সাউদি ভারতীয় অধিনায়ক শুভমান গিলকে লক্ষ্য করে বলেছেন, গিলও ব্যাটিংয়ের সময় অনেকবার এই ধরনের আঘাতের কৌশল অবলম্বন করেছিলেন।

ক্রলি এবং গিল
শেষ আপডেট: 13 July 2025 12:50
দ্য ওয়াল ব্যুরো: টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয়বারের মতো একই রানে প্রথম ইনিংস শেষ করল দুই দল। ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজের তৃতীয়টি (England vs India Third Test) অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক লর্ডসে (Lords)। আর সেখানেই ঘটেছে এই ব্যতিক্রমী ঘটনা।
লর্ডসে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তাদের প্রথম ইনিংস শেষ হয় ৩৮৭ রানে। এরপর ভারতের প্রথম ইনিংসও শেষ হয় একই রানে (৩৮৭)। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তৃতীয় দিন শেষ করেছে কোনও উইকেট না হারিয়ে দুই রানে।
তবে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শুরুতেই দেখা দেয় বিতর্ক। এমনিতেই লর্ডস টেস্ট বিতর্কবহুল ডিউকস বল নিয়ে। এবার তার সঙ্গে হল নতুন সংযোজন। ভারত অভিযোগ তুলেছে, ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় বেশি ওভার খেলা এড়াতে, তাঁদের ব্যাটাররা আহত হওয়ার ভান করতে শুরু করেন। যা দেখে রীতিমতো ক্ষুব্ধ ভারত অধিনায়ক শুভমান গিল ((Shubman Gill) ক্ষুব্ধ হন।
Shubman Gill & Co. didn’t come to be played around, 𝙠𝙮𝙪𝙣𝙠𝙞 𝙔𝙚 𝙨𝙚𝙚𝙠𝙝𝙣𝙚 𝙣𝙖𝙝𝙞, 𝙨𝙞𝙠𝙝𝙖𝙣𝙚 𝙖𝙖𝙮𝙚 𝙝𝙖𝙞𝙣!#ENGvIND 👉 3rd TEST, DAY 4 | SUN 13th JULY, 2:30 PM | Streaming on JioHotstar pic.twitter.com/ix13r7vtja
— Star Sports (@StarSportsIndia) July 12, 2025 span>
আসলে সেই সময় ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রলি (Zak Crawley) আহত হওয়ার ভান করে সময় নষ্ট করছিলেন। ক্ষুব্ধ গিল সে সময় 'ইমপ্যাক্ট সাবস্টিটিউট'-এর ইঙ্গিত দিয়ে ক্রলির পরিবর্তে একজন খেলোয়াড়কে মাঠে নামার জন্য অনুরোধ করেন এবং ইংল্যান্ড দলকে কটাক্ষও করেন। এখন এই বিষয়টি আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশ্বজুড়ে ক্রিকেটার এবং সমর্থকরা এতে প্রতিক্রিয়াও জানাচ্ছেন।
এই প্রসঙ্গে ইংল্যান্ড দলের বোলিং পরামর্শদাতা টিম সাউদি (Tim Southee) একটি বিবৃতি দিয়েছেন। নিউজিল্যান্ডের এই প্রাক্তন পেসার ভারতীয় অধিনায়ক শুভমান গিলকে লক্ষ্য করে বলেছেন, গিলও ব্যাটিংয়ের সময় অনেকবার এই ধরনের আঘাতের কৌশল অবলম্বন করেছিলেন। উদাহরণ দিয়ে সাউদি বলেন, লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে, গিল কেন মাঠেই ম্যাসাজ নিয়েছিলেন, তা জানা যায়নি।
এদিকে প্রথম ইনিংসে শতরানকারী ভারতের ওপেনারকেএল রাহুল বলেছেন, ভারতীয় ফিল্ডার এবং হোম দলের ওপেনারদের মধ্যে উত্তপ্ত তর্কই টেস্ট ক্রিকেটে একটি কঠিন ম্যাচের মূল কথা।
পুরো ব্যাপারটা কী?
