ঋষভ এখন পর্যন্ত ১৭টি টেস্টে লক্ষ্য তাড়া করার সময় ব্যাট করেছেন। ১১টি ইনিংসে তিনি ৫১.৭৭ গড়ে ৪৬৬ রান করেছেন।

ঋষভ পন্থ
শেষ আপডেট: 14 July 2025 14:11
দ্য ওয়াল ব্যুরো: আর কিছুক্ষণ পরেই শুরু হবে লর্ডসের পঞ্চম দিনের খেলা। ভারতের জিততে চাই ১৩৫ রান আর ইংল্যান্ডের প্রয়োজন ছয় উইকেট। তবে ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের চতুর্থ দিন লর্ডসের (England vs India, Third Test Lords) পিচ যে ধরনের আচরণ করেছে, তা দেখে কিন্তু মনে হচ্ছে ১৩৫ রানটাই অনেক বেশি।
ভারত তাদের দ্বিতীয় ইনিংস ভাল শুরু করতে পারেনি। দ্বিতীয় ওভারে খাতা না খুলেই আউট হন ওপেনার যশস্বী জয়সওয়াল। রান পাননি করুণ নায়ার (১৪) এবং অধিনায়ক শুভমান গিলও (০৬)। নাইটওয়াচম্যান হিসাবে নেমে মোটেও সুবিধা করতে পারেননি আকাশ দীপ (০)।
দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়াকে ভরসা যোগাচ্ছেন ওপেনার কেএল রাহুল। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৪৭ বলে ৩৩ রান করে চতুর্থ দিন মাঠ ছেড়েছেন রাহুল। তবে প্রশ্ন উঠছে যে, ভারতের সমস্যা সমাধানকারী কে হবেন? বাকি খেলোয়াড়দের মধ্যে কেবল ঋষভ পন্থই প্রতিষ্ঠিত ব্যাটার। এ ছাড়া বাকিরা অলরাউন্ডার বা বোলার। পন্থের কাছ থেকে টিম ইন্ডিয়ার অনেক প্রত্যাশা রয়েছে। সকলেই মনে করছেন রাহুল-পন্থ জুটি দাঁড়িয়ে গেলে ভারতের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা।
ঋষভ পন্থ (Rishabh Pant) এখন পর্যন্ত ১৭টি টেস্টে লক্ষ্য তাড়া করার সময় ব্যাট করেছেন, অর্থাৎ টেস্টের চতুর্থ ইনিংসে। ১১টি ইনিংসে তিনি ৫১.৭৭ গড়ে ৪৬৬ রান করেছেন। এর মধ্যে রয়েছে তিনটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি। চতুর্থ ইনিংসে ব্যাট করার সময় তিনি ৮৩.৬ শতাংশ নিয়ন্ত্রণ নিয়ে ব্যাট করেন। তিনি ছাড়া, বর্তমান লাইন-আপের অন্য কোনও ব্যাটারের চতুর্থ ইনিংসে এমন রেকর্ড নেই।
কেএল রাহুলের চতুর্থ ইনিংসে গড়ে ২৬.৪২। তিনি ১৮ ইনিংসে ৩৭০* রান করেছেন। এর মধ্যে একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি রয়েছে। পাশাপাশি রবীন্দ্র জাদেজা চতুর্থ ইনিংসে ১২ ইনিংসে ১৫.৩০ গড়ে ১৫৩ রান করেছেন। ওয়াশিংটন সুন্দর চতুর্থ ইনিংসে পাঁচ ইনিংসে ১৫.০০ গড়ে ৬০ রান করেছেন। নীতীশকুমার রেড্ডি এখনও পর্যন্ত চতুর্থ ইনিংসে একবার ব্যাট করে মাত্র এক রান করেছেন।
চতুর্থ ইনিংসে এই ব্যাটারদের পরিসংখ্যান
ব্যাটার | ইনিংস | রান | গড় |
|---|---|---|---|
ঋষভ পন্থ | ১১ | ৪৬৬ | ৫১.৭৭ |
কেএল রাহুল | ১৮ | ৩৭০ | ২৬.৪২ |
রবীন্দ্র জাদেজা | ১২ | ১৫৩ | ১৫.৩০ |
ওয়াশিংটন সুন্দর | ৫ | ৬০ | ১৫.০০ |
নীতিশ রেড্ডি | ১ | ১ | ১.০০ |
