এমসিসি এই বিষয়টি তদন্ত করে জানিয়েছে, বল হাত থেকে বেরনোর সময় ভারতীয় বোলার কোনও ভুল করেননি।

আকাশ দীপের বলে আউট জো রুট
শেষ আপডেট: 8 July 2025 18:16
দ্য ওয়াল ব্যুরো: এজবাস্টনে দুরন্ত প্রত্যাবর্তন করে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ধরাশায়ী করেছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ড ব্যাটিংকে ভেঙে দিয়ে ম্যাচের অন্যতম নায়ক বাংলার পেসার আকাশ দীপ। দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ১০টি উইকেট। যার মধ্যে দ্বিতীয় ইনিংসে রয়েছে ছয়টি উইকেট।
কিন্তু এজবাস্টন টেস্টে (Edgbaston Test) ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুটের আউট নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে আকাশ দীপের (Akash Deep) বলে উড়ে যায় রুটের (Joe Root) স্টাম্প। রুটের রান তখন ছয়। কিন্তু দিনের খেলা শেষ হওয়ার পর, আকাশদীপের এই বলটিকে ‘নো’ ঘোষণা করা হয়। এরপর বিষয়টি পৌঁছয় এমসিসিতে (MCC)। এবার সেই বল নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল এমসিসি।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের দশম ওভারের দ্বিতীয় বলে আকাশদীপ রুটকে বোল্ড করেন। আকাশদীপের ইনসুইংয়ের কোনও উত্তর রুটের কাছে ছিল না। তবে এর কিছুক্ষণ পরেই একটি ভিডিও প্রকাশিত হয়, যার ভিত্তিতে বলা হয় যে আকাশদীপের ব্যাক ফুট ক্রিজের সাইড লাইনের বাইরে চলে গিয়েছিল। এর পর ইংল্যান্ডের মিডিয়া দাবি করতে শুরু করে, বলটি ‘নো’ ছিল, আউট নন রুট। শুরু হয় বিতর্ক।
এবার এমসিসি এই বিষয়টি তদন্ত করে জানিয়েছে, বল হাত থেকে বেরনোর সময় ভারতীয় বোলার কোনও ভুল করেননি। এমসিসি জানিয়েছে, নিয়ম অনুযায়ী পা সীমানার মধ্যেই থাকা উচিত। তারা বলেছে, এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে, মাটির সঙ্গে পায়ের প্রথম স্পর্শটি কোথায় হয়েছিল। এর পরে, যদি পা লাইন স্পর্শ করে বা বাইরে চলে যায় তবে তা বৈধ নয়। আকাশদীপের পায়ের প্রথম স্পর্শটি ক্রিজের ভেতরে ছিল। অতএব, এই বলটি সঠিক।