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে জসপ্রীত বুমরাহর রান আপের পর ক্রলি স্ট্রাইক থেকে সরে যান। বুমরাহও আম্পায়ারের কাছে এই বিষয়ে অভিযোগ করেন। পরের বলটি ক্রলি খেলেন সোজা ব্যাট দিয়ে। আর এরপরই তিনিএমন ভান করেন যে, আঙুলে চোট পেয়েছেন। এতে ভারতীয় খেলোয়াড়রা তাঁকে ঘিরে ধরেন। ক্রলির এই অ্যাকশনে কিছু খেলোয়াড় হাততালিও দিতে থাকেন। তখন ভারতীয় অধিনায়ক শুভমান গিল তাঁর কাছে এসে হাততালি দিয়ে ক্রলিকে ইমপ্যাক্ট সাব ইশারা করে ফিরে যেতে বলেন। এতে ক্রলিও রেগে যান এবং কিছু বলতে শুরু করেন।
এখানেই অবশ্য শেষ হয়নি নাটকীয়তার। এরপর গিলও আঙুল দেখিয়ে ক্রলিকে সতর্ক করেন। এতে বেন ডাকেটও গিলের কাছে পৌঁছন এবং তাঁকে কিছু বলতে দেখা যায়। গিলও তাঁকে উপযুক্ত জবাব দেন।
টিম সাউদি কী বললেন?
টিম সাউদি এই বিষয়ে একটি বিবৃতি দিয়ে বলেন, “এটা ভাল। শেষ পর্যন্ত উভয় দলের উৎসাহ দেখে সবসময়ই রোমাঞ্চকর লাগে। দ্বিতীয় দিনের খেলার মাঝখানে, যখন গিল মাঠের মাঝখানে শুয়ে ম্যাসাজ করাচ্ছিলেন, তখন আমি জানি না তিনি কী অভিযোগ করছিলেন। এটা স্পষ্টতই খেলার অংশ। দিনের শেষে, দিন শেষ করার এটি একটি উত্তেজনাপূর্ণ উপায়।”
ক্রলির চোট সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, সাউদি মজার ভঙ্গিতে উত্তর দেন। তিনি বলেন, “হ্যাঁ, ক্রলির রাত্রে পরীক্ষা করা হবে। আশা করি তিনি চতুর্থ দিন খেলতে এবং ব্যাট করতে আসার জন্য সুস্থ হয়ে উঠবেন।”
রাহুল কী বললেন?
রাহুল বলেন, তিনি ক্রলির কৌশল বুঝতে পেরেছিলেন, কারণ তিনি নিজেও একজন ওপেনার। কেএল বলেন, “তৃতীয় দিনের শেষে যা ঘটেছিল তা এখন খেলারই অংশ। আমি একজন ওপেনারের দৃষ্টিকোণ থেকে সেটা ভালই বুঝতে পারি। আমি ঠিক কী ঘটছিল তা জানি এবং সবাই ঠিকই জানেন। কিন্তু একজন ওপেনার শেষ পাঁচ মিনিটে কী ঘটেছিল তা পুরোপুরি বুঝতে পারবেন।”
রাহুল আরও বলেছেন, “স্পষ্টতই আমরা দু’টি ওভার বল করতে চেয়েছিলাম। ছয় মিনিট বাকি ছিল এবং দু’টি ওভার বল করা বড় কথা নয়। যেকোনও দল ছয় মিনিটে দু’টি ওভার বল করে দেবে। দিনের শেষের দিকে একটু নাটকীয়তা ছিল। আমরা সবাই উত্তেজিত ছিলাম। কারণ আমরা জানি যে, একজন ব্যাটারের জন্য সারাদিন মাঠে থাকার পর দিন শেষে দুই ওভার ব্যাট করা কতটা কঠিন। আমরা আশা করেছিলাম, একটি উইকেট নিতে পারব।দিনের খেলা শেষে একটি উইকেট আমাদের জন্য নিখুঁত হত।”