৮ বছর পর ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলতে দেখা যাবে লিয়াম ডসনকে। এর আগে, তিনি ২০১৭ সালে নটিংহ্যামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি শেষ টেস্টটি খেলেছিলেন।

লিয়াম ডসন
শেষ আপডেট: 22 July 2025 16:43
দ্য ওয়াল ব্যুরো: অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে ইতিমধ্যে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া। পাঁচ টেস্টের সিরিজের (England vs India Test Series) চতুর্থটি বুধবার থেকে শুরু হবে ম্যাঞ্চেস্টারে (Manchester)। এই টেস্টের আগে চোটে জর্জরিত ভারতীয় শিবির। গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন নীতীশকুমার রেড্ডি। পাশাপাশি চোট পেয়েছেন এজবাস্টন টেস্টের নায়ক আকাশ দীপ। তিনি চতুর্থ টেস্টে খেলতে পারবেন কি না, সেই নিয়ে সন্দেহ রয়েছে। পাশাপাশি চোট রয়েছে পেসার অর্শদীপেরও।
এই আবহে ভারতের প্রথম একাদশ কী হবে, সেই নিয়ে চলছে নানা জল্পনা। তবে টিম ইন্ডিয়া ম্যাচের দিন টসের আগে তাদের প্রথম একাদশ ঘোষণা করে। আর ইংল্যান্ড ম্যাচের আগের দিনই ঘোষণা করে দেয় তাদের প্লেয়িং ইলেভেন। সেই প্রথা অনুযায়ী মঙ্গলবার তাদের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড।
লর্ডসে ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশিরের (Shoaib Bashir) বলেই স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল ভারতের। তাঁর বলেই আউট হন মহম্মদ সিরাজ। মাত্র ২২ রানে হেরে যায় টিম ইন্ডিয়া। তবে ম্যাঞ্চেস্টারে বশিরকে ছাড়াই নামতে হবে ইংল্যান্ডকে। এই স্পিনারের চোট রয়েছে বলে জানা গিয়েছে।
বশিরকে ছাড়াই ইংল্যান্ড এদিন তাদের প্রথম একাদশ ঘোষণা করেছে। তাঁর পরিবর্তে বাঁহাতি স্পিনার লিয়াম ডসনকে সুযোগ দেওয়া হয়েছে। বাকি ১০ জন খেলোয়াড়ই লর্ডস টেস্টে খেলেছিলেন।
৮ বছর পর টেস্ট খেলবেন ডসন
৮ বছর পর ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলতে দেখা যাবে লিয়াম ডসনকে। এর আগে, তিনি ২০১৭ সালে নটিংহ্যামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি শেষ টেস্টটি খেলেছিলেন। ২০১৬ সালে চেন্নাইয়ের মাঠে ভারতের বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক হয়েছিল। লিয়াম ডসন এখনও পর্যন্ত মাত্র ৩টি টেস্ট খেলে ৭টি উইকেট নিয়েছেন।
বশির লর্ডস টেস্টের প্রথম ইনিংসে বোলিং করার সময় আহত হয়েছিলেন। রবীন্দ্র জাদেজাকে বল করার সময় জাড্ডু সামনের দিকে একটি শট খেলেন। বশির বল থামানোর চেষ্টা করতে গিয়ে বাম হাতে চোট পান। ইনিংসে তিনি আর বল করতে পারেননি।
দ্বিতীয় ইনিংসেও অবশ্য বোলিং করেন ইংল্যান্ডের এই স্পিনার। তিনি মহম্মদ সিরাজের উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে ২২ রানের জয় এনে দেন। ম্যাচের পর, মেডিক্যাল টিম তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন।
বশিরের পরিবর্তে স্থান পাওয়া লিয়াম ডসনের প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৭১টি উইকেট রয়েছে। ২০২১ সাল থেকে, তিনি ১২ বার এক ইনিংসে ৫টি উইকেট নিয়েছেন। এর মধ্যে ৩ বার এক ম্যাচে ১০টি উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে তাঁর। তিনি তাঁর কেরিয়ারে ১৫ বার এক ইনিংসে ৫টি উইকেট নিয়েছেন। গত ৫ বছরে তিনি ৯টি সেঞ্চুরিও করেছেন। এই পারফরম্যান্সের জন্য, তিনি ২০২৪ সালে বর্ষসেরা ঘরোয়া খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছিলেন।
গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছেন তিনি। গত ৩ বছরে এটি ছিল তাঁর প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক। যেখানে তিনি মাত্র ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন।
ম্যাঞ্চেস্টার টেস্টের জন্য ইংল্যান্ডের একাদশ:
জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ, লিয়াম ডসন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার এবং ক্রিস ওকস।