আমরা ব্যাটিংকে শক্তিশালী করার দিকে ঝুঁকে পড়েছিলাম। তবে হ্যাঁ, এই বিষয়গুলি আমরা সফরের শেষে বিবেচনা করব।

কুলদীপ যাদব ও মর্নি মরকেল
শেষ আপডেট: 4 August 2025 13:06
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজ (England vs India Test Series) এখন শেষ মুহূর্তে। ওভালে (Oval) চলছে পঞ্চম তথা শেষ টেস্ট। আজ পঞ্চম দিন। এই টেস্টে ভারতের হার মানেই সিরিজ জিতে নেবে ইংল্যান্ড। বৃষ্টি বাধা না হয়ে দাঁড়ালে এই টেস্টের ফলাফল যে হচ্ছেই, তা নিশ্চিত। ইংল্যান্ডের জিততে চাই ৩৫ রান, আর ভারতের জয়ের জন্য চাই চারটি উইকেট।
এই ম্যাচের ফলাফল কী হবে, সেই নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনই গোটা সিরিজ জুড়েই ঘোরাফেরা করেছে একটাই প্রশ্ন, কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) কেন খেলানো হল না। আসলে গোটা সিরিজ জুড়ে তিন ফ্রন্টলাইন পেসার স্ট্র্যাটেজিতে খেলেছে ভারত। সেই সঙ্গে কখনও ফাস্ট বোলার-অলরাউন্ডার হিসাবে দেখা গিয়েছে নীতীশকুমার রেড্ডি বা শার্দূল ঠাকুরকে। স্পিন বিভাগের দায়িত্ব সামলেছেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। এই দুই স্পিনারও অলরাউন্ডার। টিম ম্যানেজমেন্টের মনোভাব অনুযায়ী, ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্যই এই পথে হাঁটতে হয়েছে। আর এই কম্বিনেশন ধরে রাখতে গিয়েই খেলানো যায়নি চায়নাম্যান বোলার কুলদীপ যাদবকে। তবে গৌতম গম্ভীরদের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেননা ফ্যানরা। তাঁদের ও অনেক বিশেষজ্ঞের মতে, ইংল্যান্ডের কন্ডিশনে ‘এক্স ফ্যাক্টর’ হয়ে উঠতে পারতেন রিস্ট স্পিনার কুলদীপ।
ওভাল টেস্টের চতুর্থ দিন শেষে সাংবাদিক সম্মেলনে টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মরকেল (Morne Morkel) এই বিষয়ে মুখ খুলেছেন। প্রাক্তন এই প্রোটিয়া তারকা বলেছেন, “সত্যি কথা বলতে গেলে প্রতিটি ম্যাচের আগেই আমাদের মধ্যে এই বিষয় নিয়ে কথা হয়েছে। টেস্টের শুরুতে উইকেটের প্রকৃতি এবং প্রথম দিকের ওভারহেড কন্ডিশনের কথা বিবেচনা করে, আমরা অনুভব করেছিলাম অতিরিক্ত ব্যাটার নিয়ে মাঠে নামা গুরুত্বপূর্ণ। গত কয়েকটি ম্যাচে, আমাদের চতুর্থ পেসার খুব বেশি ওভার বল করেনি, এবং ওয়াশি (ওয়াশিংটন) এবং জাদেজা উভয়ই দীর্ঘ স্পেলে বোলিং করতে পারে। তাই আমরা ব্যাটিংকে শক্তিশালী করার দিকে ঝুঁকে পড়েছিলাম। তবে হ্যাঁ, এই বিষয়গুলি আমরা সফরের শেষে বিবেচনা করব। আমরা ভেবে দেখব যে, ক্ষেত্রগুলি আমরা ভিন্নভাবে পরিচালনা করতে পারতাম কি না।”
চলতি সিরিজের আগে অনেকেই মনে করেছিলেন, কুলদীপ ইংল্যান্ড সফরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। কিন্তু দল তাঁকে কোনও সুযোগ না দিয়ে অলরাউন্ডারদের ওপর ভরসা করেছে।