মোট আন্তর্জাতিক উইকেটের দিক থেকে শচীন তেন্ডুলকরকে ছাড়িয়ে গিয়েছেন সিরাজ।

মহম্মদ সিরাজ
শেষ আপডেট: 2 August 2025 17:17
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচটি (England vs India Fifth Test) চলছে ওভালে। তৃতীয় দিনে যশস্বী জয়সওয়াল ও নাইট ওয়াচম্যান আকাশ দীপের দাপটে লাঞ্চের আগেই ভারত দেড়শ রানের বেশি লিড নিয়ে নিয়েছে। জয়সওয়াল যেভাবে খেলছেন তাতে শতক সময়ের অপেক্ষা। এদিকে বঙ্গ পেসার আকাশদীপ পাল্টা বাজবল ধামাকা চালিয়ে কেরিয়ারের প্রথম টেস্ট অর্ধশতকটি তুলে নিয়েছেন।
তবে, এই টেস্টে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ভারতীয় ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) একটি বিশেষ ক্ষেত্রে পিছনে ফেলে দিয়েছেন। ওভাল টেস্টের দ্বিতীয় দিনে অসাধারণ বল করেন সিরাজ। ইংল্যান্ডের প্রথম ইনিংসে তিনি ৮৬ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট। আর এর পরই তিনি মোট আন্তর্জাতিক উইকেটের দিক থেকে শচীন তেন্ডুলকরকে ছাড়িয়ে যান। পাশাপাশি শুক্রবার সিরাজ তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ২০০ উইকেট পূর্ণ করেছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে সিরাজের দুর্দান্ত বোলিংয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পর তাঁর আন্তর্জাতিক উইকেটের সংখ্যা এখন ২০৩। সিরাজ টেস্টে ১১৮টি, ওয়ানডেতে ৭১টি এবং টি-টোয়েন্টিতে ১৪টি উইকেট নিয়েছেন। তেন্ডুলকর তাঁর কেরিয়ারে মোট ২০১টি উইকেট নিয়েছেন (টেস্টে ৪৬, ওয়ানডেতে ১৫৪ এবং টি-টোয়েন্টিতে ১টি)।