প্রথমবারের মতো, ভারত একটি টেস্ট ম্যাচে প্রতিপক্ষ দলের ১২ জন ব্যাটারকে বোল্ড আউট করে প্যাভিলিয়নে পাঠাল।

রবীন্দ্র জাদেজা ও বেন স্টোকস
শেষ আপডেট: 15 July 2025 15:31
দ্য ওয়াল ব্যুরো: লর্ডস টেস্টে ইংল্যান্ড ভারতকে (England vs India Third Test, Lords) ২২ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে। টিম ইন্ডিয়া হারলেও ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেল-এন্ডাররা যে লড়াই চালিয়েছে তা সর্বত্র প্রশংসিত হচ্ছে। রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ মাটি কামড়ে পড়ে থেকে মেন ইন ব্লুজকে জেতাতে যথাসাধ্য চেষ্টা করেছিলেন। কিন্তু ২২ রানে হেরে যায় ভারত। জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে দ্বিতীয় ইনিংসে নেমেছিল ভারত। কিন্তু তাদের ইনিংস শেষ হয়ে যায় ১৭০ রানে। ২২ রানে হেরে গিয়ে সিরিজে ১-২ ব্যাবধানে পিছিয়ে পড়েছে শুভমান ব্রিগেড।
লর্ডসে ভারতীয় বোলারদের দুরন্ত পারফরম্যান্স
হেরে গেলেও ভারতীয় বোলাররা লর্ডসে দুর্দান্ত পারফর্ম করেছেন। টিম ইন্ডিয়ার বোলিং ব্রিগেড লর্ডস টেস্টে একটি বিরল কৃতিত্বও অর্জন করেছেন। টিম ইন্ডিয়া ৯৩ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে। প্রথমবারের মতো, ভারত একটি টেস্ট ম্যাচে প্রতিপক্ষ দলের ১২ জন ব্যাটারকে বোল্ড আউট করে প্যাভিলিয়নে পাঠাল। এর আগে ২০২৪ সালে, ভারত হায়দরাবাদে ইংল্যান্ডের ১০ জন খেলোয়াড়কে বোল্ড আউট করেছিল।
লর্ডসে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে অবশ্য মোট ১৫ জন বোল্ড আউট হয়েছেন। ইংল্যান্ডের রয়েছেন ১২ জন এবং ভারতের তিনজন। এটিও একটি রেকর্ড। একবিংশ শতাব্দীতে প্রথমবারের মতো, একটি টেস্টে এত খেলোয়াড়কে বোল্ড করা হল।
এরপরেই অবশ্য এই রেকর্ডে ভাগ বসায় জ্যামাইকার কিংস্টনে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া টেস্ট। এই দুই দেশের মধ্যে চলতি সিরিজের তৃতীয় টেস্ট সোমবারই সমাপ্ত হয়েছে কিংস্টনে। সেই টেস্টেও ১৫ জন বোল্ড আউট হয়েছেন।
এর পাশাপাশি লর্ডস টেস্টে ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসও রেকর্ড বুকে নাম তুলেছেন।
ইংল্যান্ডে টানা চারটি ইনিংসে অর্ধশতক জাদেজার
লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে জাদেজা করেছেন অপরাজিত ৬১ রান। সেই সঙ্গে তিনি প্রথম ইনিংসেও করেছিলেন ৭২ রান। পাশাপাশি এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে তিনি ৮৯ রান এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৬৯ রান করেছিলেন। ইংল্যান্ডে টানা চার বা তার বেশি ৫০+ স্কোর করা তৃতীয় ভারতীয় এখন সৌরাষ্ট্রের এই ক্রিকেটার। এর আগে, ঋষভ পন্থ টানা পাঁচটি ৫০+ স্কোর করেছিলেন ও সৌরভ গঙ্গোপাধ্যায় ২০০২ সালে টানা চারটি ৫০+ স্কোর করেছিলেন।
লর্ডসে জাদেজা ১৫০ বলে তাঁর অর্ধশতক পূর্ণ করেন, যা টেস্টে তাঁর সবচেয়ে ধীরতম হাফসেঞ্চুরি ছিল। এটি ছিল এই সিরিজের সবচেয়ে ধীরতম অর্ধশতকও। শুধু তাই নয়, লর্ডসে একই টেস্টে দু’টি অর্ধশতক করা ভারতের প্রথম লোয়ার অর্ডার ব্যাটার (ছয় নম্বর থেকে ১১ নম্বরে) হয়েছেন জাদেজা। তাঁর আগে, লর্ডসে ইংল্যান্ড ছাড়া অন্য দেশের চার ব্যাটার এই কাজটি করেছেন।
ইংল্যান্ডে ভারতের হয়ে টানা চারটি ৫০+ স্কোর
খেলোয়াড় | সংখ্যা | সময়কাল |
|---|---|---|
ঋষভ পন্থ | ৫ | ২০২১–২০২৫ |
সৌরভ গঙ্গোপাধ্যায় | ৪ | ২০০২ |
রবীন্দ্র জাদেজা | ৪* | ২০২৫ |
