তিনি বিশ্বের প্রথম পরিবর্ত উইকেটরক্ষক হিসাবে এক ইনিংসে দু’জন ব্যাটারকে স্টাম্প করেছেন।

ধ্রুব জুরেল
শেষ আপডেট: 26 July 2025 17:13
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড-ভারত চতুর্থ টেস্টের (England vs India Fourth Test) চতুর্থ দিনে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। পরাজয়ের ভ্রুকূটি ক্রমশ যখন টিম ইন্ডিয়াকে গ্রাস করছে, তখন এমন এক নজির সৃষ্টি করলেন ধ্রুব জুরেল, তা আগে কখনও ঘটেনি। চোট পাওয়া ঋষভ পন্থের পরিবর্তে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে গিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে নাম তুলে ফেললেন জুরেল।
ইংল্যান্ড সফরে এমনিতেই পিছিয়ে রয়েছে ভারত। পাশাপাশি চতুর্থ টেস্টের যা গতিবিধি, তাতে এই ম্যাচেও ভারতের হার এড়ানো কঠিন। ম্যাঞ্চেস্টারে গিল ব্রিগেডের হার মানেই সিরিজ চলে যাবে বেন স্টোকসদের পকেটে। ভারতীয় দলের চাপ আরও বাড়িয়ে দিয়েছে চোট। আকাশ দীপ, নীতীশকুমার রেড্ডি ও অর্শদীপ সিং চোটের জন্য বাইরে।
লর্ডস টেস্টেও উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ চোট পেয়েছিলেন। এমন পরিস্থিতিতে ধ্রুব জুরেল তাঁর জায়গায় উইকেটরক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। চতুর্থ টেস্টেও পন্থ চোট পান। এমন পরিস্থিতিতে আবারও ধ্রুব জুরেলের হাতে ওঠে উইকেটরক্ষকের দস্তানা। ঋষভের পায়ের আঙুলে ফ্র্যাকচার হয়েছে। ব্যাট করতে নামলেও তিনি উইকেটকিপিং করছেন না।
পন্থের জায়গায় উইকেটকিপিংয়ের দায়িত্ব পালনকারী ধ্রুব জুরেল ম্যাঞ্চেস্টার টেস্টে ইতিহাস সৃষ্টি করেছেন। একাদশে জায়গা না পাওয়া এই খেলোয়াড় ঐতিহাসিক ওল্ড ট্র্যাফোর্ডে অসাধারণ উইকেটকিপিং করছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের তৃতীয় দিনে ধ্রুব জুরেল গড়েছেন বিশ্বরেকর্ড।
তিনি বিশ্বের প্রথম পরিবর্ত উইকেটরক্ষক হিসাবে এক ইনিংসে দু’জন ব্যাটারকে স্টাম্প করেছেন। এর আগে পরিবর্ত হিসাবে নেমে কোনও উইকেটরক্ষকই একজনের বেশি ব্যাটারকে স্টাম্প করতে পারেননি।
ওয়াশিংটন সুন্দরের ৮১তম ওভারের প্রথম বলে জুরেল হ্যারি ব্রুককে ৩ রানে স্টাম্প আউট করেন। এরপর রবীন্দ্র জাদেজার ১২০তম ওভারের দ্বিতীয় বলে জুরেল জো রুটকে ১৫০ রানে স্টাম্প আউট করেন। দু’টি স্টাম্প আউট ছাড়াও জুরেল ইংল্যান্ডের প্রথম ইনিংসে এখন পর্যন্ত উইকেটের পিছনে দু’টি ক্যাচও নিয়েছেন।
পাশাপাশি জুরেল এখন ভারতের হয়ে টেস্টের এক ইনিংসে পরিবর্ত উইকেটরক্ষক হিসাবে সর্বাধিক (চারটি) ডিসমিসালকারী খেলোয়াড়। এক্ষেত্রে তিনি নিজের রেকর্ডই ভেঙেছেন। এর আগে, লর্ডসে খেলা তৃতীয় টেস্টে ধ্রুব জুরেল উইকেটের পিছনে ৩টি ডিসমিসাল করেছিলেন।