দিনের প্রথম সেশনেই তিন অঙ্ক ছুঁলেন ইংল্যান্ড অধিনায়ক, যা টেস্টে টানা দুই বছর ও ৩৫ ইনিংস পর তাঁর প্রথম।

বেন স্টোকস
শেষ আপডেট: 26 July 2025 17:51
দ্য ওয়াল ব্যুরো: বেন স্টোকসের (Ben Stokes) অধিনায়কত্ব ও বোলার হিসাবে তাঁর দায়িত্ব পালন নিয়ে কোনও দিন কোনও প্রশ্ন ওঠেনি। কিন্তু সম্প্রতিকালে তাঁর ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। আসলে গত দুই বছরে টেস্টে শতকের মুখ দেখেননি ইংল্যান্ডের লাল বলের অধিনায়ক। কিন্তু শনিবার ম্যাঞ্চেস্টারে সেঞ্চুরি হাঁকিয়ে সমালোচকদের চুপ করিয়ে দিলেন স্টোকস।
এজবাস্টনে অনুষ্ঠিত ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজের (England-India Test Series) দ্বিতীয় ম্যাচের পর তাঁর ব্যাটিং নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল আথারটন। তিনি বলেছিলেন, স্টোকস তো শুধু টেস্ট খেলেন, তাতেও যদি সিরিজের পর সিরিজ সেঞ্চুরি না থাকে, সামর্থ্য নিয়ে তো প্রশ্ন উঠবেই।
আজ ভারতের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ড টেস্টের চতুর্থ দিনে সেই প্রশ্নেরই যেন জবাব দিলেন বেন স্টোকস। দিনের প্রথম সেশনেই তিন অঙ্ক ছুঁলেন ইংল্যান্ড অধিনায়ক, যা টেস্টে টানা দুই বছর ও ৩৫ ইনিংস পর তাঁর প্রথম।
সেই ২০২৩ সালের জুনে অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডসে ১৫৫ রানের ইনিংস খেলেছিলেন স্টোকস। সেটি ছিল টেস্টে তাঁর ১৩তম সেঞ্চুরি। অবশেষে এদিন তাঁর ব্যাট থেকে এল ১৪তম শতক।
স্টোকস পাশাপাশি নাম লিখিয়েছেন অলরাউন্ড কীর্তির এক বিরল তালিকায়। ইয়ান বোথাম, টনি গ্রেগ ও গাস অ্যাটকিনসনের পর ইংল্যান্ডের চতুর্থ খেলোয়াড় হিসাবে এক টেস্টে ইনিংসে ৫ উইকেটের সঙ্গে করেছেন সেঞ্চুরি।
স্টোকসের আগে টেস্টে ৫ উইকেট ও সেঞ্চুরি- দু’টিই পাওয়া অধিনায়কেরা হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ডেনিস অ্যাটকিসন (১৯৫৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে) ও গ্যারি সোবার্স (১৯৬৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে), পাকিস্তানের মুস্তাক মহম্মদ (১৯৭৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) ও ইমরান খান (১৯৮৩ সালে ভারতের বিপক্ষে)।
স্টোকসের ব্যাটিংয়ে ভর করে রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। এদিন তাঁকে যোগ্য সঙ্গত করেন ব্রাইডন কার্স। ভারতীয় বোলিংকে হেলায় উড়িয়ে প্রথম ইনিংসে ৬৬৯ রান তুলেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসের লিড ৩১১ রানের।
তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ৭ উইকেট হারিয়ে ৫৪৪। চতুর্থ দিনের শুরুতে বুমরাহর বলে লিয়াম ডসন (২৬) আউট হলেও ইংল্যান্ড অধিনায়ক ছিলেন অপ্রতিরোধ্য। ১৬৪ বলে দুর্দান্ত শতরান হাঁকান স্টোকস। ব্রাইডন কার্সকে সঙ্গে নিয়ে ৯৫ রানের পার্টনারশিপ গড়েন তিনি।
জাদেজার বলে সাই সুদর্শনের হাতে ক্যাচ দিয়ে ১৪১ রানে আউট হন স্টোকস। ইংল্যান্ডের রান তখন ৬৫৮। নবম উইকেটের পতন হয় ইংল্যান্ডের। এরপর অবশ্য ইংল্যান্ডের ইনিংস দীর্ঘায়িত হয়নি। আর মাত্র ১১ রান যোগ করে ৬৬৯ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। ভারতের হয়ে চারটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। জসপ্রীত বুমরাহ ও ওয়াশিংটন সুন্দর নিয়েছেন দু’টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে মোটেও স্বস্তিতে নেই টিম ইন্ডিয়া। শূন্য রানেই পতন হয় দুই উইকেটের। খাতা না খুলেই ফিরে যান যশস্বী জয়সওয়াল। কোনও রান করেই আউট হন সাই সুদর্শন। ভারতের সামনে এখন ইনিংস হারের ভ্রুকূটি।