৪৩০-৪ কিছুক্ষণের মধ্যে হয়ে গেল ৪৭১-১০। মাত্র ৪১ রানের মধ্যে শেষ ৬টি উইকেট পড়ল ভারতের।

ঋষভ পন্থ
শেষ আপডেট: 21 June 2025 19:15
দ্য ওয়াল ব্যুরো: ২২১ রানে পতন হয়েছিল দ্বিতীয় উইকেটের। ১০১ রান করে প্যাভিলয়নে ফিরেছিলেন যশস্বী জয়সওয়াল। তৃতীয় উইকেটের জুটিতে অধিনায়ক শুভমান গিল তাঁর ডেপুটি ঋষভ পন্থকে নিয়ে যোগ করেন ২০৯ রান। ইতিমধ্যে ভারতের প্রথম ইনিংসে (India First Innings) হয়ে গিয়েছে তিনটি শতরান। ১৪৭ রান করে গিল যখন ফেরেন, দলের রান ৪৩০।
ক্রিজে তখনও রয়েছেন বিধ্বংসী হয়ে ওঠা ঋষভ। কিন্তু অধিনায়ক আউট হওয়ার পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি সহ-অধিনায়কও। ১৩৪ রান করে আউট হন পন্থ। তার আগেই অবশ্য খাতা না খুলে ফিরে গিয়েছেন করুণ নায়ার। প্রত্যাবর্তন ম্যাচ তাঁর কাছে মোটেও সুখকর হল না। ৪৩০-৪ কিছুক্ষণের মধ্যে হয়ে গেল ৪৭১-১০। মাত্র ৪১ রানের মধ্যে শেষ ৬টি উইকেট পড়ল ভারতের।
টিম ইন্ডিয়ার স্কোর বোর্ড দেখাচ্ছে, প্রথম ইনিংসের ৪৭১ রানের মধ্যে তিন জন ব্যাটার মিলে করেছেন ৩৮২ রান। এছাড়া কেএল রাহুলের ব্যাট থেকে এসেছে ৪২ রান। অর্থাৎ বাকি ব্যাটারদের মিলিত অবদান মাত্র ৪৭ রান। যার মধ্যে তিনজন খাতাই খুলতে পারেননি। এই তিন ব্যাটার হলেন- সাই সুদর্শন, করুণ নায়ার ও জসপ্রীত বুমরাহ।
টিম ইন্ডিয়ার শেষ ছয় ব্যাটারের অবদান- ০, ১১, ১, ০, ৩, ১। দেখে মনে হতে পারে বিএসএনএল-এর পুরনো দিনের ল্যান্ড লাইন নম্বর। যেখানে একসময় মনে হচ্ছিল ভারতের প্রথম ইনিংসের রান হাসতে হাসতে ৫০০ পেরিয়ে যাবে, সেটা টেলএন্ডারদের ব্যর্থতায় আর হল কই? যে দুই ক্রিকেটারকে তাঁদের অলরাউন্ড দক্ষতার জন্য নেওয়া হয়েছিলে, সেই দু’জন রবীন্দ্র জাদেজা ও শার্দূল ঠাকুর করলেন যথাক্রমে ১১ ও ১ রান। এই যদি জাদেজার ব্যাটিংয়ের হাল হয়, তাহলে কেন কুলদীপ যাদবকে খেলানোর দাবি জোরাল হবে না? প্রাক্তন ক্রিকেটাররাও যেখানে বলছেন ইংল্যান্ডের পিচ ও আবহাওয়ায় জাদেজার থেকে কুলদীপ বেটার অপশন।
শুভমনের নেতৃত্বে ভারতের টপ অর্ডার বুঝতে দেয়নি বিরাট কোহলি, রোহিত শর্মাদের অনুপস্থিতি। তবে প্রতি ম্যাচে টপ অর্ডার রান করে দেবে না। লোয়ার অর্ডারকেও ভূমিকা নিতে হবে। আর ভারতীয় ক্রিকেটের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, লোয়ার অর্ডারের ধারাবাহিক ব্যর্থতা।
বেন স্টোকস যদি প্রাথমিক আঘাত হানেন, তবে ভারতীয় লোয়ার অর্ডারকে ভেঙেছেন জশ টঙ। দু’জনেই নিয়েছেন চারটি করে উইকেট।