ভারতীয় সমর্থকদের আবেগ অন্য জায়গায়। তাঁদের কাছে শুধু ট্রফি জেতা নয়, বরং এই ‘থিয়েট্রিকসে’র জবাব মাঠেই দেওয়ার পণ। শৃঙ্খলা আর দক্ষতার মধ্য দিয়েই বুঝিয়ে দেওয়ার শপথ—প্ররোচনা ক্রিকেটের আসল ছবিকে কখনও ঢেকে দিতে পারে না।

হ্যারিস রউফ
শেষ আপডেট: 26 September 2025 11:40
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের ফাইনাল সামনে। মঞ্চ তৈরি দুবাইয়ে। ময়দান ভারত-পাকিস্তানের (India vs Pakistan) তৃতীয় সংঘাতের জন্য প্রস্তুত। এরই মধ্যে আবারও বিতর্কের আগুনে ঘি ঢালল এক ছোট্ট ভিডিও। যেখানে দেখা গেল, এক পাক সমর্থক হ্যারিস রউফের (Haris Rauf) হাত ধরে বলে উঠছেন—‘ভারতকে ছেড়ো না!’ উসকানিমূলক, প্ররোচনাপূর্ণ এই সংলাপ মুহূর্তে ভাইরাল। ক্ষুব্ধ ভারতীয় সমর্থকরা।
আসলে ফাইনালে ওঠার পথটা পাকিস্তানের খুব একটা মসৃণ ছিল না। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে কার্যত ধুঁকেছেন সলমন আঘারা। ২০ ওভারে কোনওরকমে স্কোরবোর্ডে ওঠে ১৩৫। পরে হাল ধরেন শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) আর রউফ। তাঁদের দুরন্ত বোলিংয়ে ম্যাচ ঘুরে যায়। ১১ রানে জিতে শেষমেশ ভারত-পাক ফাইনালের টিকিট নিশ্চিত করে পাক বাহিনী।
তবে ক্রিকেটের বাইরের চড়া রঙের ছবিটাই বেশি করে চোখে লাগছে। আগের দুই ভারত-পাক ম্যাচেই লড়াই-শেষে হাত মেলাননি দু’দলের কোনও খেলোয়াড়। মাঠে রউফের ‘৬-০’দেখানো কিংবা যুদ্ধবিমানের ভঙ্গি করা নিয়ে ইতিমধ্যেই বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। তার মধ্যে সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan) সরাসরি বন্দুক চালানোর ভঙ্গি করে বিতর্ক বাড়ান। ক্রিকেটের আবহ একেবারেই রাজনৈতিক উত্তেজনায় ঢেকে যায়।
এবার তার সঙ্গে যোগ হল সমর্থকদের উন্মাদনা। ‘বদলা নিতে হবে... ভারতকে ছেড়ো না’ এমন চিৎকারে নতুন করে উসকে উঠছে উত্তেজনা। রউফ নিজে বিষয়টা নিয়ে সরাসরি প্রতিক্রিয়া না দিলেও পাকিস্তানি শিবিরের বার্তা পরিষ্কার—চাপে নয়, ফাইনালে জয়ের লড়াইয়েই ফোকাস তাদের।
অন্যদিকে, ভারতীয় সমর্থকদের আবেগ অন্য জায়গায়। তাঁদের কাছে শুধু ট্রফি জেতা নয়, বরং এই ‘থিয়েট্রিকসে’র জবাব মাঠেই দেওয়ার পণ। শৃঙ্খলা আর দক্ষতার মধ্য দিয়েই বুঝিয়ে দেওয়ার শপথ—প্ররোচনা ক্রিকেটের আসল ছবিকে কখনও ঢেকে দিতে পারে না। রবিবার তাই লড়াই কেবল ব্যাট-বলের নয়। গর্ব, মর্যাদা আর প্রতিপক্ষের উসকানির যোগফল নিয়েও চর্চা চলছে। ভারত কি কেবল কাপ জিতবে? নাকি দেখিয়ে দেবে—অতিরিক্ত নাটক আর সাংকেতিক উচ্ছ্বাস নয়, পারফরম্যান্সের মধ্যেই থাকে সবচেয়ে জোরালো উত্তর?