কুম্বলে বলেছেন, রেড্ডি হলেন এমন একজন বোলার, যাঁকে পেসারদের বিশ্রাম দিতে ব্যবহার করা যেতে পারে।

অনিল কুম্বলে ও নীতীশকুমার রেড্ডি
শেষ আপডেট: 11 July 2025 14:44
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার থেকে ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট (England vs India Third Test) শুরু হয়েছে ঐতিহাসিক লর্ডসে (Lords)। টানা তৃতীয় টেস্টে টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। এর আগের দুই টেস্টে টসে জিতে অবশ্য তিনি প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
তবে তৃতীয় টেস্টের প্রথম দিনে ভারত অধিনায়ক শুভমান গিলের একটি সিদ্ধান্ত সকলকে চমকে দেয়। বল পুরনো হওয়ার আগেই ইনিংসের ১৪তম ওভারে তিনি নিয়ে আসেন অলরাউন্ডার নীতীশকুমার রেড্ডিকে (Nitish Kumar Reddy)। রেড্ডিও অধিনায়ককে নিরাশ করেননি। প্রথম ওভারেই তুলে নেন ইংল্যান্ডের দুই ওপেনারকে।
প্রথম টেস্টে সুযোগ না পাওয়ার পর দ্বিতীয় টেস্টে এজবাস্টনে এই ভারতীয় অলরাউন্ডার প্রথম একাদশে থাকলেও ব্যাট ও বলে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। অনেকেই তাঁর বদলে লর্ডসে দেখতে চেয়েছিলেন কুলদীপ যাদবকে। কিন্তু তৃতীয় টেস্টে অবশ্য রেড্ডি নিরাশ করেননি। তাঁর উপর অধিনায়কের আস্থার পুরোপুরি সদ্ব্যবহার করেছেন। ইংল্যান্ডের ইনিংসের প্রথম দুই উইকেটই তুলে নেন নীতীশ। দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেটকে ফেরান যথাক্রমে ১৮ ও ২৩ রানে।
নীতীশের এই পারফরম্যান্সের প্রশংসা করেছেন ভারতের প্রাক্তন স্পিনার অনিল কুম্বলে (Anil Kumble)। তাঁর মতে নীতিশকুমার রেড্ডি একজন প্রতিশ্রুতিবান অলরাউন্ডার। ভারতের কিংবদন্তি লেগ-স্পিনার কুম্বলে বলেছেন, রেড্ডি হলেন এমন একজন বোলার, যাঁকে পেসারদের বিশ্রাম দিতে ব্যবহার করা যেতে পারে।
নীতীশ তাঁর প্রথম ওভারের তৃতীয় বলেই ডাকেটকে লেগ সাইডে ফাঁদে ফেলেন। পুল শট মারতে গিয়ে ঋষভ পন্থের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান ডাকেট। ওই ওভারের শেষ বলে অপর ওপেনার ক্রলির উইকেটও তুলে নেন ভারতের এই অলরাউন্ডার।
কুম্বলে বলেছেন, "নীতীশকুমার রেড্ডি এতটাই ভাল বল করেছিল যে আমি অবাক হয়ে গিয়েছিলাম। ও ধারাবাহিকভাবে সঠিক জায়গায় বল করে যাচ্ছিল। পা লক্ষ্য করে ক্রমাগতশর্ট বল করে যাওয়ার জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন। খুবই শৃঙ্খলাবদ্ধ বোলিং করছিল নীতীশ। জ্যাক ক্রলিকে যে বলে আউট করল, তা ছিল অসাধারণ।"
নীতীশের অলরাউন্ড দক্ষতা সম্পর্কে ভারতীয় টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি বলেছেন, "অস্ট্রেলিয়াতেও বেশ ভাল করেছে। ব্যাট হাতে সেঞ্চুরি করেছে এবং খুব বেশি উইকেট না নিলেও শৃঙ্খলাবদ্ধ বোলিং করেছে। ওর মতো একজনের কাছ থেকে যা প্রয়োজন, তা হল জুটি ভাঙা এবং নিয়ন্ত্রণ বজায় রেখে ফাস্ট বোলারদের বিশ্রাম দেওয়া।"
কুম্বলে সেই সঙ্গে বলেছেন, "নীতীশ এক স্পেলে প্রায় ১৪ ওভার বোলিং করেছে। এতে ফিটনেস এবং নিয়ন্ত্রণের প্রমাণ পাওয়া যায়। ও একজন তরুণ ক্রিকেটার, একজন দক্ষ ব্যাটার। পাশাপাশি একজন ভাল ফিল্ডার। ভারতের উচিত তার যত্ন নেওয়া।"