কোনও মতে শেষ করেন বুমরাহর ওভার। এরপরই তিনি সাপোর্টস্টাফদের সঙ্গে মাঠের বাইরে চলে যান।

ঋষভ পন্থ
শেষ আপডেট: 11 July 2025 13:09
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট (England vs India Third Test)। লর্ডসে (Lords) অনুষ্ঠিত এই টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করছে ইংল্যান্ড। অবশ্য প্রথম দুই টেস্টেও টসে জিতেছিলেন বেন স্টোকস। প্রথম দু’বার লিডস ও এজবাস্টনে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক, এবার অবশ্য তিনি উল্টো পথে হেঁটেছেন।
তবে তৃতীয় টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের বাজবল ক্রিকেট দেখা যায়নি। তার প্রথম দিনে ৮৩ ওভার খেলে চার উইকেট হারিয়ে তুলেছে ২৫১ রান, যা মোটেও ব্রেন্ডন ম্যাককালামের আমলে মানানসই নয়।
REL
তবে লর্ডসের প্রথম দিনে টিম ইন্ডিয়ার চিন্তা বাড়িয়েছে সহ-অধিনায়ক ঋষভ পন্থের চোট (Rishabh Pant, Injury)। উইকেটকিপিং করার সময় আঙুলে বল লেগে চোট পান দলের এই নির্ভরযোগ্য উইকেটরক্ষক-ব্যাটার। চোটের গুরুত্ব এতটাই ছিল যে, তাঁকে মাঠ থেকে বেরিয়ে যেতে হয়। ঋষভের পরিবর্তে এরপর উইকেটরক্ষকের দায়িত্ব সামলান ধ্রুব জুরেল।
পন্থের চোট প্রসঙ্গে বিসিসিআই জানিয়েছে, “টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক ঋষভ পন্তের বাম তর্জনীতে চোট লেগেছে। বর্তমানে মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। ধ্রুব জুরেল ঋষভের অনুপস্থিতিতে উইকেটরক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন।”
চোট পাওয়ার পরই অবশ্য মাঠে চিকিৎসা শুরু হয়। কিন্তু তাতেও অবস্থার পরিবর্তন না হওয়ায় শেষ পর্যন্ত মাঠ ছেড়ে বেরিয়ে যান ঋষভ পন্থ।
RISHABH PANT OFF THE FIELD FOR SOME TREATMENT.
- Dhruv Jurel keeping the wickets! pic.twitter.com/aaHiqcF0st— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 10, 2025
প্রথম দিনের দ্বিতীয় সেশনে ইনিংসের ৩৪তম ওভারটি করছিলেন জসপ্রীত বুমরাহ। তাঁর একটি ডেলিভারি বাম দিকে ডাইভ দিয়ে আটকাতে গিয়েছিলেন পন্থ। তখনই তাঁর বাম তর্জনীতে চোট লাগে ও ব্যথায় কাতর হয়ে পড়েন তিনি। বলটি অবশ্য ধরতে সক্ষম হয়েছিলেন ঋষভ।
সহ-অধিনায়ক চোট পাওয়ার পরই টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফরা ছুটে এসে চিকিৎসা শুরু করেন। ফিজিও হাতে স্প্রেও করেন। সেই সময় কিছুক্ষণ খেলা বন্ধও ছিল। এরপর ঋষভ উইকেটরক্ষকের দস্তানা হাতেও পড়েন। কিন্তু ফের তিনি ব্যথায় হাত ঝাঁকাতে শুরু করেন যন্ত্রণাক্লিষ্ট মুখে। কোনও মতে শেষ করেন বুমরাহর ওভার। এরপরই তিনি সাপোর্টস্টাফদের সঙ্গে মাঠের বাইরে চলে যান। জানা গিয়েছে, ড্রেসিংরুমে যাওয়ার পর ব্যথা অনুভব করেছেন পন্থ। তবে লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে তিনি নামবেন কি না, সেই সম্পর্কে টিম ইন্ডিয়া সূত্রে এখনও কিছু জানা যায়নি।