গতকালের পারফরম্যান্সের সুবাদে ফের নতুন করে উস্কে উঠেছে অধিনায়কত্বের প্রসঙ্গ। নেতৃত্ব না নেওয়ার বিষয়টি সাংবাদিকরা খুঁচিয়ে তুললেও যথারীতি বীতস্পৃহ বুমরাহ।

জসপ্রীত বুমরাহ
শেষ আপডেট: 23 June 2025 11:12
দ্য ওয়াল ব্যুরো: এন্তার ক্যাচ মিসের পরেও এই নিয়ে দশ বার সেনা দেশে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট দখলের রেকর্ড গড়েছেন বুমরাহ। আগে কোনও ভারতীয় বোলারের এই রেকর্ড নেই। এশিয়ার মধ্যে তিনি দু’নম্বরে। সামনে শুধুমাত্র ওয়াসিম আক্রম (এগারো বার)। ঘরের বাইরে পাঁচ উইকেট দখলের হিসেবে (১২তম বার) কপিল দেবের পরে নিজের নাম লিখলেন বুমরাহ।
প্রসঙ্গত, গতকালের পারফরম্যান্সের সুবাদে ফের নতুন করে উস্কে উঠেছে অধিনায়কত্বের প্রসঙ্গ। নেতৃত্ব না নেওয়ার বিষয়টি সাংবাদিকরা খুঁচিয়ে তুললেও যথারীতি বীতস্পৃহ বুমরাহ। জানিয়ে দেন, আগে দেশ। তারপর নিজের পাওয়া-না পাওয়া। বলেছেন, ‘অধিনায়কত্ব বড় ইস্যু নয়। আমি আমার শরীরে ফোকাস রাখতে চেয়েছিলাম। তাই মেডিক্যাল টিমের সঙ্গেও কথা বলি। অধিনায়ক হয়ে ম্যাচ মিস করে দলকে বিপদে ফেলতে চাইনি। নেতৃত্বে একটা ধারাবাহিকতা থাকা জরুরি। তাই আমি ভেবেছিলাম, যখনই আমি সুস্থ থাকব, খেলোয়াড় হিসেবে ছাপ রাখব। দেশের হয়ে খেলা এবং ম্যাচ জেতার চাইতে কোনও কিছুই বড় নয়।’
হেডিংলের পিচ নিয়ে বুমরাহর ব্যাখ্যা, বাইশ গজ ক্রমশ ব্যাটিং সহায়ক হয়ে উঠছে। পিচ পাটা না হলেও শুভমান গিল, কে এল রাহুলরা যে বড় রান তুলতে পারবেন, সেটাও বুঝিয়ে দেন তিনি। বুমরাহর চোখে, ক্রিজ থেকে তেমন সিম বা সুইং আসছে না। বল সামান্য বাঁক খাচ্ছে মাত্র। দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা ভালভাবে ব্যাট করে বড় রান তুলে বোলারদের সাহায্য করবেন বলে আশা প্রকাশ করেছেন বুমরাহ।