২০০-এর কম রান তাড়া করার সময় টিম ইন্ডিয়ার রেকর্ডও
চতুর্থ ইনিংসে পন্থের পরিসংখ্যান বিরাট কোহলি এবং রোহিত শর্মার থেকেও ভাল। কোহলি ৩২টি ইনিংসে ৪২.৩৮ গড়ে ১১০২ রান করেছিলেন। আর রোহিত ২২টি ইনিংসে ২৭.২২ গড়ে ৪৯০ রান করেছেন।
SENA দেশগুলিতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া) টেস্টে ২০০ বা তার কম রান তাড়া করার সময় টিম ইন্ডিয়ার রেকর্ড অবশ্য দুর্দান্ত। এই ম্যাচের আগে, তারা ১৩ বার ২০০ বা তার কম রান তাড়া করেছে এবং নয়বার জিতেছে। পাশাপাশি টিম ইন্ডিয়া হেরেছে একটি ম্যাচে এবং তিনটি টেস্ট ড্র হয়েছে।
ইংল্যান্ডে ভারতের সর্বোচ্চ সফল রান তাড়া করার রেকর্ড
লক্ষ্য | বিপক্ষ | স্থান | বছর |
|---|---|---|---|
১৭৪/৬ | ইংল্যান্ড | ওভাল | ১৯৭১ |
১৩৬/৫ | ইংল্যান্ড | লর্ডস | ১৯৮৬ |
৭৩/৩ | ইংল্যান্ড | ট্রেন্ট ব্রিজ | ২০০৭ |
লর্ডস এবং ইংল্যান্ডে তাড়া করার সময় ভারতের রেকর্ড
লর্ডসে এবং ইংল্যান্ডে ভারতের রান তাড়া করার রেকর্ড তেমন নজরকাড়া নয়। টিম ইন্ডিয়া লর্ডসে মাত্র তিনটি টেস্ট জিতেছে এবং এর মধ্যে কেবল ১৯৮৬ সালে তারা স্কোর তাড়া করে ম্যাচ জিতে নেয়। সেই ম্যাচে কপিল দেবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ১৩৬ রান তাড়া করে পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয়। কপিলই ছিলেন ম্যাচের সেরা খেলোয়াড়।
ইংল্যান্ডে ভারত মাত্র তিনবার সফলভাবে রান তাড়া করতে পেরেছে। লর্ডসে ১৯৮৬ সালের জয় ছাড়াও, ভারত ১৯৭১ সালে ওভালে চতুর্থ এবং ২০০৭ সালে নটিংহ্যামে সফলভাবে রান তাড়া করে ম্যাচ জিতেছিল। ১৯৭১ সালে, ভারত ওভালে ১৭৪ রান (ছয় উইকেট হারিয়ে) এবং ২০০৭ সালে, ভারত নটিংহ্যামে (ট্রেন্ট ব্রিজে) ৭৩ রান (তিন উইকেট হারিয়ে) তাড়া করেছিল। পাশাপাশি ইংল্যান্ড লর্ডসে চতুর্থ ইনিংসে দু’বার ২০০ রানেরও কম লক্ষ্যমাত্রা রক্ষা করতে পেরেছে। তারা ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং ১৯৫৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তা করেছিল।
লর্ডসে সফলভাবে সর্বনিম্ন স্কোর রক্ষা
লক্ষ্য | টিম | স্কোর | প্রতিপক্ষ দল | বছর |
|---|---|---|---|---|
১২৪ | অস্ট্রেলিয়া | ৬২ | ইংল্যান্ড | ১৮৮৮ |
১৮২ | ইংল্যান্ড | ৩৮ | আয়ারল্যান্ড | ২০১৯ |
১৮৩ | ইংল্যান্ড | ১১১ | দক্ষিণ আফ্রিকা | ১৯৫৫ |
২৩৯ | ইংল্যান্ড | ৬৮ | নিউজিল্যান্ড | ২০১৩ |
২৭২ | ভারত | ১২০ | ইংল্যান্ড | ২০২১ |
২৮৩ | পাকিস্তান | ২০৭ | ইংল্যান্ড | ২০১৬ |
২৯৬ | ইংল্যান্ড | ২২৩ | ওয়েস্ট ইন্ডিজ | ১৯৯৫ |
৩০৯ | দক্ষিণ আফ্রিকা | ১৫১ | ইংল্যান্ড | ১৯৩৫ |
৩১৯ | ভারত | ২২৩ | ইংল্যান্ড | ২০১৪ |
৩৩১ | ইংল্যান্ড | ১১৯ | দক্ষিণ আফ্রিকা | ২০১৭ |