ঋষভ কেবল ড্রেসিংরুমের প্রতিটি খেলোয়াড়কেই নয়, পরবর্তী প্রজন্মের তারকাদেরও অনুপ্রাণিত করেছেন।

টিম ইন্ডিয়া ড্রেসিংরুমে গৌতম গম্ভীর
শেষ আপডেট: 28 July 2025 16:08
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজের (England vs India Test Series) চতুর্থ ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করার সময় পায়ে মারাত্মক চোট পেয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এর ফলে তাঁর ডান পায়ের মেটাটারসাল হাড় ভেঙে যায়। এরপরও অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়ে দলের বিপদ দেখে প্রথম ইনিংসে ফের ব্যাট করতে নামেন। যদিও তিনি চোট পাওয়ার পর উইকেটরক্ষকের ভূমিকা পালন করতে পারেননি।
ঋষভের চোটের গুরুত্ব এতটাই যে, চিকিৎসকরা তাঁকে অন্তত ছয় সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন। এর ফলে ওভালে অনুষ্ঠিত পঞ্চম টেস্ট খেলতে পারবেন না ঋষভ। তবে টিম ইন্ডিয়া শিবির ছাড়ার আগে পন্থ তাঁর সতীর্থদের উদ্দেশে এক আবেগঘন বার্তা পাঠিয়েছেন। বিসিসিআই ইনস্টাগ্রামে পন্থের সেই বার্তার ভিডিও পোস্ট করেছে।
ভিডিওতে পন্থকে বলতে দেখা গিয়েছে, "আমার দলকে আমি একটাই বার্তা দিতে যাচ্ছি, চলো, আমরাও জিততে পারি বন্ধুরা। দেশের জন্য এটা করে দেখাই। ব্যক্তিগত লক্ষ্য নিয়ে চিন্তা না করে আমাদের এগিয়ে নিয়ে যেতে হব দলকে, জেতাতে হবে। আমিও সেটাই চেয়েছিলাম। অবশ্যই, সকলে যেভাবে আমাকে সমর্থন করেছে তা অসাধারণ। দল চাপের মধ্যে আছে। সবকিছুই আছে, কিন্তু যখন পুরো দেশ একই কারণে তোমাদের পিছনে দাঁড়ায়, তখন সেটাই কিছু একটা। সেই আবেগ ব্যাখ্যা করা কঠিন, আমার দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।"
ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ থেকে আনুষ্ঠানিকভাবে পন্থকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচকরা তাঁর পরিবর্তে এন জগদীশনকে বেছে নিয়েছেন। তবে ধ্রুব জুরেলই সম্ভবত ওভালে উইকেটরক্ষকের দায়িত্ব সামলাবেন।
পন্থকে নিয়ে আবেগতাড়িত হয়ে পড়েছেন টিম ইন্ডিয়ার হেডস্যার গৌতম গম্ভীরও। গৌতিকে সাধারণত খুব একটা আবেগপ্রবণ হতে দেখা যায় না। ব্যক্তিকে প্রাধান্য না দিয়ে তিনি বরাবরই গুরুত্ব দেন দলগত পারফরম্যান্সের উপর। কিন্তু ঋষভকে নিয়ে এবার গম্ভীরকেও উল্টোপথে হাঁটতে দেখা গেল। রবিবার তিনি তাঁর নিজস্ব দর্শনের বিরুদ্ধে গিয়ে ড্রেসিং রুমে এক আলোড়ন সৃষ্টিকারী বক্তব্য রেখেছেন। বক্তব্যে তিনি ঋষভ পন্থের সাহসী প্রচেষ্টাকে অভিবাদন জানান। পন্থ চোটের সঙ্গে লড়াই করে ম্যাঞ্চেস্টারে ভারতকে ড্র নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই ফলাফল কেবল চলতি সিরিজকেই বাঁচিয়ে রাখেনি, বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ওভালে নির্ণায়ক ম্যাচটির গুরুত্বও বাড়িয়ে দিয়েছে।
অফিশিয়াল ‘ইন্ডিয়ান ক্রিকেট টিম’ ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, ড্রেসিংরুমে গম্ভীর পন্থকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, গম্ভীর বলছেন, ঋষভ কেবল ড্রেসিংরুমের প্রতিটি খেলোয়াড়কেই নয়, পরবর্তী প্রজন্মের তারকাদেরও অনুপ্রাণিত করেছেন।
𝗥𝗶𝘀𝗵𝗮𝗯𝗵 𝗣𝗮𝗻𝘁: 𝗧𝗵𝗿𝗼𝘂𝗴𝗵 𝘁𝗵𝗶𝗰𝗸 𝗮𝗻𝗱 𝘁𝗵𝗶𝗻! 🫡#TeamIndia | #ENGvIND | @RishabhPant17 | @Sundarwashi5 | @GautamGambhir
Watch 🔽— BCCI (@BCCI) July 28, 2025
/span>
গম্ভীর বলেছেন, “এই টেস্ট দলের ভিত্তি হবে ঋষভ। এই দলের জন্য ও যা করেছে, তা তুলনাহীন। আমি ব্যক্তিদের নিয়ে কথা বলতে ঘৃণা করি। আমি কখনও টিম গেমে ব্যক্তিদের নিয়ে কথা বলিনি। তুমি (ঋষভ পন্থ) কেবল এই ড্রেসিং রুমকেই নয়, পরবর্তী প্রজন্মকেও অনুপ্রাণিত করেছ। তুমি যা করেছ এবং নিজের জন্য এবং এই ড্রেসিং রুমের সকলের জন্য যে উত্তরাধিকার তৈরি করেছ তা তুমিই করেছ। খুব ভাল কাজ। দেশ সবসময় তোমার জন্য গর্বিত থাকবে।”