লর্ডসে এক টেস্টের উভয় ইনিংসে লোয়ার অর্ডার বিদেশির ৫০+ স্কোর
প্রথম ইনিংস | দ্বিতীয় ইনিংস | ব্যাটসম্যান | বছর |
|---|---|---|---|
৫৫ | ৫৫ | ভিক পোলার্ড (নিউজিল্যান্ড) | ১৯৬৫ |
১১১ | ৯৪ | দিলীপ মেন্ডিস (শ্রীলঙ্কা) | ১৯৮৪ |
৫৩ | ৫২ | জেফ ডুজন (ওয়েস্ট ইন্ডিজ) | ১৯৮৮ |
৮১ | ৯৫ | গাস লোগি (ওয়েস্ট ইন্ডিজ) | ১৯৮৮ |
৭২ | ৬১* | রবীন্দ্র জাদেজা (ভারত) | ২০২৫ |
ইংল্যান্ডে সর্বাধিক রান (৭ থেকে ১১ নম্বর ব্যাটার)
জাদেজা হলেন দ্বিতীয় ভারতীয় ব্যাটার যিনি লর্ডসে উভয় ইনিংসে ৫০+ রান করেছেন। তাঁর আগে, ভিনু মানকড় ১৯৫২ সালে এই কাজটি করেছিলেন। মানকড় লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৭২ রান এবং দ্বিতীয় ইনিংসে ১৮৪ রান করেছিলেন। ৭ম থেকে ১১ নম্বর ব্যাটারদের মধ্যে, জাদেজা ইংল্যান্ডে সর্বোচ্চ রান সংগ্রাহক বিদেশি খেলোয়াড় হয়ে উঠেছেন। ইংল্যান্ডে ১৩টি ম্যাচের ২৩ ইনিংসে ৩৭.৬৫ গড়ে ৭৫৩ রান করেছেন তিনি। এই ক্ষেত্রে তিনি অস্ট্রেলিয়ার রড মার্শের রেকর্ড ভেঙেছেন। রড মার্শ ২০টি টেস্টের ৩২ ইনিংসে ২৫.১৩ গড়ে ৭২৯ রান করেছিলেন।
লর্ডস টেস্টের উভয় ইনিংসে ৫০+ রান করা ভারতীয় ব্যাটারদের তালিকা
ব্যাটসম্যান | বছর | প্রথম ইনিংস | দ্বিতীয় ইনিংস |
|---|---|---|---|
ভিনু মানকড় | ১৯৫২ | ৭২ | ১৮৪ |
রবীন্দ্র জাদেজা | ২০২৫ | ৭২ | ৬১* |
ইংল্যান্ডে একজন বিদেশি লোয়ার অর্ডার ব্যাটারের সর্বোচ্চ রান
ব্যাটার | ইনিংস | রান | গড় | ১০০/৫০ |
|---|---|---|---|---|
রবীন্দ্র জাদেজা | ২৩ | ৭৫৩ | ৩৭.৬৫ | ১/৫ |
রড মার্শ | ৩২ | ৭২৯ | ২৫.১৩ | ০/৬ |
কপিল দেব | ১৯ | ৬৩৮ | ৩৭.৫২ | ১/৪ |
ইয়ান হিলি | ২২ | ৫৮২ | ৩০.৬৩ | ১/৩ |
প্লেয়ার অব দ্য ম্যাচ স্টোকস
রেকর্ড বুকে নাম তুলেছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসও। ১৪ জুলাই তারিখটি অবশ্য তাঁর জন্য বিশেষ। ২০১৯ সালে, ১৪ জুলাই ইংল্যান্ড বিশ্বকাপ জিতেছিল। স্টোকস ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছিলেন। ঠিক ছয় বছর আগে, ১৪ জুলাই ২০১৯ তারিখে একই লর্ডসের মাঠে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ফাস্ট বোলার জোফরা আর্চার সুপার ওভার বল করেছিলেন এবং চার বছরেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেটে ফিরে এসে সোমবার আবারও ৫৫ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়ে ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
স্টোকস নিজে এই টেস্টের উভয় ইনিংস মিলিয়ে ৭৭ রান করেছেন এবং পাঁচটি উইকেট নিয়েছেন। এই পারফরম্যান্সের জন্য তাঁকে ম্যাচ সেরার পুরষ্কার দেওয়া হয়। লর্ডসে টেস্টে এটি তাঁর চতুর্থ প্লেয়ার অব দ্য ম্যাচের পুরষ্কার, যা একটি রেকর্ড।
স্টোকস লর্ডসে চতুর্থবারের মতো প্লেয়ার অব দ্য ম্যাচ
বছর | বিরুদ্ধে | পারফরম্যান্স |
|---|---|---|
২০১৫ | নিউজিল্যান্ড | ১৯৩ রান এবং ৩ উইকেট |
২০১৭ | ওয়েস্ট ইন্ডিজ | ৬০ রান এবং ৬ উইকেট |
২০১৯ | অস্ট্রেলিয়া | ১২৮ রান |
২০২৫ | ভারত | ৭৭ রান এবং ৫ উইকেট |
পিটারসনকে অতিক্রম করলেন স্টোকস
টেস্টে স্টোকসের এটি ছিল ১১তম প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার। ইংল্যান্ডের হয়ে টেস্টে জো রুট এবং ইয়ান বোথাম তাঁর চেয়ে বেশি প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন। রুট ১৩ বার এবং বোথাম ১২ বার এটি জিতেছেন। স্টোকস অবশ্য পিটারসন এবং ব্রডকে ছাড়িয়ে গিয়েছেন। তাঁরা দুজনেই ১০ বার করে এই পুরস্কার জিতেছিলেন।