ভারতীয় দলের বাকি বোলারদের বুমরাহর সঙ্গে কথা বলা উচিত এবং তার কাছ থেকে শেখা উচিত। তাদের উচিত বুমরাহর সঙ্গে পরিকল্পনা করা এবং তাকে সমর্থন করার চেষ্টা করা। লিডস টেস্টে বাকি বোলাররা যদি বুমরাহকে সমর্থন করত, তাহলে আমরা সহজেই ম্যাচটি জিততে পারতাম।

মহম্মদ শামি
শেষ আপডেট: 27 June 2025 18:59
দ্য ওয়াল ব্যুরো: জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) সঙ্গে জুটি বেঁধে ভারতকে অনেক টেস্ট জিতিয়েছেন বাংলার পেসার মহম্মদ সামি (Mohammed Shami)। এবার অবশ্য তিনি ভারতীয় দলের সদস্য হিসাবে ইংল্যান্ড সফরে যাননি (England vs India Test Series)। বিসিসিআই নির্বাচকরা জানিয়েছেন, চোটের জন্যই এই তারকা পেসার দলে স্থান পাননি। তবে অনেকেই মনে করছেন, চোট নয়, এর পিছনে রয়েছে টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর ও বোর্ডের নির্বাচক প্রধান অজিত আগরকরের মস্তিষ্ক। তারুণ্যে জোর দিতেই বাদ দেওয়া হয়েছে সামিকে।
তবে ইংল্যান্ড সফরের প্রথম টেস্টেই মহম্মদ সামির অভাব অনুভূত হয়েছে। বুমরাহ ছাড়া আর কোনও ভারতীয় পেসারই ইংল্যান্ডের ব্যাটারদের বিব্রত করতে পারেননি। বিশেষজ্ঞরা বলছেন, বুমরাহর পাশে সামি থাকলে প্রথম টেস্টের ফলাফল অন্যরকম হতে পারত।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় বোলাররা (Indian Bowlers) ৩৭১ রানের স্কোর রক্ষা করতে পারেননি। আর এই বিষয়ে রীতিমতো ক্ষুব্ধ মহম্মদ সামি। ২২৯টি টেস্ট উইকেটের মালিক ভারতীয় বোলারদের উদ্দেশে বলেছেন, জসপ্রীত বুমরাহের কাছ থেকে শেখা উচিত। তিনি মনে করছেন, অন্যান্য বোলারদেরও বুমরাহকে সমর্থন করা উচিত ছিল।
প্রথম টেস্টে ভারত পাঁচ উইকেটে হেরে যায়। হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে বুমরাহ কোনও উইকেট পাননি। তবে তিনি উইকেট না পেলেও বারবার ইংলিশ ব্যাটারদের বিব্রত করেছেন। প্রথম টেস্টে বাকি তিন ফাস্ট বোলার (মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর এবং প্রসিদ্ধ কৃষ্ণ) প্রচুর রান খরচ করেছেন।
ভারতের দুর্বল বোলিং দেখে সামি রীতিমতো ক্ষিপ্ত হয়ে তাঁর ইউটিউব চ্যানেলে দলের বোলারদের বুমরাহ থেকে শেখার এবং তাঁকে সমর্থন করার পরামর্শ দিয়েছেন। সামি বলেন, “ভারতীয় দলের বাকি বোলারদের বুমরাহর সঙ্গে কথা বলা এবং তার কাছ থেকে শেখা উচিত। তাদের উচিত বুমরাহর সঙ্গে পরিকল্পনা করা এবং তাকে সমর্থন করার চেষ্টা করা। লিডস টেস্টে বাকি বোলাররা যদি বুমরাহকে সমর্থন করত, তাহলে আমরা সহজেই ম্যাচটি জিততে পারতাম।”
সামি আরও বলেন, “আমাদের বোলিংয়ে আরও একটু বেশি পরিশ্রম করতে হবে। দ্বিতীয় ইনিংসে শার্দূল পরপর দু’টি উইকেট নিয়েছিল, কিন্তু ততক্ষণে ম্যাচ অনেক দূরে চলে গিয়েছে। আমাদের নতুন বলে উইকেট নিতে হবে। প্রথম টেস্টে ইংল্যান্ডের জয়ের একটি বড় কারণ হল আমরা তাদের খুব সহজেই রান করতে দিয়েছিলাম।”
বার্মিংহামের এজবাস্টনে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২ জুলাই থেকে। এই টেস্টে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে খবর। বুমরাহ যদি বাইরে থাকেন, তাহলে তাঁর জায়গায় আর্শদীপ সিং বা আকাশ দীপকে প্লেয়িং ইলেভেনে জায়গা দেওয়া হতে পারে।