের ওপেনিং জুটিতে উঠেছিল যথাক্রমে ৯১ এবং ১৯ রান। এরপর এজবাস্টনে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে এই জুটি তুলেছিল যথাক্রমে ১৯ ও ৫১ রান।
তবে এর পর থেকেই ব্যর্থতা গ্রাস করে যশস্বীকে। লর্ডস, ম্যাঞ্চেস্টার এবং এখন ওভালে পাঁচ ইনিংসেই ব্যর্থ ভারতের এই ওপেনার। গত তিনটি টেস্টের পাঁচ ইনিংসে যশস্বী ১৪.৬ গড়ে ৭৩ রান করেছেন। এর মধ্যে একটি হাফ সেঞ্চুরি রয়েছে। এই সময়ের মধ্যে তাঁর রান যথাক্রমে ১৩, ০, ৫৮, ০ এবং ২।
শেষ তিনটি টেস্টের পাঁচ ইনিংসে ভারতের ওপেনিং জুটিতে উঠেছে যথাক্রমে ১৩, ৫, ৯৪, ০ এবং ১০ রান। লর্ডসের দ্বিতীয় ইনিংসে ভারতকে জয়ের জন্য করতে হতো ১৯৩ রান। সেই সময় যশস্বী ভুল শট খেলে উইকেট হারান।
যশস্বীর টেস্ট কেরিয়ারের পরিসংখ্যান অবশ্য দুর্দান্ত। ভারতের এই ওপেনার এখন পর্যন্ত ২৪ টেস্টের ৪৫ ইনিংসে ৪৮.৬৩ গড়ে ২০৯১ রান করেছেন। এর মধ্যে রয়েছে পাঁচটি সেঞ্চুরি এবং ১২টি অর্ধশতক। টেস্টে তাঁর সর্বোচ্চ রান ২১৪।