পথে ভারতের নতুন টেস্ট অধিনায়ক ভেঙেছেন রাহুল দ্রাবিড়ের ২৩ বছরের পুরনো রেকর্ড।

শুভমান গিল
শেষ আপডেট: 14 July 2025 16:13
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজের (England vs India Test Series) প্রথম ম্যাচে লিডসে শতরান পেয়েছিলেন শুভমান গিল (Shubman Gill)। এরপর দ্বিতীয় টেস্টে এজবাস্টনের দুই ইনিংসেই শতরান করেন ভারতের লাল বলের ক্রিকেটের নতুন অধিনায়ক। তবে তৃতীয় টেস্টে লর্ডসে ব্যাট তাঁর হয়ে কথা বলেনি।
লর্ডসে প্রথম ইনিংসে গিল করেছিলেন ১৬ রান আর দ্বিতীয় ইনিংসে করেন মাত্র ছয় রান। কিন্তু তৃতীয় টেস্টে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ছয় রান করার পথে শুভমান গিল নজির গড়ে ফেলেছেন। ইংল্যান্ডের মাটিতে একটি সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার হলেন এই পাঞ্জাব পুত্তর। এই নজির গড়ার পথে ভারতের নতুন টেস্ট অধিনায়ক ভেঙেছেন রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ২৩ বছরের পুরনো রেকর্ড। লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ২ রান করে গিল এই বড় মাইলফলক অর্জন করেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৩ ম্যাচের ৬ ইনিংসে গিলের এখন পর্যন্ত মোট রান ৬০৩। আরও বাকি রয়েছে দু’টি টেস্ট। ফলে গিলের কাছে সুযোগ রয়েছে এই রান সংখ্যাকে আরও বাড়িয়ে নিয়ে যাওয়ার।
২০০২ সালে রাহুল দ্রাবিড় ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ ম্যাচের সিরিজে ৬০২ রান করেছিলেন। এবার সেই রান সংখ্যা তিন টেস্ট খেলেই টপকে গেলেন গিল। লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩তম ওভারের শেষ বলে দুই রান নিয়ে তিনি দ্রাবিড়ের ২৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেন তিনি।
ইংল্যান্ডের মাটিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করা ব্যাটররা
খেলোয়াড় | বছর | ম্যাচ | রান |
শুভমান গিল | ২০২৫ | ৩* | ৬০৭* |
রাহুল দ্রাবিড় | ২০০২ | ৪ | ৬০২ |
বিরাট কোহলি | ২০১৮ | ৫ | ৫৯৩ |
সুনীল গাভাস্কার | ১৯৭৯ | ৪ | ৫৪২ |
রাহুল দ্রাবিড় | ২০১১ | ৪ | ৪৬১ |
ভারতের হয়ে একটি টেস্ট সিরিজে অধিনায়ক হিসাবে সর্বাধিক রানের রেকর্ডটি অবশ্য রয়েছে সুনীল গাভাসকরের দখলে। সানি ১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬টি টেস্টে ৭৩২ রান করেছিলেন। এই তালিকায় এর পরেই রয়েছেন বিরাট কোহলি। অধিনায়ক হিসাবে কিং কোহলি ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচে ৬৫৫ রান করেছিলেন। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচে বিরাট করেছিলেন ৬১০ রান। গিলের সামনে এখন রয়েছে বিরাট কোহলি এবং গাভাসকরের রেকর্ড ভাঙার দুর্দান্ত সুযোগ।